ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করার অভিযোগ


জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করার অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামে সৌদি আরবের প্রবাসী মামুন মোল্লার বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে।

রোববার (১৮ অক্টোবর) সকালে এই ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় জনগণ মানববন্ধন করেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাড়িতে যাতায়াতের পথ উন্মুক্ত রাখার এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, বাড়ির প্রবেশমুখে বাঁশের বেড়া দেওয়ায় পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। বিশেষ করে স্কুলপড়ুয়া সন্তানদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন: মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে বিপাকে পুলিশ, হামলায় আহত দুই সদস্য

প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তার অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে তারা বাড়িটি নির্মাণ করেছেন। বাড়িতে প্রবেশের জন্য গেট নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়। এতে পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন।

তিনি আরও বলেন, "আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। বেড়া দেওয়ার কারণে ছেলে সাইকেল নিয়ে বের হতে পারছে না। স্কুলে যেতে তাকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হচ্ছে।"

মামুন মোল্লার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে আশরাফুল জানায়, প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ির সামনে বেড়া দেওয়া থাকায় সে সাইকেল নিয়ে বের হতে পারছে না। স্কুল ও কোচিংয়ে যাতায়াতেও সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে তাকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হচ্ছে।

অন্যদিকে অভিযোগের বিষয়ে আবদুল হাই শিকদার বলেন, "জমি আমার। এখানে কবরস্থান রয়েছে। কবরস্থানের নিরাপত্তার জন্য বেড়া দিয়েছি।"

আরও পড়ুন: রাজাপুরে বিকাশ ব্যবসায়ীর ৭ লাখ টাকা ডাকাতি, এসআরবি-৮-এর অভিযানে আফজাল-লিটনসহ গ্রেপ্তার ৫

এ বিষয়ে মতলব উত্তর থানার (ওসি) মানস বড়ুয়া জানান, বিষয়টি সম্পর্কে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। জমির মালিকানা ও চলাচলের পথ নিয়ে কোনো বিরোধ থাকলে আইনিভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


শাবিপ্রবির প্রধান প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, তদন্ত কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে প্রকৌশল দপ্তরের অন্তর্ভুক্ত দুজন কর্মকর্তা রয়েছেন। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা মেরামতে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সভায় উপস্থিত একজন সিন্ডিকেট সদস্য জানিয়েছেন।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রধান প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরী এবং প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া, অভ্যন্তরীণ রাস্তা সংস্কারে ব্যয় নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক রবিউল ইসলামকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী সদস্য সচিব এবং সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক শহিদুর রহমানকে সদস্য করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২০ জুন সিলেটের একটি লোকাল পত্রিকায় ‘কয়েক হাজার ইট দিয়ে ৮৭ লাখ টাকা ব্যয়ে শাবিপ্রবি অভ্যন্তরীণ সড়ক মেরামত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে ২৯ সেপ্টেম্বর ‘শাবিপ্রবিতে ছয় মাসের মধ্যে একই সড়ক দুবার মেরামত’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়। দুই সংবাদে একই রাস্তা দুবার মেরামতে ব্যয়ের পার্থক্য তুলে ধরা হয়। পরে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা তদন্তের দাবি জানান।

এ প্রেক্ষিতে, তদন্তের জন্য ২৪৩তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, সিন্ডিকেটের সব সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান প্রকৌশলীসহ চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সকলের নিয়োগ বাতিল করা হয়েছে।

রাস্তা সংস্কারের কাজের তদন্ত সম্পর্কে তিনি বলেন, ‘এ কাজে ৮৭ লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ এর চেয়ে বেশি কাজ সাড়ে পাঁচ লাখ টাকায় করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষ থেকে তদন্তের চাপ ছিল। তাই বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী ফারহানা ইসলাম শারমিনের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক। বাকেরগঞ্জ-প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী ফারহানা ইসলাম শারমিনের সংবাদ সম্মেলন

স্বামী মোঃ সাগরের হয়রানি থেকে মুক্তি এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী ফারহানা ইসলাম শারমিন। সংবাদ সম্মেলনে তিনি দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন।

বক্তব্যে ফারহানা ইসলাম শারমিন বলেন, বেশ কয়েক বছর পূর্বে ভালবেসে তিনি সাগরকে বিয়ে করেছিলেন। বিভিন্ন যৌতুকের দাবিতে তাকে স্বামী সাগর শারীরিক মানসিক নির্যাতন করতো। ইতিপূর্বে তার সন্তানকে তার জন্য গায়ে আগুন দেয়। এনিয়ে আদালতে মামলা চলমান। সেই মামলা থেকে অব্যাহতি পেতে স্বামী সাগর তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে।

সংবাদ সম্মেলনে ফারহানা ইসলাম শারমিন অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

ফারহানা ইসলাম শারমিন জানান, হয়রানি থেকে মুক্তি এবং ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে চান। তাঁর অভিযোগ, এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

এ সময় তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান

তবে এ বিষয়ে অভিযুক্ত স্বামী মোঃ সাগেরের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


এনসিপি ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করেছে

সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে সাতটি জেলা ও দুটি মহানগর কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই কমিটিগুলো পুনর্গঠনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে।

রোববার (১৮ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

স্থগিত করা কমিটিগুলোর মধ্যে রয়েছে—লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, হবিগঞ্জ, মাগুরা ও গাজীপুর জেলা শাখা এবং রংপুর ও ময়মনসিংহ মহানগর কমিটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই কমিটিগুলো স্থগিত করা হয়েছে।

এতে আরও জানানো হয়, স্থগিত কমিটিগুলো পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে কমিটিগুলো পুনর্গঠনের উদ্যোগ নিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে তীব্র যুদ্ধ, মানবিক সংকট গভীর হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


ইয়েমেনে তীব্র যুদ্ধ, মানবিক সংকট গভীর হচ্ছে

লাহিজ গভর্নরেটের আল-মাকাতিনাহ রণাঙ্গনে তীব্র সংঘর্ষের ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত আটজন সেনা সদস্য নিহত হয়েছে বলে শনিবার সরকার সমর্থিত ‘তুর আল-বাহাহ’ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে।

তাজ গভর্নরেটে ইয়েমেনী সরকারি বাহিনী জানিয়েছে, তারা তাইজের উপকণ্ঠে কয়েক দিনের প্রচণ্ড লড়াইয়ের পর আল-আকরুদে ১২ জন হুতি যোদ্ধাকে হত্যা করেছে। সেখানে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী হুতিদের অগ্রগতি রুখে দিয়েছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে বলে দাবি করেছে।

তাইজের অন্যত্র সরকারি বাহিনী জানায়, তারা আল-শাকাব রণাঙ্গনে হুতিদের একটি আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। অপরদিকে সরকার সমর্থিত ‘হোমল্যান্ড শিল্ড ফোর্সেস’ আল-ওয়াজিয়াহ এলাকায় একটি ড্রোনের সাহায্যে হুতিদের একটি রসদবাহী যান ধ্বংস করার কথা জানিয়েছে। এ ছাড়া ‘সাউদার্ন জায়ান্টস ব্রিগেডস’ লাহিজ সীমান্তের কাছে আল-মাদারিবাহ এলাকায় হুতিদের আস্তানায় লক্ষ্যভিত্তিক নিখুঁত হামলা চালানোর দাবি করেছে।

এদিকে, আল-জাওফ ও মারিবে সরকারি সেনা ও মিত্র 'পপুলার রেজিস্ট্যান্স' যোদ্ধারা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। সামরিক কর্মকর্তারা জানান, আল-জাওফে হুতিদের সামরিক ঘাঁটি, ব্যারাক ও সেনা সমাবেশের ওপর কামান থেকে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালানো হয়েছে। অন্যদিকে, সামরিক জোটের বিমানগুলো হুতিদের কমান্ড সেন্টার ও রসদ ডিপোতে বোমাবর্ষণ করেছে।

মারিবেও হুতিদের প্রতিরোধ লাইনে সরকারি বাহিনীর কামান ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ধারাবাহিকভাবে গোলাবর্ষণ চালিয়েছে। গত মাসে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা (যাঁরা আনসারুল্লাহ নামেও পরিচিত) লোহিত সাগর উপকূলে সরকারের অনুগত বাহিনীর কাছ থেকে কৌশলগত এলাকা দখল করার পর থেকেই ইয়েমেনের এই গৃহযুদ্ধ নতুন করে ভয়াবহ রূপ নেয়।

সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী ক্ষয়ক্ষতির জবাবে পাল্টা আক্রমণ শুরু করে এবং পরবর্তীতে ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) অভিযান শুরু করে। এর মূল লক্ষ্য হলো ২০১৪ সালে হুতিদের দখলে চলে যাওয়া রাজধানী সানাসহ সমস্ত এলাকা পুনরুদ্ধার করা।

হেলিকপ্টার ধ্বংসের দাবি ও পাল্টাপাল্টি বিমান হামলা

আকাশপথের যুদ্ধের বিষয়ে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী হাজ্জাহ গভর্নরেটের আকাশে একটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। বিমানটিকে তুর্কি নির্মিত ‘লেনটাটেক কারায়েল’ ড্রোন হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকে এটি এ ধরনের চতুর্থ ড্রোন যা তারা ধ্বংস করল।

হুতিরা আরও দাবি করে যে, তারা সৌদি আরবের সীমান্তপ্রদেশ নাজরানে একটি সৌদি ‘অ্যাপাচি’ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে নাজরানে একটি এএইচ-৬আই স্কাউট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং এতে দুই জন ক্রু সদস্য নিহত হয়েছেন।

এ ছাড়া হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো সাদা গভর্নরেটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১০টি সৌদি বিমান হামলার খবর দিয়েছে।

অন্যদিকে আল-মুকাল্লা উপকূলের কাছে ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স’ (ইউকেএমটিও) সংস্থা জানিয়েছে, একটি স্পিডবোটে করে আসা অন্তত সাতজন সশস্ত্র ব্যক্তি একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এল এন জি)বাহী ট্যাংকারে হামলা চালায়। তারা ট্যাংকারটিকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়লে জাহাজের নিজস্ব নিরাপত্তাকর্মীরা জবাবে সতর্কতামূলক দুটি ফাঁকা গুলি চালায়, যার ফলে হামলাকারীরা গতিপথ পরিবর্তন করে চলে যেতে বাধ্য হয়।

ঘনীভূত মানবিক বিপর্যয়

যুদ্ধক্ষেত্রের সংঘাতের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের জীবন নিয়ে ঘোর সতর্কবার্তা জারি করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, ইয়েমেনে যুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে ২,৩৩,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যার মধ্যে কেবল তাইজ গভর্নরেটেই প্রায় ১,২১,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে বলেছে, তাইজ শহরটি বর্তমানে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানকার ১২টি হাসপাতালে মাত্র চার দিনের জ্বালানি অবশিষ্ট রয়েছে এবং সার্জিক্যাল সামগ্রী পুরোপুরি শেষ হয়ে গেছে। ক্রমবর্ধমান কলেরা প্রাদুর্ভাবের মধ্যে অক্সিজেন ও জরুরি ওষুধের সংকট সেখানে চরম আকার ধারণ করেছে।

এই বাস্তুচ্যুতির সংকট এখন পূর্ব আফ্রিকাতেও ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) নিশ্চিত করেছে যে ৪,০০০-এরও বেশি ইয়েমেনি শরণার্থী ইতোমধ্যেই ওই অঞ্চলে পৌঁছেছেন—যার মধ্যে জিবুতিতে ৩,৮০০ জন এবং সোমালিয়ায় প্রায় ২০০ জন আশ্রয় নিয়েছেন। জিবুতির মার্কাজি শরণার্থী শিবিরে চিকিৎসকরা কলেরা প্রাদুর্ভাবের চিকিৎসা দিচ্ছেন বলেও জানিয়েছে ইউএনএইচসিআর, যেখানে এখন পর্যন্ত ৩১ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%