ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা গলাচিপা উপজেলা


জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা গলাচিপা উপজেলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলা অক্টোবর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশের মধ্যে সেরা অবস্থানে এসেছে। একই সময়ে, জেলা ক্যাটাগরিতে পটুয়াখালী দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই কার্যক্রমটি শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্য পরিচালিত হয়।

গলাচিপা উপজেলা নিবন্ধনের লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১৬৩ শতাংশ কাজ সম্পন্ন করেছে। পটুয়াখালী জেলা জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। জেলায় মোট কাজের পরিমাণ ১০৩.৪৫ শতাংশ।

৯ অক্টোবর সোমবার, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

সূত্র অনুযায়ী, জেলা ক্যাটাগরিতে হবিগঞ্জ জেলা ১০৩.৮৩ শতাংশ কাজ করে প্রথম স্থান অর্জন করেছে। হবিগঞ্জ জেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৯৮৫ টি, তারা ৪৪০১টি সম্পন্ন করেছে। মৃত্যুর ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ১২২০টি, তারা ১১৮৬টি নিবন্ধন করেছে। হবিগঞ্জ জেলার অর্জন ১০৩.৮৩ শতাংশ। জেলা পর্যায়ে পটুয়াখালী এবং চুয়াডাঙ্গা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। পটুয়াখালী জেলা ১০৩.৪৫ শতাংশ এবং চুয়াডাঙ্গা জেলা ৯৪.৬২ শতাংশ কাজ করেছে।

অক্টোবর মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা দেশের মধ্যে সেরা হয়েছে। জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ১৬৩ শতাংশ, যা সারা দেশের মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে, তাদের অর্জন ১৪১ শতাংশ। সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলা তৃতীয় স্থানে রয়েছে, তাদের অর্জন ১৩৪ শতাংশ।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক মন্তব্য করেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধুমাত্র একটি প্রশাসনিক কার্যক্রম নয়; এটি নাগরিকের আইনগত পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। একটি শিশুর জন্ম থেকে শুরু করে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয় তথ্যভান্ডারে সঠিক তথ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্ব হলো নির্ভুলতা, সময়ানুবর্তিতা ও সেবার মান নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘আমি এ অর্জনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট সকলকে তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এ অর্জন যেন সাময়িক সাফল্যে সীমাবদ্ধ না থাকে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুণগত মান বজায় রাখা, শতভাগ নিবন্ধন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গলাচিপা উপজেলা ভবিষ্যতেও সেবার মান ও দক্ষতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।’

আরও পড়ুন: কেন্দুয়ায় প্রকাশ্যে ইয়াবা সেবন, দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

‘দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সঠিক নির্দেশনা ও দূরদর্শিতায় এ ফলাফল সম্ভব হয়েছে।’

পটুয়াখালী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা নিয়মিত তদারকি এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। বিশেষ করে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গলাচিপা উপজেলা লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬৩ শতাংশ অর্জন করে দেশসেরা হওয়া এবং পটুয়াখালী জেলা ১০৩.৪৫ শতাংশ অর্জন করে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এ অর্জনের পেছনে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।’

উল্লেখ্য, গত জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা প্রথমবারের মতো দেশসেরা হয়েছিল। এপ্রিল-আগস্ট টানা ৪ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা উপজেলার ইউএনও আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন। জন্ম-মৃত্যু নিবন্ধনে কার্যক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলা বর্ষসেরা উপজেলার কৃতিত্ব অর্জন করেছিল এবং বর্ষসেরা ইউএনও হয়েছিলেন দুমকী উপজেলার তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।

আরও পড়ুন: তাহেরীকে ঘিরে উত্তেজনা, নরসিংদীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের জ্বালানি সংরক্ষণ সক্ষমতা বাড়াতে ১.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


ভারতের জ্বালানি সংরক্ষণ সক্ষমতা বাড়াতে ১.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দেশের জ্বালানি নিরাপত্তা ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে ১.৫ বিলিয়ন ডলারের একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রিডভিত্তিক জ্বালানি সংরক্ষণ সক্ষমতা গড়ে তোলা হবে, যা নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সরকার চলতি সপ্তাহে জানিয়েছে, প্রকল্পের আওতায় ৯২ গিগাওয়াট-ঘণ্টা (জিডব্লিউএইচ) নতুন সংরক্ষণ সক্ষমতা তৈরি করা হবে। এই নতুন সক্ষমতা বিদ্যমান গ্রিডভিত্তিক জ্বালানি সংরক্ষণ সক্ষমতার ১৭০ শতাংশের সমান হবে।

গ্রিডভিত্তিক এই সংরক্ষণব্যবস্থা ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে ৬০ গিগাওয়াট-ঘণ্টা পাম্পড হাইড্রো স্টোরেজ, ৩০ গিগাওয়াট-ঘণ্টা ব্যাটারি স্টোরেজ এবং উদীয়মান সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে ২ গিগাওয়াট-ঘণ্টা সক্ষমতা গড়ে তোলা হবে।

সরকার আশা করছে, এই প্রকল্পগুলোর মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে।

প্রকল্পের মূল দিকগুলো

সংরক্ষণ সক্ষমতা

২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৯২ গিগাওয়াট-ঘণ্টা (জিডব্লিউএইচ) নতুন সংরক্ষণ সক্ষমতা তৈরি হবে, যা বিদ্যমান ক্ষমতার ১৭০ শতাংশ। এর মধ্যে ৬০ জিডব্লিউএইচ পাম্পড হাইড্রো, ৩০ জিডব্লিউএইচ ব্যাটারি এবং ২ জিডব্লিউএইচ উদীয়মান প্রযুক্তিভিত্তিক।

বিনিয়োগ ও স্বনির্ভরতা: পাঁচ বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে বলে ধারণা করা হচ্ছে। ব্যাটারি প্রকল্পে অন্তত ৪০ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার বাধ্যবাধকতা করা হয়েছে। এছাড়া লিথিয়াম ও নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানা তৈরিতে ৩০০ মিলিয়ন ডলারের একটি পৃথক প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সংকট ও প্রয়োজনীয়তা

ভূরাজনৈতিক অস্থিরতা ও ইরান কেন্দ্রিক যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি ঝুঁকি মোকাবেলায় এই উদ্যোগ জরুরি ছিল। দিন ও সন্ধ্যার বিদ্যুৎ চাহিদার তারতম্য এবং নবায়নযোগ্য জ্বালানির ওঠানামা সামাল দিতে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা অপরিহার্য। ২০৩১-৩২ সালের মধ্যে ভারতের ৪১১ জিডব্লিউএইচ স্টোরেজ সক্ষমতা প্রয়োজন হলেও ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯.১ জিডব্লিউএইচ ব্যাটারি স্টোরেজ চালু ছিল।

পরিচ্ছন্ন জ্বালানির লক্ষ্যমাত্রা

বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ ভারত ২০৭০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ এবং ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অ-জীবাশ্ম বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। ২০০৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে নিঃসরণের ঘনত্ব ৪৫ শতাংশ কমানোর লক্ষ্যও রয়েছে দেশটির। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতের সৌরবিদ্যুৎ সক্ষমতা ১৭১ গিগাওয়াট এবং জলবিদ্যুৎ সক্ষমতা প্রায় ৫৭ গিগাওয়াটে পৌঁছেছে।

নরেদ্র মোদির বক্তব্য

প্রকল্পটির ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এটি বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়াতে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরো বিস্তৃত করতে এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সহায়তা করবে।

মোদি বলেন, ‘মন্ত্রিসভা ৯২ গিগাওয়াট-ঘণ্টা জ্বালানি সংরক্ষণ সক্ষমতা গড়ে তুলতে ১৪ হাজার ৫০০ কোটি রুপির বড় একটি উদ্যোগ অনুমোদন করেছে। এর মাধ্যমে আনুমানিক প্রায় ১ লাখ কোটি রুপির বিনিয়োগ আসবে।’

তিনি আরও বলেন, ‘এর ফলে বিদ্যুৎ সরবরাহ আরো নির্ভরযোগ্য হবে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা আরো শক্তিশালী হবে।’

তথ্য সূত্র: খালেজ টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় প্রকাশ্যে ইয়াবা সেবন, দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


কেন্দুয়ায় প্রকাশ্যে ইয়াবা সেবন, দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

নেত্রকোনার কেন্দুয়ায় প্রকাশ্যে ইয়াবা সেবন করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কেন্দুয়া উপজেলার টেংগুরী পশ্চিমপাড়া গ্রামের তমজিদ মিয়ার ছেলে সজিব হোসেন (২৬) এবং টেংগুরী-হরিয়ামালা এলাকার আব্দুস ছাত্তারের ছেলে সুজন মিয়া (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া পৌরসভার টেংগুরী এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল। উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের আচরণে স্থানীয় জনসাধারণের মধ্যে বিরক্তি ও অসন্তোষের সৃষ্টি হয়।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর আইনি প্রক্রিয়া শেষে তাদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব।

নিহত আদিব একই গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো.সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিব সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ১৬ অক্টোবর বিকেলে ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ তাকে মারধর করেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন ছাত্রের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন। এরপর মাদরাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে নিজ বাড়িতে মারা যায় আদিব।

নিহতের বাবা সাহাব উদ্দিন বলেন, তার ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। সেখানে পড়ার সময় সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা জানান, তার রক্তশূন্যতা ছিল। পরে টাকার অভাবে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। সেখানে হুজুররাও তাকে কিছু মারধর করছে। শিক্ষকের মারধরে মৃত্যু হয়েছে বলে আমরা মনে করিনা। বাচ্চার হায়াত শুকিয়ে গেছে তাই মারা গেছে। আমরা হুজুরকে দোষারপ করিনা। আমরা আল্লার ওপরে নির্ভরশীল,আল্লাহ বাচ্চা দিয়েছে আল্লাহ নিয়ে গেছে।

দারুস সালাম মডেল মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক শাসন করার পর ছাত্রের অভিভাবকেরা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে আমি ছাত্রের বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পাই। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন। পরে জানতে পারেন, ওই ছাত্র আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি ছাত্রের চিকিৎসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন, তবে অভিভাবকেরা তা দেখাননি। এমনকি ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও অভিভাবকেরা তাকে কোনো সহযোগিতা করেননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের স্বজনেরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। নিহতের শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় ৭ গ্রেপ্তার, মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় ৭ গ্রেপ্তার, মামলা দায়ের

ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতাকে ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪১ জন নামীয় আসামি এবং ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত রবিবার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করার পর পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। পুলিশ জানায়, সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ঘটনাস্থলের আশেপাশে চিরুনি অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, রাকিব মৃধা (২৫) পিতা- জাহাঙ্গীর মৃধা, রুবেল মৃধা (৩০) পিতা- জাহাঙ্গীর মৃধা, মিল্টন হাওলাদার (২০) পিতা- মজিবুর রহমান, সেলিনা বেগম (৫৫) স্বামী- নূর মোহাম্মদ, সোহেল হাওলাদার (২৭) পিতা- মজিদ হাওলাদার, রাশেদ মৃধা পিতা- মৃত মালেক মৃধা, শহিদুল ইসলাম (২৮) পিতা- মোবারক খলিফা। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানিয়েছেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মূল আসামীসহ বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%