ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাহুবল ট্রমা সেন্টার ১২ বছরেও চালু হয়নি


৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাহুবল ট্রমা সেন্টার ১২ বছরেও চালু হয়নি

২০১৪ সালে নির্মাণকাজ সম্পন্ন হয়, কিন্তু ২০২৩ সালে উদ্বোধন করা হয়; ২০ শয্যায় উন্নীত হলেও ২৭ জন জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, স্থানীয়রা অপেক্ষায় রয়েছেন।

১২ বছর আগে নির্মাণকাজ শেষ হয়েছিল। ৯ বছর পর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও চিকিৎসাসেবা মাত্র ১৫ দিন চালু ছিল। এরপর থেকে হবিগঞ্জের বাহুবল ট্রমা সেন্টার কার্যত বন্ধ হয়ে রয়েছে। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত ১০ শয্যার এই ট্রমা সেন্টারটি এক যুগ পার হলেও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ভবনে শয্যা ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তবে প্রয়োজনীয় জনবল না থাকার কারণে সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

জনবল চেয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। অন্যদিকে দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে ভবন ও চিকিৎসা সরঞ্জাম নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা গলাচিপা উপজেলা

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় দেশের ছয়টি মহাসড়কের পাশে ১০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে হবিগঞ্জের বাহুবলেও একটি ট্রমা সেন্টার নির্মাণ করা হয়। ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ২০১৪ সালে ভবন নির্মাণের কাজ শেষ হয়। প্রয়োজনীয় শয্যা ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হলেও চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা শুরু করা যায়নি। এভাবে নানা জটিলতায় কেটে গেছে কয়েক বছর।

অবশেষে ২০২৩ সালে ট্রমা সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরও চিকিৎসা কার্যক্রম চালু হয়নি। ২০২৫ সালের ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশে জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সাময়িকভাবে জনবল এনে ১৫ দিনের জন্য সেন্টারটি চালু করা হয়। ঈদ শেষে সংশ্লিষ্ট জনবল নিজ নিজ কর্মস্থলে ফিরে গেলে চিকিৎসাসেবা আবারও বন্ধ হয়ে যায়। স্থায়ী জনবল পদায়ন না হওয়ায় প্রতিষ্ঠানটি আর চালু করা সম্ভব হয়নি।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় গুরুতর আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য কাছাকাছি কোনো বিশেষায়িত জরুরি চিকিৎসাকেন্দ্র না থাকায় তাঁদের হবিগঞ্জ, সিলেট কিংবা ঢাকায় পাঠাতে হয়। এতে চিকিৎসা পেতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। বিশেষ করে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে এই বিলম্ব জীবনসংকট আরও বাড়িয়ে তোলে। মহাসড়কের পাশে বাহুবল ট্রমা সেন্টারটি চালু থাকলে দুর্ঘটনাকবলিত অনেক রোগীকে দ্রুত প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হতো।

স্থানীয় বাসিন্দা মামুনুর রশীদ বলেন, "ঢাকা-সিলেট মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে অনেকে গুরুতর আহত হন, আবার কেউ কেউ প্রাণ হারান। দুর্ঘটনার পর আহতদের দ্রুত সিলেট কিংবা ঢাকায় পাঠাতে হয়। কাছাকাছি তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় অনেক রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে।" তিনি আরও বলেন, "ট্রমা সেন্টারটি চালু থাকলে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হতো। এতে অনেকের জীবন বাঁচানো যেত। এত টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে বছরের পর বছর সেটি বন্ধ ফেলে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

আরও পড়ুন: তাহেরীকে ঘিরে উত্তেজনা, নরসিংদীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরেক স্থানীয় বাসিন্দা ইকবাল মিয়া বলেন, "বছরের পর বছর জনস্বার্থসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান বন্ধ পড়ে থাকলেও তা চালুর ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান তৎপরতা নেই। জনবল চেয়ে একের পর এক চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে সেন্টারটি চালুর কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।" এ অবস্থায় প্রশাসনের ভূমিকা ও দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে সম্প্রতি দেশের ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ‘এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহুবলের ১০ শয্যার সেন্টারটি ২০ শয্যায় উন্নীত করা হয়েছে। তবে নাম ও শয্যাসংখ্যা বাড়লেও এখনো নিশ্চিত হয়নি প্রয়োজনীয় জনবল ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা।

বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, "সরকারি নির্দেশনায় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে জনবল এনে ২০২৫ সালের ঈদুল আজহায় ১৫ দিনের জন্য সেন্টারটি চালু করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট জনবল নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থায়ী জনবল না পাওয়ায় এরপর আর চালু করা সম্ভব হয়নি।" জনবল চেয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, "গত ৯ সেপ্টেম্বর সরকারি পত্রের মাধ্যমে দেশের ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ‘এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ করা হয়েছে। একই সঙ্গে বাহুবলের কেন্দ্রটি ১০ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীত করা হয়েছে। এখানে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় কর্মচারীসহ মোট ২৭ জন জনবলের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। প্রয়োজনীয় জনবল পদায়ন করা হলে দ্রুত সেন্টারটি চালু করা হবে।"

আরও পড়ুন: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ৮১টি শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

দীর্ঘ ১২ বছরেও সেন্টারটি চালু করা সম্ভব হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, "নানা জটিলতার কারণে এতদিন এটি চালু করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি সেন্টারটি চালুর বিষয়ে তাঁরা চেষ্টা করছেন।"

একদিকে মহাসড়কে দুর্ঘটনায় আহত মানুষ জরুরি চিকিৎসার অভাবে জীবনঝুঁকিতে পড়ছেন, অন্যদিকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন ও কেনা চিকিৎসা সরঞ্জাম পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়। জনস্বার্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠান বছরের পর বছর এভাবে বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁদের প্রশ্ন, দুর্ঘটনায় আহত মানুষের জীবন বাঁচানোর জন্য নির্মিত প্রতিষ্ঠানটি চালু করতে আর কতদিন অপেক্ষা করতে হবে?

স্থানীয়দের দাবি, কেবল চিঠি চালাচালি ও আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত প্রয়োজনীয় ২৭ জন জনবল পদায়ন, চিকিৎসা সরঞ্জাম সচল এবং পূর্ণাঙ্গ জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। মহাসড়কে দুর্ঘটনায় আহত মানুষের জীবন রক্ষায় বাহুবল এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টারটি দ্রুত চালুর কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: সিডরের ১৯ বছর পরও মেরামত হয়নি পটুয়াখালীর বেড়িবাঁধগুলো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর ও টঙ্গীকে পরিচ্ছন্ন রাখতে জাইকার উদ্যোগে ‘ (clean it up ক্লিন ইট আপ’) ক্যাম্পেইন

আন্তর্জাতিক ডেস্ক

টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ ফারুক হোসেন

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


গাজীপুর ও টঙ্গীকে পরিচ্ছন্ন রাখতে জাইকার উদ্যোগে ‘ (clean it up ক্লিন ইট আপ’) ক্যাম্পেইন

গাজীপুর টঙ্গীতে আজ ( ৯ নভেম্বর সোমবার ) এলাকাকে ময়লা-আবর্জনা মুক্ত, স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে, জাইকার এক নাগরিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘ক্লিন ইট আপ’ (Clean It Up)

করবো কাজ গড়বো দেশ
সবার আগে বাংলাদেশ
এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় তরুণ সমাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জাইকার যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
দিন দিন জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন সড়ক, অলিগলি এবং ড্রেনেজ ব্যবস্থা প্রায়ই ময়লা জমে দূষণের শিকার হচ্ছিল। এর ফলে একদিকে যেমন নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছিল, অন্যদিকে নষ্ট হচ্ছিল এলাকার সৌন্দর্য। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই ‘ক্লিন ইট আপ’ ক্যাম্পেইনটি হাতে নেওয়া হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোন-১ এর প্রধান প্রকৌশলী মাইদুল ইসলাম, জাইকার ক‍্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং স্পেশালিস্ট কহিনুর খান, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী
আফসানা জামান প্রান্তী,
এ আর ইউসুফ সাদী,
মো.আজিজুল হক, টঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শামিম, আফ্রিন সুলতানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী দিনে টঙ্গী বাজার ও এর আশপাশের জনবহুল এলাকায় তরুণ স্বেচ্ছাসেবকরা ঝাঁট দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করেন এবং যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সচেতন করেন। এ সময় তারা ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা সংবলিত লিফলেট বিতরণ করেন।
উদ্যোক্তারা জানান, এটি কেবল একদিনের কোনো কার্যক্রম নয়; বরং এটি একটি ধারাবাহিক আন্দোলন। পর্যায়ক্রমে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এই ক্যাম্পেইন ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ডাস্টবিন স্থাপন এবং সঠিক উপায়ে বর্জ্য অপসারণের স্থায়ী সমাধানের দাবি জানানো হবে।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের এক পক্ষে পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সদিশতা ও সহযোগিতা। ‘ক্লিন ইট আপ’ ক্যাম্পেইনের মাধ্যমে গাজীপুর ও টঙ্গী আগামী দিনে একটি প্লাস্টিক-মুক্ত ও পরিচ্ছন্ন মডেল শহরে রূপ নেবে—এমনটাই প্রত্যাশা সকলের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে আড়াই হাজার মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে আড়াই হাজার মামলা দায়ের

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৩১টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ সোমবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৮টি ট্রাক, ৯টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ১৫০টি মোটরসাইকেলসহ মোট ৩১৭টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৪টি বাস, ৪০টি ট্রাক, ৩৫টি কাভার্ড ভ্যান, ১০৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ৪৯০টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৯টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৪০টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ৬টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩৭৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ৮টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৩৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪১টি বাস, ৮টি ট্রাক, ২৬টি কাভার্ড ভ্যান, ৬১টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, অভিযান চলাকালে ৫৯২টি গাড়ি ডাম্পিং এবং ৪২০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি ও আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


লক্ষ্মীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি ও আগুন

চাপ ছাড়াই গত এক সপ্তাহ ধরে টিউবওয়েল থেকে পানি ও আগুন বের হচ্ছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে আশপাশ ও দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় করছে। অনেকেই এই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করছেন।

ঘটনাটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালী কলোনির বাসিন্দা মো. আবদুল্লাহর টিউবওয়েলে ঘটেছে।

আবদুল্লাহ কালের কণ্ঠকে জানান, তার বাসার সামনে দুই মাস আগে টিউবওয়েলটি স্থাপন করা হয়েছিল। তবে টিউবওয়েল থেকে প্রয়োজনীয় পানি উঠছিল না। সেটি স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়ার আগেই হঠাৎ তিনি লক্ষ্য করেন টিউবওয়েলের নিচ থেকে পানি বের হচ্ছে। পানির সঙ্গে আগুনও উঠতে দেখা যায়। বর্তমানে টিউবওয়েলের মুখ থেকে ঝরনার মতো পানি ও আগুন বের হচ্ছে। এই দৃশ্য দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, এমন একটি ঘটনা শুনে তিনি সরাসরি গিয়ে ভিডিও ধারণ করেছেন এবং ফেসবুকে পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেন, "কল থেকে আপনাআপনি পানি ও আগুন বের হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের খতিয়ে দেখা প্রয়োজন।"

রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম জানান, শুকনো মৌসুমে সাধারণত পানির স্তর নিচে চলে যায়। বর্ষা মৌসুমে বেশি বৃষ্টির কারণে পানির স্তর উপরে উঠে আসে। এই সময় নিচ থেকে পানির চাপ তৈরি হয়। ফলে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি উপরে উঠে আসে। তবে পানির সঙ্গে আগুন বের হওয়ার কারণ খতিয়ে দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহেরীকে ঘিরে উত্তেজনা, নরসিংদীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


তাহেরীকে ঘিরে উত্তেজনা, নরসিংদীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদীতে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে কেন্দ্র করে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা এবং নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুফতি আনোয়ার হোসাইন চিশতী।

মুফতি আনোয়ার হোসাইন চিশতী সোমবার (৯ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের বেলাব উপজেলা শাখার সভাপতি এবং জামেয়া আমানিয়া রহমতপুর নারায়ণপুর এর প্রিন্সিপাল হিসেবে তিনি উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০১৩ সালের ১৫ জানুয়ারি রায়পুরা থানাধীন অলিপুরা গ্রামে গিয়াসউদ্দিন আত-তাহেরীর একটি বিতর্কিত বক্তব্যের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় একজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হন। পরবর্তীতে ২০টি বাড়িঘরে ভাঙচুর করা হয়। তিনি উল্লেখ করেন যে, ওই ঘটনার পর রায়পুরা ও বেলাব উপজেলায় আত-তাহেরীর মাহফিল নিষিদ্ধ করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ৫ নভেম্বর বেলাব উপজেলার নারায়ণপুর কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ বেলাব উপজেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন তাহেরীর অনুসারীরা প্রধান বক্তা ঘোষণা করে আলাদাভাবে আলাদা মাহফিলের আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালালে স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আত-তাহেরীর মাহফিলে অংশ না নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হলে আমাদের মাহফিল প্রত্যাহার করে নেওয়া হয়। তবে পরবর্তীতে আত-তাহেরী ও তাঁর অনুসারীরা আলাদা মাহফিল করে আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে অপমান করেন বলে অভিযোগ করেন মুফতি আনোয়ার।

লিখিত বক্তব্যে তিনি নিজেকে একজন প্রিন্সিপাল, শায়খুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের বেলাব উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন।

এ সময় তিনি প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত বক্তা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণা এবং তার সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করার দাবি জানান।

এ ছাড়াও কেন্দ্রীয় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিগোচর করার অনুরোধ জানান বক্তা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপ্রচার চালানোর অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নরসিংদী জেলায় আত-তাহেরীর মাহফিল অনুষ্ঠান বন্ধে প্রশাসনের কার্যকর নিষেধাজ্ঞা দিতে হবে বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা কাউছার আহমেদ, মুফতি ওলিউল্লাহ, মুফতি তরিকুল ইসলাম, মুফতি আল- আমিন, মাওলানা আব্দুল্লাহ বিন বশিরসহ আশরাফ সাকি প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%