১২:৫৩ পি.এম
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের নেতৃত্বের বিকাশ এবং তাদের উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি উল্লেখ করেছেন, পরিবর্তনের মূল শক্তি তরুণদেরই হতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) ব্র্যাকের উদ্যোগে আয়োজিত ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই তিন দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করেছেন। এতে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকেরা তাদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন তুলে ধরছেন। পাশাপাশি রয়েছে মতবিনিময়, আলোচনা এবং কর্মশালাসহ বিভিন্ন আয়োজন।
আরও পড়ুন: ‘রকস্টার’-এর গান পছন্দ না হওয়ায় ৮ মাস পারিশ্রমিক পাননি এ আর রহমান
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ সালেহ বলেন, নেটওয়ার্কের অংশ হওয়া যথেষ্ট নয়, বরং এটিকে কার্যকর কমিউনিটিতে পরিণত করতে হবে। তিনি বলেন, নেটওয়ার্কের মাধ্যমে অনেক মানুষকে চেনা যায়, কিন্তু কমিউনিটি হলো এমন একটি জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জীবনের নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা তাকে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের বাইরে থেকেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
আসিফ সালেহ বলেন, একটি কমিউনিটি গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং দায়িত্ববোধ থেকে। সেখানে শুধু নিজের মতের মানুষের সঙ্গে নয়, ভিন্নমত পোষণকারীদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয়। তিনি বলেন, কেউ ব্যর্থ হলে তাকে ছোট না করে আবার উঠে দাঁড়ানোর সাহস জোগাতে হবে।
তিনি জানান, আমরা নতুন নেটওয়ার্ককে কার্যকর কমিউনিটিতে পরিণত করার প্রত্যাশা করছি। ব্র্যাক তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং কাজের প্ল্যাটফর্ম দিচ্ছে। তবে পরিবর্তনের মূল শক্তি তরুণদেরই হতে হবে। দেশের বিভিন্ন জেলার তরুণেরা যেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারেন, সে উদ্যোগ তাদেরই নিতে হবে।
আরও পড়ুন: নিকোল শেরজিঙ্গার ও থম ইভান্সের ৭ বছরের সম্পর্কের বিচ্ছেদ
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান। তিনি বলেন, ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা ও পরিবর্তনকর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে তরুণেরা সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হচ্ছেন।
তিনি জানান, বর্তমানে সারা দেশে এ নেটওয়ার্কের প্রায় ৩ হাজার প্রাক্তন সদস্য রয়েছেন। আগামী বছরের শেষ নাগাদ এ সংখ্যা ৬ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ব্র্যাক তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে বৃহত্তর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক উদ্যোগের পরিসর বাড়াতে চায়।
আমরা নতুন নেটওয়ার্কের পথচলা, বিকাশ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান।
তিনি বলেন, বাংলাদেশে হাজারো সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান করবে তরুণেরাই। তরুণদের উদ্যোগ যেন প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত হয়, সেই লক্ষ্যেই কাজ করছে ‘আমরা নতুন নেটওয়ার্ক’।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনকারী জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন