প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দেশের জ্বালানি নিরাপত্তা ও সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে ১.৫ বিলিয়ন ডলারের একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রিডভিত্তিক জ্বালানি সংরক্ষণ সক্ষমতা গড়ে তোলা হবে, যা নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সরকার চলতি সপ্তাহে জানিয়েছে, প্রকল্পের আওতায় ৯২ গিগাওয়াট-ঘণ্টা (জিডব্লিউএইচ) নতুন সংরক্ষণ সক্ষমতা তৈরি করা হবে। এই নতুন সক্ষমতা বিদ্যমান গ্রিডভিত্তিক জ্বালানি সংরক্ষণ সক্ষমতার ১৭০ শতাংশের সমান হবে।
গ্রিডভিত্তিক এই সংরক্ষণব্যবস্থা ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে ৬০ গিগাওয়াট-ঘণ্টা পাম্পড হাইড্রো স্টোরেজ, ৩০ গিগাওয়াট-ঘণ্টা ব্যাটারি স্টোরেজ এবং উদীয়মান সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে ২ গিগাওয়াট-ঘণ্টা সক্ষমতা গড়ে তোলা হবে।
সরকার আশা করছে, এই প্রকল্পগুলোর মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে।
প্রকল্পের মূল দিকগুলো
সংরক্ষণ সক্ষমতা
২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৯২ গিগাওয়াট-ঘণ্টা (জিডব্লিউএইচ) নতুন সংরক্ষণ সক্ষমতা তৈরি হবে, যা বিদ্যমান ক্ষমতার ১৭০ শতাংশ। এর মধ্যে ৬০ জিডব্লিউএইচ পাম্পড হাইড্রো, ৩০ জিডব্লিউএইচ ব্যাটারি এবং ২ জিডব্লিউএইচ উদীয়মান প্রযুক্তিভিত্তিক।
বিনিয়োগ ও স্বনির্ভরতা: পাঁচ বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে বলে ধারণা করা হচ্ছে। ব্যাটারি প্রকল্পে অন্তত ৪০ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার বাধ্যবাধকতা করা হয়েছে। এছাড়া লিথিয়াম ও নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানা তৈরিতে ৩০০ মিলিয়ন ডলারের একটি পৃথক প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সংকট ও প্রয়োজনীয়তা
ভূরাজনৈতিক অস্থিরতা ও ইরান কেন্দ্রিক যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি ঝুঁকি মোকাবেলায় এই উদ্যোগ জরুরি ছিল। দিন ও সন্ধ্যার বিদ্যুৎ চাহিদার তারতম্য এবং নবায়নযোগ্য জ্বালানির ওঠানামা সামাল দিতে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা অপরিহার্য। ২০৩১-৩২ সালের মধ্যে ভারতের ৪১১ জিডব্লিউএইচ স্টোরেজ সক্ষমতা প্রয়োজন হলেও ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯.১ জিডব্লিউএইচ ব্যাটারি স্টোরেজ চালু ছিল।
পরিচ্ছন্ন জ্বালানির লক্ষ্যমাত্রা
বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ ভারত ২০৭০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ এবং ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অ-জীবাশ্ম বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। ২০০৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে নিঃসরণের ঘনত্ব ৪৫ শতাংশ কমানোর লক্ষ্যও রয়েছে দেশটির। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতের সৌরবিদ্যুৎ সক্ষমতা ১৭১ গিগাওয়াট এবং জলবিদ্যুৎ সক্ষমতা প্রায় ৫৭ গিগাওয়াটে পৌঁছেছে।
নরেদ্র মোদির বক্তব্য
প্রকল্পটির ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এটি বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়াতে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরো বিস্তৃত করতে এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সহায়তা করবে।
মোদি বলেন, ‘মন্ত্রিসভা ৯২ গিগাওয়াট-ঘণ্টা জ্বালানি সংরক্ষণ সক্ষমতা গড়ে তুলতে ১৪ হাজার ৫০০ কোটি রুপির বড় একটি উদ্যোগ অনুমোদন করেছে। এর মাধ্যমে আনুমানিক প্রায় ১ লাখ কোটি রুপির বিনিয়োগ আসবে।’
তিনি আরও বলেন, ‘এর ফলে বিদ্যুৎ সরবরাহ আরো নির্ভরযোগ্য হবে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা আরো শক্তিশালী হবে।’
তথ্য সূত্র: খালেজ টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন