প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রানাকে (৪৫) গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এই হামলার কয়েক ঘণ্টা পর, একই রাতে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়ি সহ পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজারে রানার ওপর হামলা হয়। হামলার পর রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহত আবু বক্কর রানার বাড়ি বিশকাকুনি ইউনিয়নের বড়রুহী গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাদে পুটিকা বাজারে রানার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করার সময় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রানার বাম হাতের তালু ও ডান কাঁধে গুরুতর আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাইশা জানান, রানার ডান কাঁধ ও হাতে গুরুতর জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে, যুবদল নেতার ওপর হামলার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে বিশকাকুনি ইউনিয়নের ধলা গ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।
এছাড়া আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের বাড়ি, আমেরিকাপ্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের বাড়ি, বড়রুহী গ্রামের যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়ি, পুটিকা গ্রামের ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান শুভর বাড়ি এবং বাদে পুটিকা গ্রামের যুবলীগ নেতা বাশার খানের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এসব ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনো নেতার বক্তব্যও পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন