ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা


যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকাররা অনুপ্রবেশ ঘটিয়েছে। এই ঘটনার ফলে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্ল্যাটফর্মটিতে বিমানবাহিনীর কৌশলগত কার্যক্রম, জনবল ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য সংরক্ষিত রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সূত্রগুলোর মধ্যে দুজন জানান, প্রায় এক মাস আগে সিস্টেমটির উন্নয়নকালে হ্যাকিংয়ের ঘটনা ধরা পড়ে। এরপর থেকে প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে হামলাকারীদের পরিচয়, অনুপ্রবেশের পরিধি এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানাতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী একটি বিবৃতিতে উল্লেখ করেছে, তারা নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে মন্তব্য করতে পারে না। তবে তারা বিমান বাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন: নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা শুরু করলেন আইজেনকোট

এক প্ল্যাটফর্মে বহু সেবা

২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত প্রয়োজন মেটানোর জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। প্ল্যাটফর্মটি মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে পরিচালিত হয়। এর মাধ্যমে জনবলের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে সরবরাহ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করা হয়।

ক্লাউড ওয়ানের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি হলো ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’। এটি উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ নানা উৎসের তথ্য একত্র করে। আরেকটি অ্যাপ্লিকেশন হলো ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। এর মাধ্যমে বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।

২০২৬ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএইসি। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস। এসএইসির সঙ্গে যোগাযোগ করে মন্তব্য জানতে চাইলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি। লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।

আরও পড়ুন: তাইওয়ানে নির্বাচনি সাফল্যের পরও পুনরেকত্রীকরণে অটল চীন

সূত্রগুলোর মধ্যে একজন রয়টার্সকে জানান, ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তিনি বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বড় ধরনের বিষয়।’

ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার ইউনিট সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। সাইবার কমান্ডের সঙ্গে যোগাযোগ করেও রয়টার্স সাড়া পায়নি।

বিভিন্ন কার্যক্রম স্থগিত

হ্যাকিংয়ের বিষয়টি জানার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। সূত্রগুলোর দুজন এবং এ বিষয়ে অবগত আরেক ব্যক্তি জানান, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত দাপ্তরিক ও প্রশাসনিক অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের

এছাড়া ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বিমানবাহিনীর কর্মীরা এসব অ্যাপ্লিকেশনের ত্রুটি সংশোধনের কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে এ বাধা সৃষ্টি হয়েছে, যখন প্রযুক্তিশিল্পে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হয়েছে।

পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচটি সূত্রই পরিচয় প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছে।

একটি সূত্রের দাবি, সাইবার হামলাকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছে। কন্ট্রোল প্লেনকে ওই সূত্র একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী, এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব। তবে এবারের হামলায় হ্যাকাররা এ ধরনের কোনো কাজ করেছে কি না, তা স্পষ্ট নয়।

হামলাকারীরা সফটওয়্যারের ঠিক কোন দুর্বলতাটি কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।

আরও পড়ুন: সুইজারল্যান্ডে অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিলের জন্য গণভোট

একাধিক সাইবার হামলার মধ্যে নতুন ঘটনা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ার মধ্যে ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের এ ঘটনা সামনে এসেছে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষ উদ্বেগের। কারণ, এআই মডেলগুলো দ্রুত বিস্তৃত পরিসরের সফটওয়্যার ও নেটওয়ার্কের দুর্বলতা শনাক্ত করতে পারে।

এর আগে সম্প্রতি প্রকাশিত অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার প্রভাব সামাল দিতে হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারকে। এসব ঘটনার মধ্যে দুটি এফবিআইয়ের ওপর হামলা, পেন্টাগনের তথ্য চুরির আগের একটি ঘটনা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং ট্রেজারি বিভাগের ওপর হামলা রয়েছে।

হ্যাকারদের লক্ষ্যবস্তু হিসেবে ক্লাউড ওয়ান অবশ্য নতুন নয়। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তিরা এর নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। তারা দাবি করেছিলেন, প্ল্যাটফর্মে অনুপ্রবেশের ‘বিপুলসংখ্যক’ চেষ্টা প্রতিহত করতে তাদের সাফল্যের হার ‘১০০ শতাংশ’ ছিল।

আরও পড়ুন: ২০২৭ সালের শুরুতে ফিলিস্তিনে নির্বাচন চায় ৮ ইউরোপীয় দেশ

নিবন্ধে তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই।’

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ৫টিরও বেশি দেশে আলোচনায় ‘মেন অব ফজর’ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ৫টিরও বেশি দেশে আলোচনায় ‘মেন অব ফজর’ উদ্যোগ

ফজরের নামাজে মসজিদ খালি থাকার দৃশ্য সারা বিশ্বে পরিচিত। তবে এখন পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে। আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ‘রিজালুল ফজর’ বা ‘মেন অব ফজর’ উদ্যোগ ছড়িয়ে পড়েছে। এই উদ্যোগের ফলে ফজরের নামাজে মুসল্লির উপস্থিতি নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে কুয়েতভিত্তিক সংবাদ মাধ্যম কুয়েত টাইমস । প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কুয়েতে ‘মেন অব ফজর’ উদ্যোগের ফলে ফজরের নামাজে মসজিদে মুসল্লির সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। শুক্রবার বায়ানের মোজা মুহাম্মদ সালেম মসজিদে ৫০০-র বেশি মুসল্লি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অভিভাবক ও শিশুরা অন্তর্ভুক্ত ছিলেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিশু ও তরুণদের ফজরের নামাজে মসজিদে আসার অভ্যাস গড়ে তোলা।

কুয়েত এই উদ্যোগ গ্রহণকারী কয়েকটি আরব ও মুসলিম দেশের মধ্যে একটি। চলতি মাসের শুরুতে আফ্রিকান দেশ আলজেরিয়ায় এই উদ্যোগ শুরু হয়। এরপর এটি মরক্কো, সিরিয়া, ফিলিস্তিন এবং উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার অন্যান্য কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু মসজিদেও এই উদ্যোগের প্রভাব লক্ষ্য করা গেছে।

এই উদ্যোগটি কুয়েতে শুরু করেছেন সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত। উদ্যোগের মাধ্যমে অভিভাবকদের উৎসাহিত করা হচ্ছে যেন তারা তাদের সন্তানদের মসজিদে নিয়ে গিয়ে জামাতে ফজরের নামাজ পড়ান। এর ফলে শিশুদের ছোটবেলা থেকেই মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং নামাজের প্রতি ভালোবাসা জন্মায়।

আয়োজকের মতে, মোজা মুহাম্মদ সালেম মসজিদে উপস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। মসজিদ ও এর বাইরের আঙিনা পূর্ণ হয়ে যায়, যা এলাকার মানুষের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

শেখ আহমদ আল-নাফিস ফজরের নামাজে ইমামতি করেন। পরিবার ও শিশুদের নিয়ে জামাত অনুষ্ঠিত হয়, যেখানে একটি অভিন্ন লক্ষ্যের পরিবেশ তৈরি হয়। লক্ষ্য হলো নতুন প্রজন্ম যেন মসজিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিরা এবং সমাজকর্মীরাও সেখানে ছিলেন।

আয়োজক বু জাররাহ জানান, এই উদ্যোগটি শুধুমাত্র ফজরের নামাজে উপস্থিতির বিষয় নয়। এটি একটি বৃহৎ সামাজিক বার্তা। উদ্দেশ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা নামাজে অবিচল থাকবে এবং মসজিদে যাওয়াকে তাদের প্রতিদিনের জীবনের একটি নিয়মিত অংশ হিসেবে গ্রহণ করবে।

উদ্যোগটি প্রথম শুরু করেন আলজেরিয়ার একজন শিক্ষক, যিনি শিশুদের মসজিদে ফজরের নামাজে আসতে উৎসাহিত করেন। উৎসাহিত করার জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে যেসব শিশু টানা ৪০ দিন মসজিদে ফজরের নামাজ পড়বে, তাদের পুরস্কৃত করা হবে।

‘মেন অব ফজর’ এখন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটি ধর্মীয় চর্চাকে কেন্দ্র করে পরিবারগুলোকে একত্রিত করছে। অভিভাবকদের সন্তানের আধ্যাত্মিক অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির আর কোনো এজেন্ডা নেই: প্রধান নির্বাচন কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির আর কোনো এজেন্ডা নেই: প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। তিনি উল্লেখ করেছেন যে, সব অংশীজনের সহযোগিতার মাধ্যমে একটি ভালো জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মানুষের সেবা ব্যাহত হচ্ছে, তাই এই ভোট আগে অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (২৯ নভেস্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় তিনি এ মন্তব্য করেন।

সিইসি আরও বলেন, "এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাই।" তিনি জানান, দলীয় প্রতীক থাকবে না, তবে প্রতিদ্বন্দ্বীরা দলের সমর্থন নিয়ে মাঠে থাকবেন। এ কারণে দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, "ফাউল করার জন্য যাতে মাঠে কেউ না থাকে, সে জন্য রেফারির ভূমিকায় থাকবে ইসি।" তিনি প্রতিশ্রুতি দেন যে, ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই এবং তারা স্বচ্ছ থাকতে চান। মাঠের বাস্তবতা সবার জানা আছে এবং সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শুরু হয়। এতে ১৫টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ১ ডিসেম্বর এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হবে।

ইসির ঘোষণার ভিত্তিতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে এক হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা শুরু করলেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা শুরু করলেন আইজেনকোট

রবিবার (২৯ নভেম্বর) সকালে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠকে বসেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

লিকুদ জানিয়েছে, নেতানিয়াহু এবং ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট আলোচনা করেছেন এবং রবিবার ইসরায়েলের উপকূলীয় শহর হার্জলিয়ার একটি হোটেলে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু, যিনি ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী, পর্যায়ক্রমিক প্রধানমন্ত্রিত্বের শর্তে একটি ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেন। এই ক্ষমতা-বণ্টন চুক্তির আওতায় আইজেনকোট মেয়াদের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নেতানিয়াহু বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন বলে প্রস্তাব করা হয়েছে।

নেতানিয়াহুর এই প্রস্তাবের জবাবে আইজেনকোট লিকুদ দলের আন্তরিকতা যাচাইয়ের কথা উল্লেখ করে দ্রুত আলোচনার জন্য হার্জলিয়ার ড্যান আকাদিয়া হোটেলে আসার আমন্ত্রণ জানান।

অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর সব দলের সঙ্গে আলোচনা শেষে রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের আহ্বান জানান। এরপর থেকেই নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করে একটি জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। তবে আরব-ইসরায়েলি দলগুলোর ওপর নির্ভর করার অনীহা এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন পেতে প্রয়োজনীয় আপস করা—এই দুটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

এদিকে, ইসরায়েলের আরব-ভিত্তিক দল ‘রাম’ পার্টির চেয়ারম্যান মনসুর আব্বাস ইসরায়েলি সম্প্রচার মাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ্যে হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। আইজেনকোট আগেই সব জোটসঙ্গীর জন্য এই স্বীকৃতিকে পূর্বশর্ত হিসেবে নির্ধারণ করেছিলেন। মনসুর আব্বাসের এই ঘোষণার ফলে আইজেনকোটের সম্ভাব্য জোটে রাম পার্টির যোগদানের পথের একটি বড় বাধা দূর হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকারে আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেটকারে আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কের সামনে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। গাড়িটি চালু করার সময় হঠাৎ করে আগুন ধরে যায়। এর ফলে গাড়িটির পেছনের অংশ পুড়ে গেছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাই-টেক সিটির দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার মাকিষবাতান এলাকা থেকে ওয়ালটনের একজন কর্মকর্তাকে কারখানায় নামিয়ে দিয়ে চালক গাড়িটি হাই-টেক সিটির দ্বিতীয় গেটের সামনে পার্কিং করেন। পরে সড়কের বিপরীত পাশে অবস্থিত একটি দোকানে চা পান করার পর গাড়িতে ফিরে এসে সেটি চালু করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ গাড়ির পেছনের অংশে আগুন জ্বলে ওঠে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটির পেছনের অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, গ্যাসের পাইপলাইনে লিকেজ অথবা গাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%