প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইজারল্যান্ডে গণভোট আয়োজন করা হয়েছে অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিল করার বিষয়ে, যা নিরস্ত্রতা নীতির সঙ্গে ইউরোপের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই গণভোট রবিবার অনুষ্ঠিত হবে। দেশটির নাগরিকেরা এতে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাবে ভোট প্রদান করবেন।
গত বছর সুইজারল্যান্ডের পার্লামেন্ট সরকার সমর্থনে আইনটি সংশোধনের অনুমোদন দেয়। সরকারের যুক্তি হলো, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে মৌলিকভাবে পরিবর্তন করেছে। এই কারণে সুইজারল্যান্ডের অস্ত্র রপ্তানি নীতিতে পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে।
বামপন্থি রাজনৈতিক দল ও মানবিক সহায়তাকারী সংগঠনগুলো এই সংশোধনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের উদ্যোগেই গণভোটের আয়োজন করা হয়েছে। তাদের উদ্বেগ, প্রস্তাবিত সংস্কার কার্যকর হলে সুইজারল্যান্ডের নিরপেক্ষতার নীতি দুর্বল হতে পারে। একই সঙ্গে দেশটিতে তৈরি অস্ত্র বিভিন্ন সংঘাতে ব্যবহারের ঝুঁকিও বৃদ্ধি পাবে।
রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ মান সময় ৯টা) ভোটকেন্দ্রগুলো খোলা হয়। দুপুর ১২টায় (গ্রিনিচ মান সময় ১১টা) ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। এর পরপরই প্রাথমিক ফলাফল প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে। তবে অধিকাংশ ভোটার আগেই ডাকযোগে ভোট দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর প্রকাশিত জনমত জরিপে আইন সংশোধনের পক্ষে থাকা ব্যক্তিরা সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন।
যেসব পরিবর্তন আসতে পারে
যদি প্রস্তাবিত আইন কার্যকর হয়, তাহলে সুইজারল্যান্ড ৩৬টি নির্ধারিত অংশীদার দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করতে পারবে। এসব দেশ সশস্ত্র সংঘাতে জড়িত থাকলেও রপ্তানির ক্ষেত্রে সুইজারল্যান্ডের নিরপেক্ষতার বাধ্যবাধকতা এবং পররাষ্ট্র ও নিরাপত্তানীতির স্বার্থ বজায় রাখতে হবে।
এই দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলো, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া সুইজারল্যান্ডে তৈরি অস্ত্র কেনার পর অন্য কোনো দেশে পাঠানোর ক্ষেত্রে ক্রেতা দেশগুলোকে আর স্বয়ংক্রিয়ভাবে সুইজারল্যান্ডের অনুমতি নিতে হবে না। তবে এ বিষয়ে আগে থেকে করা বিদ্যমান অঙ্গীকারগুলো বহাল থাকবে।
সুইজারল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক স্টেট সেক্রেটারিয়েট জানিয়েছে, সব ধরনের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে সরকারের অনুমোদন নিতে হবে।
নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
আইন সংশোধনের সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে, বর্তমান বিধিনিষেধের কারণে সুইজারল্যান্ডের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সামরিক সরবরাহব্যবস্থায় দেশটির প্রবেশাধিকারও হুমকির মুখে পড়ছে।
এ কারণে জার্মানি কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি থেকে সুইস কোম্পানিগুলোকে বাদ দিয়েছে। ডেনমার্ক ও নেদারল্যান্ডসও সুইজারল্যান্ডের কাছ থেকে অস্ত্র কেনার কিছু আদেশ স্থগিত করেছে।
এএফপির উদ্ধৃত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সুইজারল্যান্ডের অস্ত্র রপ্তানি ৪৩ শতাংশ বেড়ে ৯৪ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁতে দাঁড়াবে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ১১৩ কোটি। দেশটির অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল জার্মানি।
অন্যদিকে মানবিক সহায়তাকারী সংগঠন ও বামপন্থি রাজনীতিকেরা এই সংশোধনের বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, অস্ত্র রপ্তানির নিয়ন্ত্রণ শিথিল হলে সুইজারল্যান্ডে তৈরি অস্ত্র সংঘাতপূর্ণ দেশে কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এমন রাষ্ট্রের হাতে পৌঁছানোর ঝুঁকি বাড়বে।
সুইজারল্যান্ডে নিরপেক্ষতা নিয়ে এ ধরনের বিতর্ক নতুন নয়। এর দুই মাস আগে সংবিধানে নিরপেক্ষতার আরো কঠোর ব্যাখ্যা অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আনা একটি পৃথক প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেন দেশটির নাগরিকেরা। ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিলেন ৭০ শতাংশের বেশি ভোটার।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অস্ত্র রপ্তানি আইন সংশোধনের অন্যতম প্রধান কারণ হলেও সুইজারল্যান্ডের নিরপেক্ষতা আইন অনুযায়ী, ইউক্রেনে সরাসরি অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা বহাল থাকবে। তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরোক্ষভাবে অস্ত্র পাঠানোর ক্ষেত্রেও বিধিনিষেধ বজায় থাকবে।
রবিবার সুইজারল্যান্ডের নাগরিকেরা আরো তিনটি প্রস্তাবে ভোট দিচ্ছেন। এগুলো হলো পেনশন তহবিলের অর্থায়ন, আতশবাজি ব্যবহারে বিধিনিষেধ এবং বিবাহিত দম্পতিদের করব্যবস্থায় পরিবর্তন।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন