০৬:০৮ পি.এম
যৌথ মূলধন কম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালু করছে, যা কম্পানি নিবন্ধন প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করবে। নতুন এই ব্যবস্থা আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হবে। আবেদনকারীরা নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য, নথি ও ফি জমা দিলে এবং পরিচয় যাচাইসহ সব শর্ত পূরণ করলে তাৎক্ষণিকভাবে কম্পানি নিবন্ধনের অনুমোদন পাবেন। পাশাপাশি, কম্পানির নামের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াও দ্রুত করা হবে।
আরজেএসসির এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য গতকাল সোমবার বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত পুরনো ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন জমা দেওয়ার কার্যক্রম বন্ধ থাকবে। এরপর থেকে নামের ছাড়পত্র ও কম্পানি নিবন্ধনের সব নতুন আবেদন নতুন ইবিআরএসের মাধ্যমে করতে হবে।
নতুন ব্যবস্থায় সব আবেদন একই প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে না। আবেদনকারীরা যদি আরজেএসসির নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করেন এবং প্রয়োজনীয় তথ্য, ফি, পরিচয় যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি নিশ্চিত করেন, তাহলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত ও নিবন্ধিত হবে।
আরও পড়ুন: অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশে পৌঁছেছে
তবে, যদি কেউ নিজস্ব বা কাস্টমাইজড সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করেন, তাহলে তাদের আবেদন আরজেএসসির কর্মকর্তাদের দ্বারা প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যাচাই করা হবে। যাচাইয়ের সময় তথ্যের অসংগতি, অসম্পূর্ণতা বা ত্রুটি পাওয়া গেলে সংশোধনের নির্দেশনাসহ আবেদনকারীর অনলাইন অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।
নতুন ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে নামের ছাড়পত্রের আবেদন সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক যাচাইয়ের পর কর্মকর্তাদের পুনরায় যাচাইয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এ ক্ষেত্রে আবেদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে আরজেএসসি। পরবর্তী সময়ে সফটওয়্যারের অ্যালগরিদম উন্নত হলে পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক নামের ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চালু হবে।
নিবন্ধন ক্রিয়ায় পরিচয় যাচাইয়ের জন্য নতুন শর্ত যুক্ত করা হয়েছে। বাংলাদেশের কোনো নাগরিককে কম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হতে হলে আবেদন প্রক্রিয়ায় তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইম যাচাই করা হবে। মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত কি না, তা-ও পরীক্ষা করা হবে। যাচাইয়ে ব্যর্থ হলে তাকে সংশ্লিষ্ট পদে অন্তর্ভুক্ত করা যাবে না। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণক (পিএসআর) স্ক্যান করে আপলোড করতে হবে।
শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য ও অংশীদারদের ই-মেইল বা মোবাইলে পাঠানো এককালীন পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে সম্মতি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সবার সম্মতি সম্পন্ন না হওয়া পর্যন্ত নিবন্ধন আবেদন পরবর্তী যাচাইয়ের জন্য এগোবে না।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে
পুরোনো সফটওয়্যারে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে আরজেএসসি। ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত পাওয়া নামের ছাড়পত্র এবং ১ জুলাই থেকে ওই সময় পর্যন্ত জমা দেওয়া নিবন্ধন আবেদন নতুন সিস্টেমে স্থানান্তর করা হবে। তবে খসড়া তৈরি হলেও নির্ধারিত ফি পরিশোধ করা হয়নি- এমন আবেদন স্থানান্তর হবে না। সেগুলো নতুন সফটওয়্যারে আবার জমা দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন