প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে সংবাদ কনটেন্ট তৈরি, দর্শক-পাঠকের সম্পৃক্ততা এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে বিশেষ সেমিনার করেছে রাশিয়া টুডে (আরটি)।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাশিয়ান হাউস ইন বাংলাদেশের প্রধান মিলনায়তনে প্রতিষ্ঠানটির সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ এবং আরটি একাডেমির প্রধান আন্না কোভতুনোভা। তারা ‘সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা’ এবং ‘আরটি একাডেমির সঙ্গে শিক্ষামূলক সুযোগ’ শীর্ষক দুটি বিষয়ে আলোচনা করেন।
রুসলান ইমায়েভ পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে সংবাদ উপস্থাপন এবং সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শক-পাঠকদের সম্পৃক্ত করার কার্যকর কৌশল তুলে ধরেন। অন্যদিকে, আন্না কোভতুনোভা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে আরটি একাডেমির অনলাইন ও সরাসরি প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ খলেভনয়। তিনি বক্তা ও অংশগ্রহণকারীদের স্বাগত জানানোর পাশাপাশি পেশাগত সংলাপ, গণমাধ্যমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষামূলক সুযোগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা সাংবাদিকতা, সংবাদমাধ্যমের কনটেন্ট তৈরি এবং পেশাগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আরটি প্রতিনিধিদের প্রশ্ন করেন। আলোচকরা এসব প্রশ্নের উত্তর দেন।
এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যমের কনটেন্ট তৈরি ও প্রকাশের ক্ষেত্রে আরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের সাংবাদিকদের জন্য অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহের কথাও জানায় আরটি একাডেমি।
আয়োজকদের মতে, এ সেমিনার আরটি ও বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত যোগাযোগ, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন