০৪:৪৪ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এ প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। নির্মাণকাজ সম্পন্ন হলে, আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, প্রতিমাটি বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা হিসেবে স্বীকৃতি পাবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল মন্তব্য করেন, তার জীবনে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা তিনি আগে কখনো দেখেননি। নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব উদযাপন করতে পারায়, তিনি বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: জন্ম-মৃত্যু নিবন্ধনে অক্টোবরে দেশসেরা গলাচিপা উপজেলা
প্রতিমা নির্মাণের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, যুক্তরাষ্ট্রে ১৯ ফুট উচ্চতার একটি সরস্বতী প্রতিমা রয়েছে। জগন্নাথ হলের প্রতিমাটির নির্মাণকাজ শেষ হলে, এটি বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা হবে। এ লক্ষ্যে সরস্বতী পূজা প্রত্যক্ষ করতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, শুধু ভারত নয়, বিশ্বের অন্য কোথাও এত বিপুলসংখ্যক সরস্বতী পূজার আয়োজন হয় না। বাংলাদেশেই এটি সম্ভব।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক বলেন, দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী। তবে প্রকৃত সমৃদ্ধি অর্জন বলতে শুধুমাত্র জিপিএ-৫ পাওয়া বোঝায় না; এর পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি। এ দেশ শুধু মুসলমান বা হিন্দুদের নয়, সবার। সাম্প্রদায়িক সংঘাতমুক্ত এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার নিয়ে কথা বলতে পারবেন এবং আলোকিত নাগরিক হিসেবে বসবাস করতে পারবেন।
আরও পড়ুন: তাহেরীকে ঘিরে উত্তেজনা, নরসিংদীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন