০৬:২৭ পি.এম
জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ফলে গতিশীলতা সৃষ্টি হয়েছে এবং আইনি জটিলতা দূর হওয়ার মাধ্যমে পরিষদের সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা রোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মন্ত্রী এ কথা জানান সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর (চাঁপাইনবাবগঞ্জ-৩) সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই পর্ব অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী শাহে আলম সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বিভিন্ন জেলা পরিষদের জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জেলা পরিষদগুলোর অধিকাংশ সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং জনসেবা বিঘ্নিত হয়। এ ছাড়া ওই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের মতো আর্থিক বিষয়গুলো নিষ্পত্তি করা দুরূহ হয়ে পড়েছিল এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো মাঝপথে আটকে গিয়েছিল। এই পরিস্থিতি মোকাবিলায় আইন অনুযায়ী জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়। এর ফলে পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, ফাইল প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা কেটে নতুন গতিশীলতা এসেছে। একই সঙ্গে বাজেট প্রণয়ন, বরাদ্দ বণ্টন এবং বেতন-ভাতা প্রদানের মতো আর্থিক বিষয়গুলোর আইনি জটিলতা দূর হয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে তিন দিনব্যাপী জলবায়ু প্রশিক্ষণ কর্মশালা শুরু
সংসদে এক সম্পূরক প্রশ্নে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেন, গত ১৩ অক্টোবর ইউনিয়ন পরিষদ (ইউপি) উন্নয়ন খাতে সরকারদলীয় এমপিদের আসনের অনুকূলে প্রতিটি ইউপিতে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধীদলীয় সংসদ সদস্যদের কোনো ইউপিতেই সেই বরাদ্দ দেওয়া হয়নি। তিনি জানতে চান, সরকারের কাছে এমন কোনো প্রতিবেদন আছে কি না—যেখানে বলা হয়েছে বিরোধী দলের এমপিদের এলাকায় কোনো উন্নয়নের দরকার নেই।
জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমার জানামতে মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় কোনো ইউপি নেই, তিনি মহানগর থেকে নির্বাচিত।’ এ সময় আব্দুল্লাহ আল আমিন হাত তুলে তাঁর এলাকায় ইউপি থাকার কথা জানান। তখন প্রতিমন্ত্রী বলেন, ‘দুই-একটি বোধ হয় থাকতে পারে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সমভাবে সব নির্বাচনী এলাকায় উন্নয়ন হবে। আপনাদের এলাকার মসজিদ, মন্দির, অবকাঠামো উন্নয়ন ও ইউপির উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেব।’ এ সময় বিরোধী দলের এমপিরা কিছু বলতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগামীকাল বলছি, হতাশ হবেন না।’
নওগাঁ-৩ আসনের ফজলে হুদার প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সময়কালে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি দৈবচয়নের মাধ্যমে ৬৬টি কার্যক্রম পর্যালোচনা করে ২৭ হাজার ৮৫৯ কোটি ৯১ লাখ টাকা সরকারি অর্থ ব্যয়ে মারাত্মক অনিয়ম সংঘটিত হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনটি অধিকতর তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে সার পাচারের অভিযোগে ৩ জন গ্রেফতার
আর্সেনিকমুক্ত পানি ও অন্যান্য তথ্য
সিলেট-৬ আসনের এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আর্সেনিকমুক্ত পানি নিশ্চিত করতে ৩ হাজার ৫৪৪ কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রকল্পের আওতায় দেশের সব উপজেলা সম্পৃক্ত রয়েছে।
সংরক্ষিত আসনের মোসা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গত তিন বছরে ২ লাখ ৫০ হাজার ৮০৯টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ১৯৪টি পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
সংরক্ষিত আসনের মাদরিয়া মমতাজের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গুলশান লেকসংলগ্ন বনানী, গুলশান ও বারিধারা এলাকার ৪ হাজার ৪০৯টি ভবন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের সময় যাদের সেপটিক ট্যাংক নেই, অকার্যকর বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ড্রেন লাইনের সঙ্গে সংযোগ রয়েছে, তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের ঘোষণা শিল্পমন্ত্রীর
কুমিল্লা-১০ আসনের মো. মোবাশ্বের ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা ওয়াসার একটি জোটের আটটি এটিএম বুথের নমুনা সংগ্রহ করে ইউরোপের একটি দেশে পরীক্ষা করার পর একটিতে সহনীয় মাত্রার চেয়ে অধিক পিইএএস (PEAS)-এর জীবাণু পাওয়া গেছে বলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তথ্য প্রকাশ করেছেন। তবে নমুনা সংগ্রহের বিষয়ে ঢাকা ওয়াসা আগে থেকে অবগত ছিল না। বর্তমানে ঢাকা ওয়াসার প্রায় ৩০০টি এটিএম বুথ রয়েছে। গবেষণাটি এখনো কোথাও প্রকাশিত হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওয়াসা সংশ্লিষ্ট গবেষক দলের সঙ্গে যোগাযোগ করেছে এবং উভয় পক্ষের সমন্বয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের আলোকে সুইডেনের ল্যাবে পানির নমুনা পাঠিয়ে পুনরায় পরীক্ষা করা হবে।
বনানী কবরস্থানে ১৫ বছরের কবরের ফি এক কোটি টাকা
সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ সাধারণ এলাকা। এই এলাকায় কবর দিতে ৫০০ টাকা খরচ হয় এবং সেই কবর দুই বছর স্থায়ী থাকে। অন্যদিকে সংরক্ষিত এলাকায় ১৫ ও ২৫ বছর—দুই মেয়াদে কবর দেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে ১৫ বছর মেয়াদি কবরের জন্য ১ কোটি এবং ২৫ বছর মেয়াদি কবরের জন্য দেড় কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা শহরের ধনী-দরিদ্র সবার কবর নিশ্চিত করা এবং কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতেই এই ফি নির্ধারণ করা হয়েছে, যাতে কবরস্থানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে না যায়।
১৫ বছরে ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল
আরও পড়ুন: দুদকের মামলা: অসীম কুমার উকিল ও স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে অভিযোগ
কিশোরগঞ্জ-২ আসনের মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, নিবন্ধনকালীন শর্ত ও ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা এবং ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিলের কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন