০১:০৫ পি.এম
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান সেনাবাহিনী তার মুক্তিযুদ্ধকালীন বীরত্বের স্বীকৃতি হিসেবে ‘বীর বিক্রম’ খেতাবসহ সম্বোধন করেছে। পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তাকে ‘হিজ এক্সেলেন্সি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়। ওই পোস্টে পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর ও পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে যাওয়ার স্মৃতিচারণ তুলে ধরা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর পোস্ট অনুযায়ী, গত বুধবার পিএমএ পরিদর্শনে যান বাংলাদেশের স্পিকার। সেখানে পৌঁছালে একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী তাকে স্বাগত জানান।
পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় পর নিজের পুরোনো প্রশিক্ষণকেন্দ্রে ফিরে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর স্মৃতিতে ফিরে যান হাফিজ উদ্দিন আহমদ। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো সময়ের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ওই সময়ের অভিজ্ঞতা তার জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। পিএমএকে তিনি শুধু একটি প্রশিক্ষণকেন্দ্র নয়, নিজের দ্বিতীয় বাড়ি বলেও উল্লেখ করেন।
আরও পড়ুন: গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকারে আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে
পোস্টে আরো বলা হয়, ১৯৬৬ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন হাফিজ উদ্দিন আহমদ। কয়েক দশক পর সেই একাডেমিতে ফিরে যাওয়া তার জন্য ছিল বিশেষ আবেগঘন অভিজ্ঞতা।
হাফিজ উদ্দিন আহমদের সামরিক জীবনের সঙ্গে পাকিস্তান মিলিটারি একাডেমির পুরোনো সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর অধীনে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যোগ দেন।
বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত তার জীবনী অনুযায়ী, ১৯৭১ সালের ৩০ মার্চ যশোর সেনানিবাসে তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। পরে প্রায় ২০০ সেনাসদস্যকে সঙ্গে নিয়ে সেনানিবাস থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধে সাহসিকতার জন্য তাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।
মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি জানান, ১৯৭১ সালে যশোর সেনানিবাসে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পর তিনি যশোর-কুষ্টিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া: প্রধান নির্বাচন কমিশনার
পাকিস্তান সেনাবাহিনীর ফেসবুক পোস্টে ‘বীর বিক্রম’ খেতাব ব্যবহারের আগে দেশটির জাতীয় পরিষদের পক্ষ থেকেও একই সম্বোধন করা হয়েছিল। ২৩ নভেম্বর প্রকাশিত সফরসংক্রান্ত বিজ্ঞপ্তি এবং ২৫ নভেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শন নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপিও একইভাবে তাকে ‘হাফিজ উদ্দিন, বীর বিক্রম’ বলে পরিচয় দিয়েছে।
তবে পাকিস্তান সেনাবাহিনীর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাংলাদেশের এই বীরত্বসূচক খেতাব ব্যবহারের বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে। কারণ, হাফিজ উদ্দিন আহমদ একসময় পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা হলেও ১৯৭১ সালে সেই বাহিনীর বিরুদ্ধেই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, ‘বীর বিক্রম’ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ দেওয়া রাষ্ট্রীয় খেতাব। হাফিজ উদ্দিন আহমদের ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে এই খেতাব ব্যবহারের মধ্য দিয়ে তার বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পরিচয়টিও আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: পাকিস্তানের জাতীয় পরিষদ, পাকিস্তানের অ্যাসোসিয়েটেড প্রেস ও বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইট
আরও পড়ুন: এআই ছবির মাধ্যমে শহীদ আবু সাঈদের কবর ভাঙার গুজব শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন