ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রাণ গ্রুপে চাকরি: গ্র্যাচুইটি-বিমাসহ পাবেন যেসব সুবিধা


প্রাণ গ্রুপে চাকরি: গ্র্যাচুইটি-বিমাসহ পাবেন যেসব সুবিধা

প্রাণ গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগের জন্য ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৬ নভেম্বর থেকে এবং শেষ হবে ৪ ডিসেম্বর তারিখে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।

এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে ১৫০ সহকারী পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: কি অ্যাকাউন্ট (এক্সপোর্ট)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন: গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র সরিয়ে অন্য জেলায়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, পরিসংখ্যান, অর্থনীতি, ইংরেজি, সমাজবিজ্ঞান, সিএসই ইত্যাদি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মাইক্রোসফট অফিসের (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) ব্যবহার দক্ষতা আবশ্যক। প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন: জবিতে শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর

কর্মস্থল: নাটোর

আরও পড়ুন: ঢাবির ৫৪তম সমাবর্তনের নিবন্ধন কাল শেষ হচ্ছে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৬

আরও পড়ুন: ট্রাস্ট ব্যাংকে এন্টি মানি লন্ডারিং ডিভিশন অফিসার পদে লোকবল নেবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ানে নির্বাচনি সাফল্যের পরও পুনরেকত্রীকরণে অটল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


তাইওয়ানে নির্বাচনি সাফল্যের পরও পুনরেকত্রীকরণে অটল চীন

তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উল্লেখযোগ্য সাফল্যের পরও দ্বীপটির সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছে চীন। বেইজিং দাবি করেছে, তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক, দুই ভূখণ্ডের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের অগ্রগতির ধারা পরিবর্তন করা যাবে না। পাশাপাশি, তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তি এবং বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

রোববার চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর এক বিবৃতিতে নির্বাচনের ফলাফল নিয়ে তাদের অবস্থান প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, তারা নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে। তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে শান্তি, উন্নয়ন এবং তাইওয়ান প্রণালির দুই পারের সহযোগিতার পক্ষে মতামত রয়েছে বলে তাদের বিশ্বাস।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘দ্বীপটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, তাইওয়ান প্রণালির দুই পারের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের অগ্রগতির দিক ও ধারা পরিবর্তন করতে পারবে না।’ চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর জানায়, তারা তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করা এবং জাতীয় পুনরেকত্রীকরণের লক্ষ্য এগিয়ে নেওয়া অব্যাহত রাখবে।

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। তারা দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টিও নাকচ করেনি। তবে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে। চীনের এ বক্তব্যের জবাবে তাইওয়ানের মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ বেইজিংকে নির্বাচনের ফলাফল বাস্তবসম্মতভাবে বিবেচনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দ্বীপটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সংলাপে বসতে বলেছে তারা।

গতকাল শনিবার তাইওয়ানের স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির ২২টি শহর ও কাউন্টির মেয়র এবং প্রধান নির্বাহী পদে নির্বাচনে ক্ষমতাসীন ডিপিপি ১০টিতে জয় লাভ করেছে। ২০২২ সালের স্থানীয় নির্বাচনের তুলনায় দলটির আসন দ্বিগুণ হয়েছে। গত এক দশকের মধ্যে এটিই দলটির সেরা নির্বাচনি ফলাফল।

নির্বাচনে দলটির উল্লেখযোগ্য সাফল্যের একটি ছিল তাইওয়ানের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর তাইচুং। সেখানে ডিপিপির আইনপ্রণেতা হো সিন-চুন বিরোধী দল কুওমিনতাঙের (কেএমটি) জনি চিয়াংকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে আট বছর পর শহরটির নিয়ন্ত্রণ ফিরে পায় ডিপিপি।

তবে রাজধানী তাইপের নিয়ন্ত্রণ ধরে রেখেছে কেএমটি। সেখানে বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন ডিপিপির আইনপ্রণেতা পুমা শেনকে পরাজিত করেন। বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের অভিযোগে চীনের পুলিশের খোঁজের তালিকায় রয়েছেন পুমা শেন। নির্বাচনে চীনের সঙ্গে সম্পর্কের চেয়ে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় বেশি গুরুত্ব পেয়েছে। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় দলগুলোর জনসমর্থন সম্পর্কে এ ফলাফল কিছুটা ধারণা দিতে পারে। যদিও অতীতের নির্বাচনগুলোতে দেখা গেছে, স্থানীয় নির্বাচনের ফলাফল অনেক সময় জাতীয় নির্বাচনের ফলাফলের বিপরীত হয়েছে।

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত দ্বীপটির আশপাশে চীনের ৩৩টি সামরিক উড়োজাহাজ, আটটি নৌবাহিনীর জাহাজ এবং চারটি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। এর আগে শুক্রবারও দ্বীপটির আশপাশে চীনা সামরিক উড়োজাহাজের তৎপরতা বেড়ে যাওয়ার কথা জানিয়েছিল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ তৎপরতাকে ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ হিসেবে বর্ণনা করেছিল তারা।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে ঘিরে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে চীন। একই সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তের সঙ্গে সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে বেইজিং। চীনের বিবেচনায় তিনি একজন বিচ্ছিন্নতাবাদী। ডিপিপির চেয়ারম্যান লাই চিং-তে বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু দ্বীপটির জনগণেরই রয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকাররা অনুপ্রবেশ ঘটিয়েছে। এই ঘটনার ফলে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্ল্যাটফর্মটিতে বিমানবাহিনীর কৌশলগত কার্যক্রম, জনবল ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য সংরক্ষিত রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সূত্রগুলোর মধ্যে দুজন জানান, প্রায় এক মাস আগে সিস্টেমটির উন্নয়নকালে হ্যাকিংয়ের ঘটনা ধরা পড়ে। এরপর থেকে প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে হামলাকারীদের পরিচয়, অনুপ্রবেশের পরিধি এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানাতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী একটি বিবৃতিতে উল্লেখ করেছে, তারা নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে মন্তব্য করতে পারে না। তবে তারা বিমান বাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।

এক প্ল্যাটফর্মে বহু সেবা

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রয়োজন মেটানোর জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। প্ল্যাটফর্মটি মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে পরিচালিত হয়। এর মাধ্যমে জনবলের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে সরবরাহ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করা হয়।

ক্লাউড ওয়ানের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি হলো ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এটি উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ নানা উৎসের তথ্য একত্র করে। আরেকটি অ্যাপ্লিকেশন হলো ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। এর মাধ্যমে বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।

২০২৬ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এসএইসির সঙ্গে যোগাযোগ করে মন্তব্য জানতে চাইলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি। লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।

সূত্রগুলোর মধ্যে একজন রয়টার্সকে জানান, ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তিনি বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বড় ধরনের বিষয়।’

ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার ইউনিট সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। সাইবার কমান্ডের সঙ্গে যোগাযোগ করেও রয়টার্স সাড়া পায়নি।

বিভিন্ন কার্যক্রম স্থগিত

হ্যাকিংয়ের বিষয়টি জানার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। সূত্রগুলোর দুজন এবং এ বিষয়ে অবগত আরেক ব্যক্তি জানান, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত দাপ্তরিক ও প্রশাসনিক অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে।

এছাড়া ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বিমানবাহিনীর কর্মীরা এসব অ্যাপ্লিকেশনের ত্রুটি সংশোধনের কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে এ বাধা সৃষ্টি হয়েছে, যখন প্রযুক্তিশিল্পে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হয়েছে।

পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচটি সূত্রই পরিচয় প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছে।

একটি সূত্রের দাবি, সাইবার হামলাকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছে। কন্ট্রোল প্লেনকে ওই সূত্র একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী, এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব। তবে এবারের হামলায় হ্যাকাররা এ ধরনের কোনো কাজ করেছে কি না, তা স্পষ্ট নয়।

হামলাকারীরা সফটওয়্যারের ঠিক কোন দুর্বলতাটি কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।

একাধিক সাইবার হামলার মধ্যে নতুন ঘটনা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ার মধ্যে ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের এ ঘটনা সামনে এসেছে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষ উদ্বেগের। কারণ, এআই মডেলগুলো দ্রুত বিস্তৃত পরিসরের সফটওয়্যার ও নেটওয়ার্কের দুর্বলতা শনাক্ত করতে পারে।

এর আগে সম্প্রতি প্রকাশিত অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার প্রভাব সামাল দিতে হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারকে। এসব ঘটনার মধ্যে দুটি এফবিআইয়ের ওপর হামলা, পেন্টাগনের তথ্য চুরির আগের একটি ঘটনা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং ট্রেজারি বিভাগের ওপর হামলা রয়েছে।

হ্যাকারদের লক্ষ্যবস্তু হিসেবে ক্লাউড ওয়ান অবশ্য নতুন নয়। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তিরা এর নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। তারা দাবি করেছিলেন, প্ল্যাটফর্মে অনুপ্রবেশের ‘বিপুলসংখ্যক’ চেষ্টা প্রতিহত করতে তাদের সাফল্যের হার ‘১০০ শতাংশ’ ছিল।

নিবন্ধে তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই।’

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ৫টিরও বেশি দেশে আলোচনায় ‘মেন অব ফজর’ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ৫টিরও বেশি দেশে আলোচনায় ‘মেন অব ফজর’ উদ্যোগ

ফজরের নামাজে মসজিদ খালি থাকার দৃশ্য সারা বিশ্বে পরিচিত। তবে এখন পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে। আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ‘রিজালুল ফজর’ বা ‘মেন অব ফজর’ উদ্যোগ ছড়িয়ে পড়েছে। এই উদ্যোগের ফলে ফজরের নামাজে মুসল্লির উপস্থিতি নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে কুয়েতভিত্তিক সংবাদ মাধ্যম কুয়েত টাইমস । প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কুয়েতে ‘মেন অব ফজর’ উদ্যোগের ফলে ফজরের নামাজে মসজিদে মুসল্লির সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। শুক্রবার বায়ানের মোজা মুহাম্মদ সালেম মসজিদে ৫০০-র বেশি মুসল্লি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অভিভাবক ও শিশুরা অন্তর্ভুক্ত ছিলেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিশু ও তরুণদের ফজরের নামাজে মসজিদে আসার অভ্যাস গড়ে তোলা।

কুয়েত এই উদ্যোগ গ্রহণকারী কয়েকটি আরব ও মুসলিম দেশের মধ্যে একটি। চলতি মাসের শুরুতে আফ্রিকান দেশ আলজেরিয়ায় এই উদ্যোগ শুরু হয়। এরপর এটি মরক্কো, সিরিয়া, ফিলিস্তিন এবং উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার অন্যান্য কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু মসজিদেও এই উদ্যোগের প্রভাব লক্ষ্য করা গেছে।

এই উদ্যোগটি কুয়েতে শুরু করেছেন সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত। উদ্যোগের মাধ্যমে অভিভাবকদের উৎসাহিত করা হচ্ছে যেন তারা তাদের সন্তানদের মসজিদে নিয়ে গিয়ে জামাতে ফজরের নামাজ পড়ান। এর ফলে শিশুদের ছোটবেলা থেকেই মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং নামাজের প্রতি ভালোবাসা জন্মায়।

আয়োজকের মতে, মোজা মুহাম্মদ সালেম মসজিদে উপস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। মসজিদ ও এর বাইরের আঙিনা পূর্ণ হয়ে যায়, যা এলাকার মানুষের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

শেখ আহমদ আল-নাফিস ফজরের নামাজে ইমামতি করেন। পরিবার ও শিশুদের নিয়ে জামাত অনুষ্ঠিত হয়, যেখানে একটি অভিন্ন লক্ষ্যের পরিবেশ তৈরি হয়। লক্ষ্য হলো নতুন প্রজন্ম যেন মসজিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিরা এবং সমাজকর্মীরাও সেখানে ছিলেন।

আয়োজক বু জাররাহ জানান, এই উদ্যোগটি শুধুমাত্র ফজরের নামাজে উপস্থিতির বিষয় নয়। এটি একটি বৃহৎ সামাজিক বার্তা। উদ্দেশ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা নামাজে অবিচল থাকবে এবং মসজিদে যাওয়াকে তাদের প্রতিদিনের জীবনের একটি নিয়মিত অংশ হিসেবে গ্রহণ করবে।

উদ্যোগটি প্রথম শুরু করেন আলজেরিয়ার একজন শিক্ষক, যিনি শিশুদের মসজিদে ফজরের নামাজে আসতে উৎসাহিত করেন। উৎসাহিত করার জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে যেসব শিশু টানা ৪০ দিন মসজিদে ফজরের নামাজ পড়বে, তাদের পুরস্কৃত করা হবে।

‘মেন অব ফজর’ এখন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটি ধর্মীয় চর্চাকে কেন্দ্র করে পরিবারগুলোকে একত্রিত করছে। অভিভাবকদের সন্তানের আধ্যাত্মিক অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির আর কোনো এজেন্ডা নেই: প্রধান নির্বাচন কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির আর কোনো এজেন্ডা নেই: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। তিনি উল্লেখ করেছেন যে, সব অংশীজনের সহযোগিতার মাধ্যমে একটি ভালো জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মানুষের সেবা ব্যাহত হচ্ছে, তাই এই ভোট আগে অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (২৯ নভেস্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় তিনি এ মন্তব্য করেন।

সিইসি আরও বলেন, "এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাই।" তিনি জানান, দলীয় প্রতীক থাকবে না, তবে প্রতিদ্বন্দ্বীরা দলের সমর্থন নিয়ে মাঠে থাকবেন। এ কারণে দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, "ফাউল করার জন্য যাতে মাঠে কেউ না থাকে, সে জন্য রেফারির ভূমিকায় থাকবে ইসি।" তিনি প্রতিশ্রুতি দেন যে, ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই এবং তারা স্বচ্ছ থাকতে চান। মাঠের বাস্তবতা সবার জানা আছে এবং সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শুরু হয়। এতে ১৫টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ১ ডিসেম্বর এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হবে।

ইসির ঘোষণার ভিত্তিতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে এক হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%