০৪:৩৯ পি.এম
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার জানিয়েছেন, পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকের পর তিনি সাংবাদিকদের সাথে এসব তথ্য শেয়ার করেন।
তিনি উল্লেখ করেন, পোশাক খাতের শ্রমিকদের (নতুন) জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রাথমিক প্রস্তাবটি দেওয়া হয়েছে। গ্রেড একের জন্য ৪৮ হাজার, গ্রেড দুইয়ের জন্য ৪৩ হাজার এবং গ্রেড তিনের জন্য ৩৮ হাজার টাকার প্রস্তাবও রয়েছে। শিক্ষানবীশ পোশাক শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা গলাচিপা উপজেলা
চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে মালিকপক্ষের প্রতিনিধিরা জানান, আজকের সভায় তাদের পক্ষ থেকে মজুরি প্রস্তাব দেওয়া সম্ভব হয়নি।
এদিকে, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের জানান, আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ বেতন কাঠামোর সুপারিশ করবেন। শ্রমিকপক্ষ ইতোমধ্যে তাদের সুপারিশ দাখিল করেছে।
তিনি আরও বলেন, পরবর্তী সভার আগে শ্রমঘন শিল্প এলাকার সকল কারখানা পরিদর্শন করবে মজুরি বোর্ড।
এর আগে, গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর জানানো হয়, তৈরি পোশাক শিল্পে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকরা বাড়তি বেতন জানুয়ারিতে পাবেন।
আরও পড়ুন: তাহেরীকে ঘিরে উত্তেজনা, নরসিংদীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ কিছুটা কমেছে। তবে রোববার (৮ নভেম্বর) এই দুই এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। তাদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে সরকার গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করেছে।
বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিক পক্ষের প্রতিনিধি হলেন বাবুল আখতার।
এছাড়া শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব রয়েছেন।
আরও পড়ুন: ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাহুবল ট্রমা সেন্টার ১২ বছরেও চালু হয়নি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন