০১:১৫ পি.এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও অকৃষি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
‘চট্টগ্রাম ও কক্সবাজার জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ শীর্ষক এই প্রকল্পটি ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়িতব্য প্রকল্পের জন্য পুরো অর্থায়ন আসবে সরকারি তহবিল থেকে।
সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরগুনার বেতাগীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ-ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার
পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বাসসকে জানিয়েছেন, টেকসই সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণই প্রকল্পটির মূল লক্ষ্য। এর ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রকল্পের আওতায় চট্টগ্রামের ১৫টি এবং কক্সবাজারের ৯টি, মোট ২৪টি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা হবে।
চট্টগ্রামের উপজেলাগুলো হলো- মীরসরাই, ফটিকছড়ি, সন্দ্বীপ, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী।
অন্যদিকে কক্সবাজারের উপজেলাগুলো হলো- কক্সবাজার সদর, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, রামু, কুতুবদিয়া, উখিয়া, পেকুয়া ও ঈদগাঁও।
আরও পড়ুন: ফেনীতে মাদরাসা ও সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ
প্রকল্প সম্পর্কে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি মন্তব্য করেছেন, চট্টগ্রাম ও কক্সবাজারের ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় অবকাঠামোগত চাহিদা বিবেচনায় নিয়ে প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। প্রয়োজন অনুযায়ী কোথাও বিন্না ঘাস লাগানো হবে, আবার কোথাও জেটি নির্মাণ বা উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় প্রতিটি জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রকল্প চলমান রয়েছে। এ ধরনের বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। এসব প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সড়ক নির্মাণ ও পুনর্বাসনের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করা।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো কৃষি ও অকৃষি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে গ্রামীণ সড়কের উন্নয়ন, হাটবাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবাকেন্দ্রে মানুষের যাতায়াত সহজ করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি জেলা। তবে অপর্যাপ্ত গ্রামীণ অবকাঠামো এই দুই জেলার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বাধা।
আরও পড়ুন: ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ ২ যুবক আটক
চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। অন্যদিকে কৃষি, লবণ উৎপাদন, মৎস্য আহরণ ও পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে কক্সবাজারের অর্থনীতি। দুই জেলার মোট জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ গ্রামাঞ্চলে বসবাস করে।
এ দুই জেলায় বড় দুটি অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ডে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী অর্থনৈতিক অঞ্চল রয়েছে। আগামী এক দশকে এসব অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি শিল্প খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এছাড়া চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় প্রায় ২০০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রম অনেকাংশে গ্রামীণ সড়কের ওপর নির্ভরশীল।
প্রকল্পের আওতায় গ্রামীণ, ইউনিয়ন ও উপজেলা সড়ক বিটুমিনাস কার্পেটিং (বিসি), রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) এবং ইউনিব্লক প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ ও পুনর্বাসন করা হবে। পাশাপাশি সেতু ও কালভার্ট নির্মাণ, সড়ক সুরক্ষা, পাশের পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন এবং বিদ্যমান সড়ক সংস্কারের কাজও করা হবে।
আরও পড়ুন: সখীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার
এছাড়া ৬৩০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, ছয়টি জেটি নির্মাণ, ৩৭৬ কিলোমিটার পাকা সড়কের পাশে সড়ক বাঁধ সম্প্রসারণ, সামাজিক বনায়ন এবং ২৪টি ভেটিভার ঘাসের নার্সারি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশনের মূল্যায়নেও প্রকল্পটিকে অর্থনৈতিকভাবে লাভজনক হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০২৫ সালের জুনে ডেভেলপমেন্ট ইনসাইট অ্যান্ড সলিউশন লিমিটেড প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করে। ওই সমীক্ষায় প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করা হয়।
সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (২০২৬-২০৩১)-এর সঙ্গেও প্রকল্পটির সামঞ্জস্য রয়েছে। বিশেষ করে পরিবহন ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করার অগ্রাধিকারের সঙ্গে এটি সংগতিপূর্ণ। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, টেকসই কৃষি এবং সহনশীল অবকাঠামো ও শিল্প উন্নয়নসংক্রান্ত টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ১, ২ ও ৯ নম্বর লক্ষ্যের সঙ্গেও প্রকল্পটি সম্পর্কিত।
গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় বিভিন্ন পর্যবেক্ষণ পরিপালনের শর্তে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়। পরে পরিকল্পনা কমিশন সরকারি অর্থায়নে ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করে।
আরও পড়ুন: সিলেটে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন