০৬:১৫ পি.এম
পঞ্চগড় শহরের চৌরঙ্গী থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, নিম্নমানের টাইলস ব্যবহার করা অংশগুলো তুলে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে, সোমবার (৯ নভেম্বর) দুপুরে এম এ মজিদ নির্মাণাধীন ফুটপাতের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় পার্কিং টাইলসসহ নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়ার পর তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, নির্মাণসামগ্রী ও টাইলস পরীক্ষা করে সিডিউল অনুযায়ী মান নিশ্চিত হওয়ার পর পুনরায় ফুটপাত নির্মাণের কাজ শুরু হবে। এদিকে, নিম্নমানের কাজের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -২
জেলা পরিষদ জানায়, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়ক প্রশস্তকরণের পাশাপাশি সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩০৬ ফুট দৈর্ঘ্যের ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
বর্তমানে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসিয়ে ফুটপাত নির্মাণের কাজ চলছে। বিদ্যুতের খুঁটি অপসারণ, রাস্তার দুই পাশে পানির লাইন স্থাপন এবং ড্রেনের পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসানোর জন্য প্রায় ৪২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
রাস্তার এক পাশে ৫ ফুট ও অন্য পাশে ৩ ফুট চওড়া মিলিয়ে মোট ৩৯৬ মিটার ফুটপাত নির্মাণ করা হচ্ছে। কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন।
পঞ্চগড় বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই মন্তব্য করেন, ‘এই টাইলস মানুষের হাঁটাচলার উপযোগী নয়। এ ছাড়া অন্য উপকরণও ঠিকভাবে দেওয়া হচ্ছে না। টাইলসের নিচে শুধু বালি দেওয়া হচ্ছে। আমরা চাই, কাজটি সঠিকভাবে সম্পন্ন হোক।’
আরও পড়ুন: বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে, ভোলাবাসীর সমর্থন
জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, স্থানীয়রা দীর্ঘদিন ধরে কাজের মান নিয়ে অভিযোগ করে আসছিলেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। টাইলসগুলো নিম্নমানের এবং এর পুরুত্বও কম। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সিডিউল অনুযায়ী মানসম্মত সামগ্রী নিশ্চিত হওয়ার পর পুনরায় কাজ শুরু হবে।
তবে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রমিল সাহা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি জানি না তারা কীভাবে এটাকে নিম্নমানের বলছেন। টাইলস তো আমি তৈরি করি না, কিনে এনেছি। আগে অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলি, এরপর বিস্তারিত বলতে পারব।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন