০৫:৩৫ পি.এম
চাপ ছাড়াই গত এক সপ্তাহ ধরে টিউবওয়েল থেকে পানি ও আগুন বের হচ্ছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে আশপাশ ও দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় করছে। অনেকেই এই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করছেন।
ঘটনাটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালী কলোনির বাসিন্দা মো. আবদুল্লাহর টিউবওয়েলে ঘটেছে।
আবদুল্লাহ কালের কণ্ঠকে জানান, তার বাসার সামনে দুই মাস আগে টিউবওয়েলটি স্থাপন করা হয়েছিল। তবে টিউবওয়েল থেকে প্রয়োজনীয় পানি উঠছিল না। সেটি স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়ার আগেই হঠাৎ তিনি লক্ষ্য করেন টিউবওয়েলের নিচ থেকে পানি বের হচ্ছে। পানির সঙ্গে আগুনও উঠতে দেখা যায়। বর্তমানে টিউবওয়েলের মুখ থেকে ঝরনার মতো পানি ও আগুন বের হচ্ছে। এই দৃশ্য দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন।
আরও পড়ুন: মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, এমন একটি ঘটনা শুনে তিনি সরাসরি গিয়ে ভিডিও ধারণ করেছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেন, "কল থেকে আপনাআপনি পানি ও আগুন বের হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের খতিয়ে দেখা প্রয়োজন।"
রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম জানান, শুকনো মৌসুমে সাধারণত পানির স্তর নিচে চলে যায়। বর্ষা মৌসুমে বেশি বৃষ্টির কারণে পানির স্তর উপরে উঠে আসে। এই সময় নিচ থেকে পানির চাপ তৈরি হয়। ফলে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি উপরে উঠে আসে। তবে পানির সঙ্গে আগুন বের হওয়ার কারণ খতিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় প্রকাশ্যে ইয়াবা সেবন, দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন