০২:০৬ এম
এক সময় সন্ধ্যা নামার পূর্বে যেখানে দোকানপাট বন্ধ হয়ে যেত, আতঙ্কে বাসিন্দারা ঘরে ফিরতেনÑ সেই সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এখন চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। নতুন সড়ক নির্মাণের জন্য পাহাড় কেটে তৈরি হচ্ছে, সেতু, কালভার্ট এবং পানি নিষ্কাশনের নালা নির্মাণ করা হচ্ছে। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে গড়ে তোলা হচ্ছে দীর্ঘ সড়ক যোগাযোগ ব্যবস্থা।
দীর্ঘদিন ধরে সশস্ত্র অপরাধী চক্রের আধিপত্য, সরকারি পাহাড় দখল, অবৈধ প্লটবাণিজ্য এবং সংঘাতের কারণে প্রায় ৩,১০০ একর আয়তনের আলোচিত এই জনপদে যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (২৬ ইসিবি) তত্ত্বাবধানে ছয়টি সড়ক নির্মাণের প্রকল্পে ইতোমধ্যে ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৭ সালের জুনে কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: রামপুরা থেকে যুবলীগ নেতা মহসিন খন্দকার গ্রেপ্তার
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন সড়ক যোগাযোগের মাধ্যমে নিরাপত্তা ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে দীর্ঘদিন বিচ্ছিন্ন ও অস্থিরতায় থাকা জঙ্গল সলিমপুরে।
মোট ছয়টি সড়ক নির্মাণের পাশাপাশি তৈরি হচ্ছে চারটি সেতু, ২৫টি কালভার্ট, আরসিসি রিটেইনিং ওয়াল এবং পানি নিষ্কাশনের নালা।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্মাণাধীন সড়কগুলো পরিদর্শন করা হলে দেখা যায়, পাহাড়ের ভেতরে একাধিক পথে নির্মাণকাজ চলছে। কোথাও আগে থেকেই থাকা সরু পথ প্রশস্ত করা হচ্ছে, আবার কোথাও নতুন করে পাহাড় কেটে সড়কের অবয়ব তৈরি করা হচ্ছে। পাহাড়ি ঢাল ধরে নির্মিত এসব সড়ক একদিকে জঙ্গল সলিমপুরের বিভিন্ন অংশকে যুক্ত করবে, অন্যদিকে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে।
২৬ ইসিবির উদ্যোগে সাংবাদিকদের পরিদর্শনে প্রকল্পের ছয়টি সড়কের নকশা, নির্মাণকাজের অগ্রগতি এবং অবকাঠামোগত পরিকল্পনা তুলে ধরা হয়। ২৬ ইসিবির অধিনায়ক ও সড়কটির নির্মাণ প্রকল্পের পরিচালক লে. কর্নেল কামরুল আল মাসুদ জানান, চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে কাজ শুরু হয়। ২০২৭ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: বাথরুম নিয়ে ঝগড়ার জেরে ভাড়াটিয়ার হাতে খুন আরেক ভাড়াটিয়া
পাহাড়ের ভেতরে ছয় সড়কের নেটওয়ার্ক
জঙ্গল সলিমপুরের অভ্যন্তরীণ বিচ্ছিন্ন এলাকাগুলোকে সংযুক্ত করতে ছয়টি সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী সড়কগুলোর মোট দৈর্ঘ্য ১২.১ কিলোমিটার। এর মধ্যে ছিন্নমূল বাজার থেকে আলীনগর স্কুল পর্যন্ত প্রথম সড়কটির দৈর্ঘ্য ২.৩ কিলোমিটার। দ্বিতীয় সড়কটি আলীনগর স্কুল থেকে জলিল টেক্সটাইল লিংক রোড পর্যন্ত ১.৫ কিলোমিটার। তৃতীয়টি আলীনগর স্কুল থেকে তিন নম্বর বাজার লিংক রোড পর্যন্ত ২.৭ কিলোমিটার। চতুর্থ সড়কটি আলীনগর স্কুল থেকে ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড পর্যন্ত ১.৯ কিলোমিটার। পঞ্চমটি আলীনগর স্কুল থেকে ছিন্নমূল বাজার পর্যন্ত ২.৭ কিলোমিটার এবং ষষ্ঠটি ছিন্নমূল বাজার থেকে এমআর চৌধুরী ফায়ারিং রেঞ্জ পর্যন্ত এক কিলোমিটার।
প্রকল্পের মানচিত্রে দেখা যায়, এসব সড়কের মাধ্যমে জঙ্গল সলিমপুরের অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং দক্ষিণে বায়েজিদ লিংক রোডের সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে পাহাড়ের ভেতরের বিভিন্ন জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত সহজ হবে।
পাহাড়ি এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে শুধু সড়ক নির্মাণ নয়, পানি নিষ্কাশন এবং ভূমির স্থিতিশীলতা রক্ষায়ও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী ছয়টি সড়কে চারটি সেতু এবং ২৫টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ২.১ কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল এবং ১৪.১ কিলোমিটার ওপেন ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া পানি চলাচলের জন্য থাকবে ৪৬৮টি ক্রস ড্রেন।
আরও পড়ুন: জিয়া খালের মাটি খননের অভিযোগে যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সাবেক নেতার নামে মামলা
পাহাড়ি ঢাল ধরে সড়ক নির্মাণের ক্ষেত্রে মাটি ধসে পড়া ঠেকাতে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হচ্ছে। বর্ষায় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি যাতে সড়কের ক্ষতি করতে না পারে, সে জন্য রাখা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা।
আগে দোকান বন্ধ হতো সন্ধ্যায়
সড়ক নির্মাণের পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন নিয়েও কথা বলেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের মতে, সবচেয়ে বড় পরিবর্তন হলো আগের আতঙ্কের পরিবেশ থেকে বেরিয়ে আসার সুযোগ।
স্থানীয় দোকানদার আবুল কালাম বলেন, "আগে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হতো। এরপর ঘরে ফিরে দরজা বন্ধ করে থাকতে হতো। এলাকায় চলাচল নিয়ে ভয় কাজ করত। এখন সড়ক নির্মাণ হওয়ায় বিভিন্ন দিকে যাতায়াত করা যাচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের উপস্থিতি বেড়েছে। এতে তারা আগের চেয়ে নিরাপদ বোধ করছেন।"
আরও পড়ুন: শর্মীর পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি: রাশেদ খান
আরেক ব্যবসায়ী জানান, "আগে সন্ধ্যার পর দোকান খোলা রাখার সাহস পেতেন না। এখন নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও সড়ক নির্মাণের কারণে পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। যোগাযোগব্যবস্থা উন্নত হলে ব্যবসা-বাণিজ্যও বাড়বে বলে আশা করছেন তিনি।"
স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, "দীর্ঘদিন এলাকার মানুষ যোগাযোগ সমস্যায় ভুগেছে। পাহাড়ের ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ছিল কষ্টসাধ্য। নতুন সড়ক হলে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, জরুরি প্রয়োজনে যাতায়াত এবং দৈনন্দিন কাজ সহজ হবে। তবে এলাকার নিরাপত্তা ও উন্নয়ন যেন দীর্ঘমেয়াদে বজায় থাকে, সেটিই তাদের প্রত্যাশা।"
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, "দীর্ঘদিন এখানে ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে। পাহাড় রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সেনাবাহিনীর উদ্যোগে সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে।"
জঙ্গল সলিমপুরের পরিচিতি দীর্ঘদিন ধরেই ছিল দখল, অবৈধ বসতি ও সশস্ত্র অপরাধী চক্রের আধিপত্যের কারণে। সরকারি খাসজমি ও বনভূমির বড় অংশে গড়ে ওঠে অবৈধ বসতি। এর বিরুদ্ধে বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান ও অপরাধবিরোধী তৎপরতা চালিয়েছে প্রশাসন। তবে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলা ও বাধার মুখে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। চলতি বছরের ১৯ জানুয়ারি সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া।
আরও পড়ুন: কুবি ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন