০৬:২৩ পি.এম
দেশের অর্থনীতি বর্তমানে গভীর সংকটের মধ্যে রয়েছে এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিদেশে জনশক্তি রপ্তানি ৩৫ শতাংশ কমে যাওয়ার দাবি করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, ‘আমার বাড়ি আমার খামার’ (সাবেক ‘একটি বাড়ি একটি খামার’) প্রকল্পে দুর্নীতির বিচার কোন পর্যায়ে রয়েছে।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ দেশের অর্থনৈতিক সূচক ও কর্মসংস্থান পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরেন।
বক্তব্যের শুরুতে তিনি রাজস্ব লক্ষ্যমাত্রার অসঙ্গতি তুলে ধরেন এবং বলেন, ‘অর্থনীতির সংকটকালে গত অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় ৪ লাখ ৩ হাজার কোটি টাকা অর্জিত হয়েছিল। কিন্তু চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। এটি যে অবাস্তব (আনরিয়েলিস্টিক) ছিল, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে; কারণ প্রথম প্রান্তিকেই লক্ষ্যমাত্রার চেয়ে ৩১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।’
আরও পড়ুন: ঢাবিতে তিন দিনব্যাপী জলবায়ু প্রশিক্ষণ কর্মশালা শুরু
মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে তিনি মন্তব্য করেন, চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ ধরা হয়েছে, অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী বছর শেষে তা ১১ শতাংশে গিয়ে ঠেকবে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ ধরা হলেও আইএমএফ প্রজেক্ট করেছে তা স্মরণকালের সর্বনিম্ন ৩.২ শতাংশ এবং পরবর্তী বছরে তা আরো কমে ২.২ শতাংশে নেমে আসবে।
অর্থনীতির নাজুক পরিস্থিতির আরো তথ্য তুলে ধরে তিনি বলেন, বিগত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন ৩.৪২ শতাংশে নেমে এসেছে এবং বেসরকারি খাতে নতুন কোনো ঋণ ছাড় হচ্ছে না।
কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৮ মাসে দেশে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও বাস্তবে কত কর্মসংস্থান হয়েছে তার কোনো সঠিক হিসাব নেই। কর্মসংস্থান তো বাড়েনি, বরং বিদেশে কর্মী যাওয়ার হার উল্টো ৩৫ শতাংশ কমে গেছে।
এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন রেখে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নাম পরিবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘আমার বাড়ি আমার খামার’ করা হয়েছিল। কিন্তু এ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে সার পাচারের অভিযোগে ৩ জন গ্রেফতার
তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, সমবায়ের মাধ্যমে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন করে জাতীয় জিডিপিতে অবদান রাখতে পারে—এমন কী পরিমাণ নতুন কর্মক্ষম জনগোষ্ঠী এ প্রকল্পের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে? একই সঙ্গে প্রকল্পে সংঘটিত দুর্নীতির কারণে যেসকল প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই বিচার কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন