প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সমাবেশস্থলে অন্তত ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। একই সঙ্গে একটি মার্কেট ও দুটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়। এছাড়া ৫ শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। পাশাপাশি দুজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে।
নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসের ঘটনাস্থলে এই সহিংসতা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার মানুষ দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করছে। একের পর এক ককটেলের বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। একই সময়ে এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা তাঁবু টাঙিয়ে অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনাও ঘটেছে। একপর্যায়ে সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
এ সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাণ্ডব শুরু করে। তারা ঘটনাস্থলে থাকা অন্তত ২০টি মোটরসাইকেলে ভাঙচুর করে আগুন দেয়। পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও বাসস্ট্যান্ড এলাকায় একটি টং ঘরেও আগুন লাগানো হয়। একই সময়ে অন্তত ৫ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, "আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল, তবে এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন