১২:৫৮ পি.এম
আটটি দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানিয়েছে। এই দেশগুলোর মধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, লুক্সেমবার্গ, নরওয়ে ও পোল্যান্ড অন্তর্ভুক্ত রয়েছে। তাদের মতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের গণতান্ত্রিক সংস্কার ও পুনর্গঠনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। পাশাপাশি, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখার বিষয়টিও এর সঙ্গে সম্পর্কিত।
শনিবার ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২০ বছর পার হয়ে গেছে। এরপরেও ফিলিস্তিনিরা ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, “ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রীয় ভিত্তি হিসেবে গণতান্ত্রিক নীতি টিকিয়ে রাখতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন জরুরি।”
আরও পড়ুন: নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের আলোচনা শুরু করলেন আইজেনকোট
নির্বাচন পিছিয়ে দেন আব্বাস
গত অক্টোবর মাসে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভা নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার। তবে আব্বাস তা পিছিয়ে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেন। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের তারিখও তিনি ঘোষণা করেন।
আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটি গত মাসে বলেছিল, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজার পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূলে নয়। তাদের দাবি, ইসরাইল গাজায় নির্বাচনি সরঞ্জাম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়নি।
সংস্কারের চাপ
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের হামলা
যৌথ বিবৃতিতে আট দেশ সতর্ক করে বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের অব্যাহত সমর্থনের সঙ্গে সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের প্রতিশ্রুতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস গত মাসে বলেছিলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে নির্বাচন আয়োজনের সময় অনেক আগেই পেরিয়ে গেছে।
৯০ বছর বয়সি মাহমুদ আব্বাস সর্বশেষ ২০০৫ সালে নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি ডিক্রি জারির মাধ্যমে শাসন পরিচালনা করছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে আব্বাস ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লিখিতভাবে উভয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ফিলিস্তিনে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। ওই নির্বাচনে হামাস জয়ী হয়ে গাজায় সরকার গঠন করে। এরপর আব্বাসের ফাতাহ দলের সঙ্গে হামাসের বিরোধ শুরু হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ফাতাহর। দুই দলের এই বিভক্তি এখনো অব্যাহত রয়েছে।
এএম
আরও পড়ুন: তাইওয়ানে নির্বাচনি সাফল্যের পরও পুনরেকত্রীকরণে অটল চীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন