০৯:৪৩ পি.এম
অবশেষে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেয়েছে। তবে এই অতিরিক্ত সময়ের মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ২০২৯ সালের ২৪ নভেম্বরের মধ্যে রপ্তানি খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী করে তোলা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এতদিন বিশেষ শুল্কসুবিধা, কম উৎপাদন ব্যয় এবং তৈরি পোশাকের ওপর নির্ভর করে যে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী দিনে বৈশ্বিক বাজারে অবস্থান ধরে রাখতে যথেষ্ট হবে না।
বিশেষজ্ঞদের মতে, বাড়তি তিন বছরে পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্য চুক্তি সম্পাদনে দৃশ্যমান অগ্রগতি আনতে হবে। একই সঙ্গে ব্যাংকিং খাত, রাজস্ব ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ, বন্দর ও কাস্টমস ব্যবস্থায় সংস্কার জরুরি। এসব ক্ষেত্রে অগ্রগতি না হলে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার সুফল শেষ পর্যন্ত কাজে আসবে না।
গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে আরও তিন বছর সময় পাওয়া গেল। তবে জাতিসংঘের এ সিদ্ধান্তের সঙ্গে রয়েছে সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা। অর্থাৎ বাড়তি সময়কে কাজে লাগিয়ে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করতে হবে।
আরও পড়ুন: টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল
সরকারের একটি সময়বদ্ধ সংস্কার পরিকল্পনা রয়েছে, যাতে বাড়তি সময় কীভাবে কাজে লাগানো হবে তা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত জাতীয় গ্র্যাজুয়েশন মনিটরিং অ্যান্ড কো-অর্ডিনেশন কমিটি এ প্রক্রিয়া তদারক করছে। সরকারের ‘ন্যাশনাল রোডম্যাপ ফর স্মুথ, সাসটেইনেবল অ্যান্ড ইররিভার্সিবল এলডিসি গ্র্যাজুয়েশন ২০২৬-২০২৯’-এ অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যসুবিধা ধরে রাখা, রপ্তানি বহুমুখীকরণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতাকে পাঁচটি প্রধান অগ্রাধিকার হিসাবে রাখা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়নি। তাই কৌশলগতভাবে আরও তিন বছর সময় প্রয়োজন।
এই সময়ে মৌলিক অর্থনৈতিক সূচক শক্তিশালী করা, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। নাগরিকদের আকস্মিক অর্থনৈতিক ধাক্কা থেকে রক্ষা করার বিষয়টিও তাঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে। ইতোমধ্যে জাতীয় পর্যায়ের সমন্বয় কমিটির বৈঠকে ২০২৬-২০২৯ সালের সংস্কার রোডম্যাপ অনুমোদিত হয়। তবে সাম্প্রতিক অগ্রগতির মধ্যে রয়েছে- ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের কাছে সময়ভিত্তিক সংস্কার পরিকল্পনা উপস্থাপন। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকিং খাত, রাজস্ব আদায় ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব সংস্কারের অগ্রগতি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বার্ষিক ভিত্তিতে পর্যবেক্ষণ করবে। ফলে পরিকল্পনা তৈরি করাই যথেষ্ট নয়, বাস্তবায়নের অগ্রগতিও দেখাতে হবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার বাড়তি সময় কাজে লাগানোর জন্য সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে। এলডিসি উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আট থেকে ১০টি দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ উদ্যোগের অংশ হিসেবে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) গত ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছে। এতে পণ্য ও সেবা বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ, ই-কমার্স, মেধাস্বত্ব, কাস্টমস ও বাণিজ্য সহজীকরণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে চুক্তি স্বাক্ষরের পরও এর কার্যকর হওয়া এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কানাডা, মালয়েশিয়া, মরিশাস, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ বা সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির উদ্যোগও রয়েছে। পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) জোটে যোগদানের প্রচেষ্টা চলছে। তবে শুধু চুক্তি করলেই রপ্তানি বাড়বে না। চুক্তির আওতায় বাংলাদেশের পণ্য কতটা শুল্কসুবিধা পাবে, উৎসবিধি কী হবে, দেশীয় শিল্প কতটা প্রতিযোগিতা করতে পারবে এবং সংশ্লিষ্ট দেশের বাজারে পণ্য প্রবেশের বাস্তব বাধা কতটা কমবে—এসব বিষয় বিবেচনায় নিতে হবে।
উৎপাদন খরচ ও ব্যবসার পরিবেশে সংস্কার জরুরি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর) এবং ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, এলডিসি উত্তরণের বাড়তি সময় কোনো অর্জন নয়, বরং অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করার সুযোগ। তাঁর বিশ্লেষণে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে অগ্রাধিকারমূলক শুল্কসুবিধার ওপর অতিরিক্ত নির্ভরতা। কয়েক দশক ধরে এসব সুবিধা বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধিতে সহায়তা করলেও এগুলো স্থায়ী প্রতিযোগিতামূলক সক্ষমতার বিকল্প হতে পারে না। সাকিফ শামীম মনে করেন, আন্তর্জাতিক বাজারে এখন শুধু কম শ্রমমূল্য দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। উৎপাদনশীলতা, পণ্যের মান, সরবরাহের সময়, প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত মানদণ্ড এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ জন্য কারখানায় আধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা, ডিজিটাল মান নিয়ন্ত্রণ এবং জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে শ্রমিকদের প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরি করতে হবে।
আরও পড়ুন: নভেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বন্দর, কাস্টমস, পরিবহণ ও জ্বালানি খাতের দুর্বলতা বড় বাধা। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, কাস্টমসের জটিলতা এবং কনটেইনার ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে রপ্তানিকারকদের সময় ও ব্যয় বাড়ে। জাতীয় সিঙ্গেল উইন্ডো কার্যকর করা, কাস্টমস অটোমেশন, রেল ও নৌপথের সঙ্গে বন্দরের সমন্বয় এবং শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। ইউরোপীয় বাজারে পরিবেশগত ও সামাজিক মানদণ্ডের গুরুত্ব বাড়ছে। কার্বন নিঃসরণ, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার, রাসায়নিক ব্যবস্থাপনা এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে ক্রেতা ধরে রাখা কঠিন হবে। তাই পরিবেশবান্ধব উৎপাদনকে বাড়তি ব্যয় না ভেবে রপ্তানি বাজারে টিকে থাকার বিনিয়োগ হিসেবে দেখতে হবে। সাকিফ শামীমের প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে অগ্রাধিকার দিতে হবে বাজারভিত্তিক শুল্কসুবিধা পর্যালোচনা, ইইউর সঙ্গে আলোচনা, জিএসপি প্লাসের শর্ত পূরণ, বাণিজ্য চুক্তি এবং জ্বালানি ও লজিস্টিকস সমস্যার সমাধানে। পরবর্তী দুই বছরে ম্যান-মেড ফাইবার, এপিআই উৎপাদন, চামড়াশিল্পের পরিবেশগত সংস্কার, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি আনতে হবে। এ জন্য প্রতিটি সংস্কার কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত সংস্থা, নির্দিষ্ট সময়সীমা, অর্থায়নের উৎস এবং পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা থাকতে হবে। প্রতিবছর অগ্রগতি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সব মিলিয়ে এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হলেও এর অর্থনৈতিক সুফল নির্ভর করছে সংস্কার বাস্তবায়নের ওপর। বিশেষ শুল্কসুবিধার ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদনশীলতা, প্রযুক্তি, দক্ষতা, পণ্যের বৈচিত্র্য ও বাজার সম্প্রসারণের সক্ষমতা তৈরি করতে হবে। কারণ ২০২৯ সালের ২৪ নভেম্বর শুধু এলডিসি থেকে উত্তরণের নতুন সময়সীমা নয়, বাংলাদেশের রপ্তানি অর্থনীতির সক্ষমতা যাচাইয়েরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাড়তি তিন বছর কাজে লাগাতে পারলে এটি অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার খুলবে; অন্যথায় উত্তরণ-পরবর্তী সময়ে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থানে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
এলডিসি উত্তরণ নিয়ে সিএসইআর-এর বিশ্লেষণ
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর) সম্প্রতি "এলডিসি গ্র্যাজুয়েশন ও অর্থনৈতিক ধাক্কা: নতুন সম্ভাবনা ও রপ্তানি খাতের কাঠামোগত প্রস্তুতি" শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে সংস্থাটির চেয়ারম্যান সাকিফ শামীম আরও বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ২৯ অক্টোবর ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের প্রস্তুতিকাল ২৪ নভেম্বর ২০২৯ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে সাময়িক স্বস্তি হিসেবে দেখার চেয়ে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের সুযোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। কারণ উত্তরণের জন্য প্রয়োজনীয় সূচকে যোগ্যতা অর্জন এবং উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা তৈরি করা এক বিষয় নয়। প্রথমটি বাংলাদেশের উন্নয়নের অর্জন, দ্বিতীয়টি এখনো একটি বড় নীতিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ।
আরও পড়ুন: এশিয়ার জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি কানাডার উৎপাদন দ্বিগুণ
প্রতিবেদনে আরও বলা হয়, এলডিসি মর্যাদা থেকে উত্তরণ কোনো দেশের জন্য নিছক আনুষ্ঠানিক স্বীকৃতি নয়। এর সঙ্গে যুক্ত থাকে আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ সুবিধা, উন্নয়ন সহযোগিতায় অগ্রাধিকার, রেয়াতি অর্থায়ন এবং কিছু বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির অধীনে বিশেষ নীতিগত ছাড়ের পরিবর্তন। বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের জাতিসংঘের পর্যালোচনায় মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকের মানদণ্ড পূরণ করে উত্তরণের যোগ্যতা অর্জন করে। পরবর্তী সময়ে বৈশ্বিক মহামারি, অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ, ভূরাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা প্রস্তুতিকে জটিল করে তোলে। বাড়তি তিন বছর তাই উত্তরণ এড়িয়ে যাওয়ার সময় নয়; বরং একটি টেকসই ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার প্রস্তুতিকাল।
বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক বাজারে অগ্রাধিকারমূলক শুল্কসুবিধার সম্ভাব্য পরিবর্তন। গত কয়েক দশকে দেশের রপ্তানি সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস (ইবিএ), যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুবিধা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া এবং বিভিন্ন আঞ্চলিক বাণিজ্য ব্যবস্থার বিশেষ সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রস্তুতি মূল্যায়ন অনুযায়ী, বাংলাদেশের মোট পণ্য রপ্তানির প্রায় তিন-চতুর্থাংশ কোনো না কোনো অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার পায়। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্য রপ্তানির প্রায় ৪৪ শতাংশ যায়, আর ২০২৩ সালে ওই বাজারে পাঠানো বাংলাদেশের পণ্যের প্রায় ৯৫ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। এই পরিসংখ্যান বাংলাদেশের রপ্তানি অর্থনীতির সঙ্গে বিশেষ বাণিজ্য সুবিধার গভীর সম্পর্ক তুলে ধরে।
এই নির্ভরতার ঝুঁকি বোঝার জন্য তৈরি পোশাক খাতের দিকে তাকালেই যথেষ্ট। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট পণ্য রপ্তানি ছিল প্রায় ৪৮.২৮ বিলিয়ন ডলার। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে এসেছে প্রায় ৩৯.৩৫ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ৮১.৫ শতাংশের কাছাকাছি। অর্থাৎ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান ভিত্তি একটি শিল্পের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বৈশ্বিক বাজারে এই খাতের চাহিদা, মূল্য ও শুল্ক কাঠামোয় বড় পরিবর্তন হলে তার প্রভাব দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন, কর্মসংস্থান এবং বিনিয়োগের ওপর পড়ে।
এলডিসি উত্তরণের ফলে রপ্তানিতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিয়েও বিভিন্ন গবেষণায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) ২০২৫ সালের Trade Preferences Outlook প্রতিবেদনে বাণিজ্য অগ্রাধিকার সুবিধা হারানোর পরিস্থিতিতে বাংলাদেশের মোট রপ্তানি প্রায় ৩২ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার সম্ভাব্য প্রাক্কলন দিয়েছে। এই হিসাবকে নিশ্চিত ভবিষ্যৎ ক্ষতি হিসেবে দেখা ঠিক হবে না। কারণ বাস্তবে ক্ষতির মাত্রা নির্ভর করবে কোন বাজারে কতটা সুবিধা প্রত্যাহার হচ্ছে, বিকল্প বাণিজ্য ব্যবস্থা কত দ্রুত কার্যকর হচ্ছে, রপ্তানিকারকেরা কতটা উৎপাদনশীলতা বাড়াতে পারছেন এবং ক্রেতারা তাদের সোর্সিং কৌশলে কী পরিবর্তন আনছেন তার ওপর। তবে প্রাক্কলনটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বাংলাদেশের রপ্তানি কাঠামো কতটা অগ্রাধিকারমূলক সুবিধার ওপর নির্ভরশীল, তা এটি স্পষ্ট করে।
আরও পড়ুন: মাছের বৈচিত্র্য বিশ্ববাজারে পরিচিত হলে অর্থনীতিতে পরিবর্তন আসবে: ডিসি জাহিদুল
ইউরোপীয় ইউনিয়নের বাজারে এই পরিবর্তনের প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে ইবিএ উদ্যোগের আওতায় বাংলাদেশ অস্ত্র ও গোলাবারুদ ছাড়া প্রায় সব পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পায়। নতুন ইউরোপীয় ইউনিয়ন জিএসপি কাঠামো ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এতে এলডিসি থেকে উত্তরণকারী দেশগুলোর জন্য তিন বছরের একটি রূপান্তরকাল এবং শর্ত পূরণ সাপেক্ষে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে জিএসপি প্লাস পাওয়া স্বয়ংক্রিয় নয়। শ্রম অধিকার, মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, সুশাসন এবং নির্ধারিত আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে অগ্রগতি দেখাতে হবে। পাশাপাশি নতুন কাঠামোয় পোশাক ও টেক্সটাইল পণ্যের জন্য নির্দিষ্ট সুরক্ষা বিধান রয়েছে। ফলে জিএসপি প্লাসের যোগ্যতা অর্জন করলেই বাংলাদেশের সব পোশাক পণ্যে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত হবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়।
এখানে নিয়মের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ইবিএর আওতায় পোশাকের ক্ষেত্রে তুলনামূলক নমনীয় উৎসবিধির সুবিধা বাংলাদেশের উৎপাদকদের প্রতিযোগিতায় সহায়তা করেছে। উত্তরণের পর বিকল্প সুবিধা গ্রহণের ক্ষেত্রে সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে পোশাক তৈরির মতো একাধিক উৎপাদনধাপের শর্ত কার্যকর হতে পারে। বিশেষত ওভেন পোশাকের ক্ষেত্রে দেশে পর্যাপ্ত কাপড় উৎপাদন না থাকায় এই শর্ত পূরণ করা অনেক প্রতিষ্ঠানের জন্য কঠিন হতে পারে। তাই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য আলোচনায় শুল্কসুবিধার পাশাপাশি উৎসবিধি, পণ্যের শ্রেণিবিন্যাস, সুরক্ষা ব্যবস্থা এবং প্রয়োজনীয় রূপান্তরকাল নিয়ে সুস্পষ্ট সমাধান খুঁজতে হবে।
প্রতিযোগী দেশগুলোর অবস্থানও বাংলাদেশের জন্য নতুন বাস্তবতা তৈরি করছে। ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাজারে দীর্ঘমেয়াদি সুবিধা পেয়েছে। ভারতও বড় বাজার, বিস্তৃত কাঁচামাল সরবরাহ এবং আঞ্চলিক উৎপাদন নেটওয়ার্ককে কাজে লাগানোর চেষ্টা করছে। কম্বোডিয়া এখনো এলডিসি-সংশ্লিষ্ট সুবিধার আওতায় রয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তান পণ্য, বাজার এবং মূল্য সংযোজনের ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। এসব দেশের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশের প্রধান শক্তি দীর্ঘদিন ধরে তুলনামূলক কম উৎপাদন ব্যয় ও বড় পরিসরে উৎপাদনের সক্ষমতা। কিন্তু বৈশ্বিক ক্রেতাদের সিদ্ধান্ত এখন আর শ্রমমূল্যের ওপর এককভাবে নির্ভর করে না। তারা উৎপাদনশীলতা, সরবরাহের সময়, মান, পরিবেশগত মানদণ্ড, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসায়িক পরিবেশকেও সমান গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশের রপ্তানি কাঠামোর সবচেয়ে বড় দুর্বলতা হলো পণ্য ও বাজারের সীমিত বৈচিত্র্য। তৈরি পোশাক খাতের মধ্যেও তুলানির্ভর সাধারণ পণ্যের আধিক্য রয়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে কৃত্রিম তন্তু ও ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাকের চাহিদা বাড়ছে। এই বাজারে প্রবেশ করতে হলে আধুনিক টেক্সটাইল অবকাঠামো, উন্নত প্রযুক্তি, গবেষণা এবং নতুন কাঁচামাল ব্যবহারে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে উচ্চমূল্যের পোশাক, কারিগরি টেক্সটাইল, স্পোর্টসওয়্যার এবং বিশেষায়িত পণ্যের উৎপাদন বাড়ানো দরকার। পোশাক খাতের বর্তমান সক্ষমতা কাজে লাগিয়েই পণ্যের বৈচিত্র্য তৈরি করা সম্ভব। তবে এর জন্য উদ্যোক্তাদের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আরও পড়ুন: অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশে পৌঁছেছে
পোশাকের বাইরে সম্ভাবনাময় শিল্পগুলোর বিকাশেও দীর্ঘদিনের সীমাবদ্ধতা দূর করতে হবে। ওষুধশিল্পের ক্ষেত্রে বাংলাদেশ স্থানীয় বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করলেও আন্তর্জাতিক নিয়ন্ত্রক মান, কাঁচামাল উৎপাদন এবং গবেষণায় আরও বিনিয়োগ প্রয়োজন। বিশেষ করে সক্রিয় ওষুধ উপাদান বা এপিআই উৎপাদনে সক্ষমতা বাড়ানো জরুরি। এলডিসি হিসেবে ওষুধের মেধাস্বত্বসংক্রান্ত কিছু বিশেষ ছাড় বাংলাদেশকে জেনেরিক ওষুধ উৎপাদনে সহায়তা করেছে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুযায়ী, এলডিসি দেশগুলোর জন্য সাধারণ মেধাস্বত্ব বাস্তবায়নের রূপান্তরকাল ২০৩৪ সাল পর্যন্ত থাকলেও কোনো দেশ এর আগে এলডিসি মর্যাদা হারালে সেই সুবিধার অবসান ঘটতে পারে। ওষুধের ক্ষেত্রে বিশেষ ছাড়ও ২০৩৩ সাল পর্যন্ত অথবা কোনো দেশ তার আগে এলডিসি তালিকা থেকে বের হলে সেই সময় পর্যন্ত কার্যকর। ফলে ২০২৯ সালের উত্তরণের আগে ওষুধশিল্পকে আন্তর্জাতিক মেধাস্বত্ব কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তুতি নিতে হবে।
চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, কৃষি প্রক্রিয়াজাতকরণ, খাদ্যশিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস এবং ডিজিটাল সেবাও রপ্তানি বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। তবে সম্ভাবনা থাকলেই রপ্তানি বাড়ে না। চামড়াশিল্পের ক্ষেত্রে পরিবেশগত মান, বর্জ্য শোধন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের সীমাবদ্ধতা দূর করতে হবে। কৃষি প্রক্রিয়াজাত পণ্যের জন্য কোল্ড চেইন, খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার, মান নিয়ন্ত্রণ এবং ফাইটোস্যানিটারি সনদ নিশ্চিত করতে হবে। লাইট ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিকস খাতে স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যুক্ত করতে প্রযুক্তি, অর্থায়ন এবং মান সনদে সহায়তা প্রয়োজন। সফটওয়্যার, ক্লাউড সেবা, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য ডিজিটাল সেবা রপ্তানির ক্ষেত্রেও দক্ষ মানবসম্পদ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের বাধা কমাতে হবে।
শিল্পের প্রতিযোগিতা বাড়াতে উৎপাদনশীলতা এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এখন অপরিহার্য। দীর্ঘদিন ধরে কম শ্রমমূল্যকে বাংলাদেশের পোশাকশিল্পের প্রধান সুবিধা হিসেবে দেখা হয়েছে। কিন্তু মজুরি বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই কৌশলের সীমাবদ্ধতা স্পষ্ট হচ্ছে। শ্রমিকের দক্ষতা বাড়ানো, ব্যবস্থাপনা উন্নত করা, অপচয় কমানো এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো ছাড়া উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারখানার উৎপাদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি, ডিজিটাল মান নিয়ন্ত্রণ, ডেটাভিত্তিক পরিকল্পনা এবং জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে প্রযুক্তিগত পরিবর্তনের ফলে শ্রমবাজারে যে নতুন দক্ষতার চাহিদা তৈরি হবে, সে অনুযায়ী শ্রমিকদের প্রশিক্ষণ ও পুনঃদক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে।
লজিস্টিকস ও জ্বালানি খাতের দুর্বলতা দূর করাও সমান জরুরি। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস, কাস্টমস কার্যক্রম, কনটেইনার ব্যবস্থাপনা এবং পণ্য পরিবহনে বিলম্ব রপ্তানিকারকের সময় ও অর্থ ব্যয় বাড়িয়ে দেয়। জাতীয় সিঙ্গেল উইন্ডো কার্যকর করা, কাস্টমসের অটোমেশন, বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং রেল ও নৌপথের সঙ্গে সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন পরিকল্পনা ব্যাহত হয় এবং বিকল্প জ্বালানির জন্য বাড়তি খরচ করতে হয়। এসব সমস্যার সমাধান কোনো একটি শিল্পের জন্য নয়, বরং সামগ্রিক রপ্তানি অর্থনীতির প্রতিযোগিতা সক্ষমতার জন্য প্রয়োজন।
আরও পড়ুন: কম্পানি নিবন্ধনে স্বয়ংক্রিয় ব্যবস্থা, ব্যবসা শুরুর ভোগান্তি কমবে
পরিবেশগত ও সামাজিক মানদণ্ডও আন্তর্জাতিক বাণিজ্যে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বর্তমানে সিমেন্ট, লোহা ও ইস্পাত, অ্যালুমিনিয়াম, সার, বিদ্যুৎ এবং হাইড্রোজেনের মতো নির্দিষ্ট পণ্যকে আওতায় রেখেছে; তৈরি পোশাক বর্তমানে এর সরাসরি আওতাভুক্ত নয়। তবে এ কারণে পোশাকশিল্পের পরিবেশগত প্রস্তুতি গুরুত্বহীন হয়ে যায় নাই। ইউরোপের টেকসই ও বৃত্তাকার টেক্সটাইল নীতি, রাসায়নিক ব্যবস্থাপনা, বর্জ্য পুনর্ব্যবহার, কার্বন নির্গমন পরিমাপ এবং সরবরাহ শৃঙ্খলে মানবাধিকার ও শ্রমমান নিশ্চিত করার চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক ক্রেতারা নিজস্ব নীতিমালার অংশ হিসেবে এসব বিষয় সরবরাহকারীদের কাছ থেকেও জানতে চাইছে। তাই পরিবেশবান্ধব উৎপাদন ও শ্রমিকের অধিকার নিশ্চিত করাকে অতিরিক্ত ব্যয় হিসেবে না দেখে বাজারে টিকে থাকার বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
এলডিসি উত্তরণ-পরবর্তী অর্থনীতির জন্য বাণিজ্য কূটনীতির গুরুত্বও বাড়বে। বিশ্ব বাণিজ্য সংস্থার বহুপক্ষীয় কাঠামোর পাশাপাশি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি এখন বাজারে প্রবেশের গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠেছে। বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জিএসপি প্লাস ও ভবিষ্যৎ বাজার প্রবেশাধিকার নিয়ে সক্রিয় আলোচনা চালাতে হবে। যুক্তরাজ্য, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্কের কাঠামো পর্যালোচনা করে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব বা আরসিইপি-তে বাংলাদেশের যোগদানের আবেদনও বিবেচনাধীন রয়েছে। তবে এতে অন্তর্ভুক্তি কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়। চুক্তির নিয়ম মেনে চলার সক্ষমতা এবং অংশীদার দেশগুলোর জন্য কার্যকর বাজার-সুবিধা দেওয়ার প্রস্তুতি প্রমাণ করতে হবে। তাই সম্ভাব্য লাভের পাশাপাশি দেশীয় শিল্পের প্রতিযোগিতার চাপ ও প্রয়োজনীয় সংস্কারও মূল্যায়ন করা জরুরি।
শিল্প রূপান্তরের জন্য বিদেশি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প নেই। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে নীতির ধারাবাহিকতা, কর কাঠামোর পূর্বানুমানযোগ্যতা, ভূমি ও ইউটিলিটি সেবা, দ্রুত অনুমোদন এবং মুনাফা ও মূলধন প্রত্যাবাসনের স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ওয়ান স্টপ সার্ভিসকে কার্যকর করতে হবে। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগকে উৎসাহিত করলে নতুন প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ব্যাংকিং খাতের সুশাসন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, মূলধন বাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকদের জন্য ট্রেড ফাইন্যান্সিং সম্প্রসারণ করতে হবে।
এখন প্রয়োজন বাড়তি তিন বছরকে একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনায় রূপান্তর করা। ২০২৬-২৭ সালে অগ্রাধিকার হওয়া উচিত বাজারভিত্তিক শুল্কসুবিধার অবস্থা পর্যালোচনা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার প্রস্তুতি, জিএসপি প্লাসের শর্ত পূরণ, রপ্তানি সহায়তার বিকল্প ব্যবস্থা এবং জরুরি লজিস্টিকস ও জ্বালানি সমস্যার সমাধান। ২০২৭-২৯ সময়ে পণ্যের বৈচিত্র্য, ম্যান-মেড ফাইবার, এপিআই উৎপাদন, চামড়াশিল্পের পরিবেশগত সংস্কার, কৃষি প্রক্রিয়াজাতকরণ, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি বিনিয়োগে দৃশ্যমান অগ্রগতি আনতে হবে। এসব উদ্যোগের প্রতিটির জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা, নির্দিষ্ট লক্ষ্য, অর্থায়নের উৎস এবং অগ্রগতি পরিমাপের সূচক থাকতে হবে। প্রতি বছর একটি প্রকাশ্য অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হলে নীতির জবাবদিহি ও বাস্তবায়নের ধারাবাহিকতা বাড়বে।
এলডিসি উত্তরণ বাংলাদেশের উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ অর্জন। কিন্তু এই অর্জনের স্থায়িত্ব নির্ভর করবে উত্তরণের পর দেশটি কতটা উৎপাদনশীল, বহুমুখী ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে পারে তার ওপর। শুল্কসুবিধা দীর্ঘদিনের রপ্তানি প্রবৃদ্ধিতে সহায়তা করেছে, কিন্তু এগুলো স্থায়ী অর্থনৈতিক শক্তির বিকল্প নয়। বাড়তি তিন বছরকে তাই সাময়িক স্বস্তির সময় হিসেবে ব্যবহার করলে সুযোগটি হারিয়ে যাবে। বরং এই সময়কে কাজে লাগাতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন শিল্পের বিকাশ, বাজার সম্প্রসারণ, প্রযুক্তি গ্রহণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য। বাংলাদেশের সামনে এখন মূল প্রশ্ন এলডিসি মর্যাদা থেকে কখন উত্তরণ ঘটবে, তা নয়; বরং উত্তরণের পর বৈশ্বিক বাজারে নিজের অবস্থান ধরে রাখার মতো সক্ষমতা কত দ্রুত তৈরি করা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন