ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ


যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ

আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যশোরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন সরকারের ৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

শনিবার বিকালে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ব্যানারে যশোর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মিছিলটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৯০০ টাকা আদায় করে কোষাগারে জমা ২০!

সমাবেশে আইনমন্ত্রী আসাদুজ্জামান মন্তব্য করেন, ‘ফ্যাসিস্ট খুনিদের বিচার প্রক্রিয়ায় যদি কেউ বাধা দেয় কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়? সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা গুপ্ত সুপ্ত যেই হোক? দেশের স্বার্থে কোন আপস করবো না। রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এই সময়ে কোন প্রকার আগুন সন্ত্রাস আমরা বরদাস্ত করবো না। তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায় বিচার নিশ্চিত করা, খুনিদের বিচার সম্পন্ন এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই পথেই অবিচল হেটে চলব।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই লড়াইয়ে চূড়ান্ত গতি পেয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে। রক্তাক্ত পথ বেয়ে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি। জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সকল স্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করেছেন। পতিত ফ্যাসিস্ট আজ নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টি পায়তারা করতে চায়। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছিলাম, ঠিক একইভাবে তাদের পুনরুত্থান রুখবো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

আরও পড়ুন: খুলনা বিভাগে তিন মাসে ৩২ হাজার গ্রেফতার, উদ্ধার ১৪৭টি অস্ত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করতে হবে, মানুষের কল্যাণে জ্ঞান কাজে লাগাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ এম


বিজ্ঞানচর্চায় প্রশ্ন করতে হবে, মানুষের কল্যাণে জ্ঞান কাজে লাগাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার জন্য উৎসাহিত করেছেন এবং অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, "বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে প্রশ্ন করা।" বিজ্ঞানের মাধ্যমে অর্জিত জ্ঞানকে নিজের, প্রকৃতির এবং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত, অকল্যাণে নয়। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বাবা-মা, শিক্ষক, সমাজ ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "জীবনে এগিয়ে যেতে এবং নিজের, প্রকৃতি ও দেশের জন্য ভূমিকা রাখতে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে।" তিনি বলেন, ‘কেন’ ও ‘কীভাবে’—এই প্রশ্নের মধ্যেই বিজ্ঞানের ভিত্তি নিহিত।

বিজ্ঞানের জ্ঞান ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "বিজ্ঞানের অর্জন মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।" বিজ্ঞানের মাধ্যমে কল্যাণের সূচনা করা সম্ভব, তবে অকল্যাণের কারণও হতে পারে। এ দুইয়ের পার্থক্য উপলব্ধি করা জরুরি।

অধ্যাপক মামুন আহমেদ শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন। তিনি বলেন, "শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের একার অর্জন নয়।" বাবা-মা তাদের ত্যাগ ও অনুপ্রেরণায় সন্তানদের এ পর্যায়ে নিয়ে আসেন, এবং শিক্ষকরা পরিশ্রম করে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা ও শেখার প্ল্যাটফর্ম তৈরি করেন। তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রাখতে হবে।

রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে।" এই ভালোবাসা প্রকৃতি, জীবন ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার প্রকাশ।

রসায়ন কেবল বিজ্ঞানের ভাষা নয়, বরং জীবনের ও প্রকৃতির ভাষাও উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, "জীবন ও প্রকৃতিকে বুঝতে রসায়নের জ্ঞান গুরুত্বপূর্ণ।" শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আগ্রহ ও নিষ্ঠাকে কাজে লাগাতে হবে মানুষের জন্য, প্রকৃতির জন্য এবং সম্ভাবনাময় দেশ গড়ে তুলতে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের শুভকামনা জানান তিনি। ইউজিসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে। অলিম্পিয়াড আয়োজনের সঙ্গে যুক্ত রসায়ন বিভাগের শিক্ষক ও বাংলাদেশ কেমিস্ট্রি সোসাইটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইদ আলম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, "বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে।" তিনি বলেন, এ ধরনের আয়োজন দেশের উন্নয়ন ও বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, "রসায়নের প্রতি শিক্ষার্থীদের গভীর আগ্রহ তৈরি এবং দক্ষ রসায়নবিদ হিসেবে গড়ে উঠতে এ আয়োজন সহায়তা করবে।" প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও রসায়ন অলিম্পিয়াডে যুক্ত করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে দেশের বিভিন্ন কলেজের এইচএসসি পর্যায়ের চার হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে অংশ নেন ২১৩ জন। তাদের মধ্য থেকে সেরা ১০ জন নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীরা তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা তুলে ধরার ক্ষেত্রে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতাকে কুপিয়ে জখমের কয়েক ঘণ্টা পর আ.লীগ নেতাদের বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ এম


যুবদল নেতাকে কুপিয়ে জখমের কয়েক ঘণ্টা পর আ.লীগ নেতাদের বাড়িতে আগুন

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রানাকে (৪৫) গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এই হামলার কয়েক ঘণ্টা পর, একই রাতে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়ি সহ পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজারে রানার ওপর হামলা হয়। হামলার পর রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আহত আবু বক্কর রানার বাড়ি বিশকাকুনি ইউনিয়নের বড়রুহী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাদে পুটিকা বাজারে রানার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করার সময় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রানার বাম হাতের তালু ও ডান কাঁধে গুরুতর আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাইশা জানান, রানার ডান কাঁধ ও হাতে গুরুতর জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে, যুবদল নেতার ওপর হামলার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে বিশকাকুনি ইউনিয়নের ধলা গ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।

এছাড়া আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের বাড়ি, আমেরিকাপ্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের বাড়ি, বড়রুহী গ্রামের যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়ি, পুটিকা গ্রামের ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান শুভর বাড়ি এবং বাদে পুটিকা গ্রামের যুবলীগ নেতা বাশার খানের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এসব ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনো নেতার বক্তব্যও পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৯০০ টাকা আদায় করে কোষাগারে জমা ২০!

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন, স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ এম


টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ৯০০ টাকা আদায় করে কোষাগারে জমা ২০!

স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে অনিয়মের তথ্য, বাকি ৮৮০ টাকা কোথায়—প্রশ্ন ভুক্তভোগীদের

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যেন কিছুতেই থামছে না। চিকিৎসাসেবা নিতে এসে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর হয়রানির শিকার হচ্ছেন সাধারণ রোগী ও তাঁদের স্বজনেরা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও নানা অজুহাতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।

সম্প্রতি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৯০০ টাকা আদায় করা হলেও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে মাত্র ২০ টাকা—এমন তথ্য উঠে এসেছে। বাকি ৮৮০ টাকা কোথায় গেল, কারা এই অর্থ নিয়েছেন এবং কীভাবে এর হিসাব রাখা হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সরকারি হাসপাতালের নির্ধারিত ফি অনুযায়ী অর্থ আদায় এবং যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেওয়ার নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা অত্যন্ত উদ্বেগজনক। রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের সঠিক হিসাব প্রকাশ এবং বাকি টাকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসার জন্য হাসপাতালে এসে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে তাঁদের। চিকিৎসাসেবার নামে অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা বাধ্য হয়ে এসব পরিস্থিতি মেনে নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে অনিয়ম-দুর্নীতির তথ্য উঠে আসার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতির উন্নতি হবে কীভাবে—এমন প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকেরা।

জনগণের অর্থে পরিচালিত সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বারবার উঠছে কেন? ৯০০ টাকা আদায় করে সরকারি কোষাগারে মাত্র ২০ টাকা জমা দেওয়ার অভিযোগের পেছনে কারা জড়িত, বাকি অর্থ কোথায় গেল এবং এই অর্থ আত্মসাতের সঙ্গে কেউ জড়িত কি না—এসব প্রশ্নের সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

টাঙ্গাইলবাসীর দাবি, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ, আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিতকরণ, আদায় করা অর্থের হিসাব প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

হরিলুটের শেষ কোথায়? সাধারণ রোগীদের হয়রানি এবং হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে কবে—এখন টাঙ্গাইলবাসীর প্রশ্ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ এম


টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলকে পরাজিত করে ফাইনালে পৌঁছানো ঢাকা কলেজের বিতার্কিকদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা। শনিবার প্রতিযোগিতার আয়োজক সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিযোগিতার ট্যাব রাউন্ডে গণ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও কলেজকে পরাজিত করে ঢাকা কলেজের দল ‘ডিসিডিএস ঐতিহ্য’ কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। এরপর কোয়ার্টার ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় দলটি। তবে ফাইনাল বিতর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয় ঢাকা কলেজ।

এ প্রতিযোগিতায় ডিসিডিএসের বিতার্কিক আব্দুল্লাহ ফয়সাল টুর্নামেন্টের তৃতীয় সেরা বিতার্কিক নির্বাচিত হন। ঢাকা কলেজের হয়ে প্রতিযোগিতায় আরও বিতর্ক করেছেন আজিজুর রহমান (পাভেল) ও মাহিন আহসান।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, "বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হওয়া কলেজের জন্য আনন্দের ও গৌরবের বিষয়।" তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "এ আনন্দ ও সাফল্য অন্য শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দিতে চাই, যাতে তারা আরও বেশি বিতর্কচর্চায় আগ্রহী হয়।" পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক মো. আকতারুজ্জামান বলেন, "ডিসিডিএসের বিতার্কিকরা বরাবরের মতো এবারও ঢাকা কলেজের জন্য সাফল্য বয়ে এনেছে।" তিনি তাদের এ অর্জনে অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ডিসিডিএসের মডারেটর রাশেদা আক্তার গাজী বিতার্কিকদের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, "যুক্তিতর্ক ও বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।"

অন্যদিকে, ডিবেটিং সোসাইটির মডারেটর ড. নাজমুন খাতুন বলেন, "ডিসিডিএসের ধারাবাহিক অর্জনে এ সাফল্য আরও একটি মাইলফলক।" বাংলাদেশের প্রেক্ষাপটে কলেজ ও বিশ্ববিদ্যালয়—উভয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখা বিতর্ক সংগঠনগুলোর মধ্যে ডিসিডিএস অন্যতম। তিনি বিজয়ী বিতার্কিকদের অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সাভারের সিসিডিবি হোপ সেন্টারে তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%