প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যাঁরা প্রতিদিনের কাজের মাধ্যমে নানা অঙ্গনের ‘মাঠের’ খবর তুলে ধরেন, এবার তাঁরা মাঠে নামবেন। হাতে কলম থাকবে না, কাঁধে ক্যামেরা থাকবে না; পায়ে ফুটবল থাকবে এবং চোখে শিরোপা জয়ের স্বপ্ন। সংবাদকক্ষের ব্যস্ততা পেছনে ফেলে সাংবাদিকরা ফুটবলার হয়ে উঠবেন। গোল করার আনন্দ কিংবা সতীর্থের সঙ্গে জয়ের উল্লাস—সবকিছুর স্বাদ নিতে এবারে তাঁদের সামনে এবিজি মিডিয়া কাপের মঞ্চ। এই মঞ্চ শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পরাবে না, বরং এটি পরিণত হবে এক মিলনমেলায়, যা বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অসংখ্য মুহূর্ত তৈরি করবে।
টুর্নামেন্টের উদ্দেশ্য সম্পর্কে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান ইঙ্গিত দিয়েছেন, "গণমাধ্যমকর্মীদের নিজেদের মধ্যে আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি পরিসর থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই আমাদের এই মিডিয়া কাপের উদ্যোগ। আমাদের উদ্দেশ্য শুধু একটি চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা নয়, বরং আমাদের লক্ষ্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সহকর্মীদের একই মাঠে নিয়ে এসে প্রতিযোগিতার মাধ্যমে সম্প্রীতির সংস্কৃতি গড়ে তোলা।"
এবিজির পৃষ্ঠপোষকতায় ও বসুন্ধরা সিটি-২-এর সহযোগিতায় ১ ডিসেম্বর এই টুর্নামেন্টের পর্দা উঠবে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক মনে করেন, ৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট একটি স্বপ্নের দৃশ্যমান রূপ, "আজকের এই অনুষ্ঠান শুধু কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি স্বপ্নের দৃশ্যমান রূপ। এটি একটি নতুন যাত্রার সূচনা এবং বাংলাদেশের ক্রীড়াজগতে নতুন এক সংযোগের প্রয়াস।"
শনিবার সন্ধ্যায় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আনুষ্ঠানিকভাবে এবিজি মিডিয়া কাপের শিরোপা উন্মোচন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। তাঁর মুখ থেকেই আসে সবচেয়ে বড় চমক। তিনি জানান, সোনালি ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা। ফাইনালে হারে রানার্স আপ দলের মন খারাপ হবে, তবে তাদের পকেটেও যাবে ২৫ লাখ টাকা। ফাইনালের এই বিশাল প্রাইজ মানিসহ টুর্নামেন্টজুড়ে ১৩৫ ম্যাচে দেওয়া হবে প্রায় দেড় কোটি টাকার পুরস্কার। বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নজির রয়েছে। তবে গণমাধ্যমকর্মীদের জন্য বড় পরিসরে এমন আয়োজন এবং বিশাল প্রাইজ মানির ঘোষণা নিঃসন্দেহে এই প্রথম।
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাইজ মানির এই টুর্নামেন্ট গণমাধ্যমপাড়ায় উৎসবের আমেজ নিয়ে এসেছে। তাই সাংবাদিকদের জন্য এবিজি মিডিয়া কাপকে ‘বিশ্বকাপ’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ও কলামিস্ট ইকরামউজ্জমান, "ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ বলেছিলেন, ফুটবলের সবচেয়ে সুন্দর দিক হলো এটি সব সময় আনন্দের জন্য খেলা হয়। প্রতিযোগিতা থাকলেও আনন্দের এই বার্তাটিই এবিজি মিডিয়া কাপের মূল চালিকাশক্তি।"
ফুটবল মাঠে গণমাধ্যমকর্মীদের লড়াই দেখতে মুখিয়ে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। তিনি বলেন, "এত দিন যাঁরা ক্যামেরার পেছনে ছিলেন, এখন তাঁদের খেলা জাতীয় টেলিভিশনে সম্প্রচার হবে। টুর্নামেন্টটি আমার জন্য বেশ আবেগের।"
যদিও সাংবাদিকদের জন্য এই টুর্নামেন্ট, তবে এর উত্তেজনা পেশাদার টুর্নামেন্টের চেয়ে কোনো অংশে কম হবে না বলে মনে করেন যুগান্তরের অধিনায়ক জ্যোতির্ময় মণ্ডল। তিনি বলেন, "প্রতিটি গ্রুপে দুর্দান্ত কিছু দল রয়েছে। পরবর্তী রাউন্ডে যাওয়া সহজ হবে না। আশা করি, এই টুর্নামেন্ট জমজমাট সব লড়াইয়ের সাক্ষী হবে।"
টুর্নামেন্টে আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ৪৮টি মিডিয়া হাউস। প্রতি গ্রুপের সেরা দুই দল অংশ নেবে ‘রাউন্ড অব সিক্সটিন’-এ। ১৭ তারিখের ফাইনাল শেষে এক দলের হাতে উঠবে ট্রফি। কেউ শিরোপা জয়ের আনন্দে ভাসবে, কারো চোখে থাকবে না-পাওয়ার আক্ষেপ। তবে এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে মাঠজুড়ে তৈরি হওয়া সৌহার্দ্য, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতি। কারণ লড়াইটা শিরোপার হলেও জয়টা হবে পুরো গণমাধ্যম পরিবারের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন