ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আরটির বিশেষ সেমিনারে শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ


আরটির বিশেষ সেমিনারে শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অংশগ্রহণ

দেশের শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে সংবাদ কনটেন্ট তৈরি, দর্শক-পাঠকের সম্পৃক্ততা এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে বিশেষ সেমিনার করেছে রাশিয়া টুডে (আরটি)।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাশিয়ান হাউস ইন বাংলাদেশের প্রধান মিলনায়তনে প্রতিষ্ঠানটির সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আতঙ্কের জনপদে উন্নয়নের ছোঁয়া বাড়ছে নিরাপত্তা ও যোগাযোগ

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ এবং আরটি একাডেমির প্রধান আন্না কোভতুনোভা। তারা ‘সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা’ এবং ‘আরটি একাডেমির সঙ্গে শিক্ষামূলক সুযোগ’ শীর্ষক দুটি বিষয়ে আলোচনা করেন।

রুসলান ইমায়েভ পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে সংবাদ উপস্থাপন এবং সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শক-পাঠকদের সম্পৃক্ত করার কার্যকর কৌশল তুলে ধরেন। অন্যদিকে, আন্না কোভতুনোভা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে আরটি একাডেমির অনলাইন ও সরাসরি প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ খলেভনয়। তিনি বক্তা ও অংশগ্রহণকারীদের স্বাগত জানানোর পাশাপাশি পেশাগত সংলাপ, গণমাধ্যমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষামূলক সুযোগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা সাংবাদিকতা, সংবাদমাধ্যমের কনটেন্ট তৈরি এবং পেশাগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আরটি প্রতিনিধিদের প্রশ্ন করেন। আলোচকরা এসব প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন: রামপুরা থেকে যুবলীগ নেতা মহসিন খন্দকার গ্রেপ্তার

এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যমের কনটেন্ট তৈরি ও প্রকাশের ক্ষেত্রে আরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের সাংবাদিকদের জন্য অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহের কথাও জানায় আরটি একাডেমি।

আয়োজকদের মতে, এ সেমিনার আরটি ও বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত যোগাযোগ, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের রিয়াদ বিমানবন্দরসহ সৌদির পাঁচ স্থাপনায় হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ এম


হুথিদের রিয়াদ বিমানবন্দরসহ সৌদির পাঁচ স্থাপনায় হামলার দাবি

গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর পাঁচটি সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার, গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই দাবি উত্থাপন করেন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, হামলার লক্ষ্যবস্তু হিসেবে সরাসরি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আভা ও খামিস মুশাইত শহরের দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে।

হুথিদের দাবি অনুযায়ী, তৃতীয় হামলাটি জিজান তেল শোধনাগারে পরিচালিত হয়েছে, যেখানে লক্ষ্যবস্তু এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এছাড়া, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওয়িয়া গ্যাস প্ল্যান্টেও হামলা চালানোর দাবি করেছে এই গোষ্ঠী। সেখানে আগুন ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে।

পঞ্চম অভিযানে আল-শুকাইক ও জিজান বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে নিখুঁত হামলা চালানোর কথা জানান ইয়াহিয়া সারি। তিনি দাবি করেন, এতে বিদ্যুৎকেন্দ্র দুটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে, আলজাজিরা হুথিদের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবিজি স্পোর্টস সিটিতে সাংবাদিকদের ‘বিশ্বকাপ’ ১ ডিসেম্বর শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ এম


এবিজি স্পোর্টস সিটিতে সাংবাদিকদের ‘বিশ্বকাপ’ ১ ডিসেম্বর শুরু

যাঁরা প্রতিদিনের কাজের মাধ্যমে নানা অঙ্গনের ‘মাঠের’ খবর তুলে ধরেন, এবার তাঁরা মাঠে নামবেন। হাতে কলম থাকবে না, কাঁধে ক্যামেরা থাকবে না; পায়ে ফুটবল থাকবে এবং চোখে শিরোপা জয়ের স্বপ্ন। সংবাদকক্ষের ব্যস্ততা পেছনে ফেলে সাংবাদিকরা ফুটবলার হয়ে উঠবেন। গোল করার আনন্দ কিংবা সতীর্থের সঙ্গে জয়ের উল্লাস—সবকিছুর স্বাদ নিতে এবারে তাঁদের সামনে এবিজি মিডিয়া কাপের মঞ্চ। এই মঞ্চ শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পরাবে না, বরং এটি পরিণত হবে এক মিলনমেলায়, যা বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অসংখ্য মুহূর্ত তৈরি করবে।

টুর্নামেন্টের উদ্দেশ্য সম্পর্কে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান ইঙ্গিত দিয়েছেন, "গণমাধ্যমকর্মীদের নিজেদের মধ্যে আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি পরিসর থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই আমাদের এই মিডিয়া কাপের উদ্যোগ। আমাদের উদ্দেশ্য শুধু একটি চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা নয়, বরং আমাদের লক্ষ্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সহকর্মীদের একই মাঠে নিয়ে এসে প্রতিযোগিতার মাধ্যমে সম্প্রীতির সংস্কৃতি গড়ে তোলা।"

এবিজির পৃষ্ঠপোষকতায় ও বসুন্ধরা সিটি-২-এর সহযোগিতায় ১ ডিসেম্বর এই টুর্নামেন্টের পর্দা উঠবে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক মনে করেন, ৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট একটি স্বপ্নের দৃশ্যমান রূপ, "আজকের এই অনুষ্ঠান শুধু কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি স্বপ্নের দৃশ্যমান রূপ। এটি একটি নতুন যাত্রার সূচনা এবং বাংলাদেশের ক্রীড়াজগতে নতুন এক সংযোগের প্রয়াস।"

শনিবার সন্ধ্যায় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আনুষ্ঠানিকভাবে এবিজি মিডিয়া কাপের শিরোপা উন্মোচন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। তাঁর মুখ থেকেই আসে সবচেয়ে বড় চমক। তিনি জানান, সোনালি ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা। ফাইনালে হারে রানার্স আপ দলের মন খারাপ হবে, তবে তাদের পকেটেও যাবে ২৫ লাখ টাকা। ফাইনালের এই বিশাল প্রাইজ মানিসহ টুর্নামেন্টজুড়ে ১৩৫ ম্যাচে দেওয়া হবে প্রায় দেড় কোটি টাকার পুরস্কার। বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নজির রয়েছে। তবে গণমাধ্যমকর্মীদের জন্য বড় পরিসরে এমন আয়োজন এবং বিশাল প্রাইজ মানির ঘোষণা নিঃসন্দেহে এই প্রথম।

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাইজ মানির এই টুর্নামেন্ট গণমাধ্যমপাড়ায় উৎসবের আমেজ নিয়ে এসেছে। তাই সাংবাদিকদের জন্য এবিজি মিডিয়া কাপকে ‘বিশ্বকাপ’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ও কলামিস্ট ইকরামউজ্জমান, "ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ বলেছিলেন, ফুটবলের সবচেয়ে সুন্দর দিক হলো এটি সব সময় আনন্দের জন্য খেলা হয়। প্রতিযোগিতা থাকলেও আনন্দের এই বার্তাটিই এবিজি মিডিয়া কাপের মূল চালিকাশক্তি।"

ফুটবল মাঠে গণমাধ্যমকর্মীদের লড়াই দেখতে মুখিয়ে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। তিনি বলেন, "এত দিন যাঁরা ক্যামেরার পেছনে ছিলেন, এখন তাঁদের খেলা জাতীয় টেলিভিশনে সম্প্রচার হবে। টুর্নামেন্টটি আমার জন্য বেশ আবেগের।"

যদিও সাংবাদিকদের জন্য এই টুর্নামেন্ট, তবে এর উত্তেজনা পেশাদার টুর্নামেন্টের চেয়ে কোনো অংশে কম হবে না বলে মনে করেন যুগান্তরের অধিনায়ক জ্যোতির্ময় মণ্ডল। তিনি বলেন, "প্রতিটি গ্রুপে দুর্দান্ত কিছু দল রয়েছে। পরবর্তী রাউন্ডে যাওয়া সহজ হবে না। আশা করি, এই টুর্নামেন্ট জমজমাট সব লড়াইয়ের সাক্ষী হবে।"

টুর্নামেন্টে আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ৪৮টি মিডিয়া হাউস। প্রতি গ্রুপের সেরা দুই দল অংশ নেবে ‘রাউন্ড অব সিক্সটিন’-এ। ১৭ তারিখের ফাইনাল শেষে এক দলের হাতে উঠবে ট্রফি। কেউ শিরোপা জয়ের আনন্দে ভাসবে, কারো চোখে থাকবে না-পাওয়ার আক্ষেপ। তবে এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে মাঠজুড়ে তৈরি হওয়া সৌহার্দ্য, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতি। কারণ লড়াইটা শিরোপার হলেও জয়টা হবে পুরো গণমাধ্যম পরিবারের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ এম


যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ

আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যশোরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন সরকারের ৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

শনিবার বিকালে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ব্যানারে যশোর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মিছিলটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেন, ‘ফ্যাসিস্ট খুনিদের বিচার প্রক্রিয়ায় যদি কেউ বাধা দেয় কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়? সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা গুপ্ত সুপ্ত যেই হোক? দেশের স্বার্থে কোন আপস করবো না। রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এই সময়ে কোন প্রকার আগুন সন্ত্রাস আমরা বরদাস্ত করবো না। তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায় বিচার নিশ্চিত করা, খুনিদের বিচার সম্পন্ন এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই পথেই অবিচল হেটে চলব।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই লড়াইয়ে চূড়ান্ত গতি পেয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে। রক্তাক্ত পথ বেয়ে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি। জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সকল স্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করেছেন। পতিত ফ্যাসিস্ট আজ নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টি পায়তারা করতে চায়। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছিলাম, ঠিক একইভাবে তাদের পুনরুত্থান রুখবো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করতে হবে, মানুষের কল্যাণে জ্ঞান কাজে লাগাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ এম


বিজ্ঞানচর্চায় প্রশ্ন করতে হবে, মানুষের কল্যাণে জ্ঞান কাজে লাগাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার জন্য উৎসাহিত করেছেন এবং অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, "বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে প্রশ্ন করা।" বিজ্ঞানের মাধ্যমে অর্জিত জ্ঞানকে নিজের, প্রকৃতির এবং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত, অকল্যাণে নয়। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বাবা-মা, শিক্ষক, সমাজ ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "জীবনে এগিয়ে যেতে এবং নিজের, প্রকৃতি ও দেশের জন্য ভূমিকা রাখতে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে।" তিনি বলেন, ‘কেন’ ও ‘কীভাবে’—এই প্রশ্নের মধ্যেই বিজ্ঞানের ভিত্তি নিহিত।

বিজ্ঞানের জ্ঞান ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "বিজ্ঞানের অর্জন মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।" বিজ্ঞানের মাধ্যমে কল্যাণের সূচনা করা সম্ভব, তবে অকল্যাণের কারণও হতে পারে। এ দুইয়ের পার্থক্য উপলব্ধি করা জরুরি।

অধ্যাপক মামুন আহমেদ শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন। তিনি বলেন, "শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের একার অর্জন নয়।" বাবা-মা তাদের ত্যাগ ও অনুপ্রেরণায় সন্তানদের এ পর্যায়ে নিয়ে আসেন, এবং শিক্ষকরা পরিশ্রম করে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা ও শেখার প্ল্যাটফর্ম তৈরি করেন। তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রাখতে হবে।

রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে।" এই ভালোবাসা প্রকৃতি, জীবন ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার প্রকাশ।

রসায়ন কেবল বিজ্ঞানের ভাষা নয়, বরং জীবনের ও প্রকৃতির ভাষাও উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, "জীবন ও প্রকৃতিকে বুঝতে রসায়নের জ্ঞান গুরুত্বপূর্ণ।" শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আগ্রহ ও নিষ্ঠাকে কাজে লাগাতে হবে মানুষের জন্য, প্রকৃতির জন্য এবং সম্ভাবনাময় দেশ গড়ে তুলতে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের শুভকামনা জানান তিনি। ইউজিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে। অলিম্পিয়াড আয়োজনের সঙ্গে যুক্ত রসায়ন বিভাগের শিক্ষক ও বাংলাদেশ কেমিস্ট্রি সোসাইটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইদ আলম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, "বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে।" তিনি বলেন, এ ধরনের আয়োজন দেশের উন্নয়ন ও বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, "রসায়নের প্রতি শিক্ষার্থীদের গভীর আগ্রহ তৈরি এবং দক্ষ রসায়নবিদ হিসেবে গড়ে উঠতে এ আয়োজন সহায়তা করবে।" প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও রসায়ন অলিম্পিয়াডে যুক্ত করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে দেশের বিভিন্ন কলেজের এইচএসসি পর্যায়ের চার হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে অংশ নেন ২১৩ জন। তাদের মধ্য থেকে সেরা ১০ জন নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীরা তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা তুলে ধরার ক্ষেত্রে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%