রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪১ পি.এম
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের উপরে পণ্যবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন মেহেদী হাসান সবুজ (৩০) নামের এক যুবক, যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে।
নিহত মেহেদী হাসান সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের পুত্র। তিনি একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার রাতে অফিসিয়াল কাজ শেষে কুমিরা এলাকা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরের দিকে ফিরছিলেন মেহেদী হাসান। পাটকেলঘাটা ওভারব্রিজের উপরে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এই ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হন, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যে ঝালকাঠিতে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. মমিনউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান তাপু, জেলা বন কর্মকর্তা মো. জাকিরুল হক সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালির পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
তিনি পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, ঝালকাঠি পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় জেলা। এখানে নদী, খাল, সবুজ প্রকৃতি ও ঐতিহাসিক স্থাপনা কেন্দ্র করে পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব।
এছাড়া, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের বিশেষ সুপারিশে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো পার্কে কালচারাল ভিলেজ নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঝালকাঠির পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সহজ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি এবং সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়িসহ জেলার অভ্যন্তরীন নদীতীরবর্তী স্থানগুলোতে পর্যটন শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়ে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শোভাযাত্রার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা এই আহ্বান জানান।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার এবং ট্যুরিস্টপুলিশের প্রতিনিধি রিপন নাগ।
এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : হামাসের নেতা খলিল আল-হাইয়া শনিবার এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে মন্তব্য করেছেন যে, গাজার ‘রক্ত’কে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে ইসরাইলিরা বলে তিনি বিশ্বাস করেন।
কাতারের টেলিভিশন চ্যানেল আল-আরাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ব্যক্তি বা ওই ব্যক্তি ক্ষমতায় আসুক, কিংবা এই দল বা অন্য কোনো দল—আমাদের জনগণ সব ইসরাইলি দলের হাতেই ভুগেছে।’
দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি জনগণের রক্ত, দুর্ভোগ ও অধিকারকে ইসরাইলের নির্বাচনের জ্বালানি হিসেবে ব্যবহার করার বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নেব না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো, আমাদের জনগণ তাদের লক্ষ্য, আকাঙ্ক্ষা ও বৈধ অধিকার অর্জন করুক।’
আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন।
নির্বাচনের আগে ইসরাইলের প্রধানমন্ত্রী গাজা থেকে সেনা প্রত্যাহার না করার অঙ্গীকার করেছেন। হামাস অস্ত্র সমর্পণ করবে বলে যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগে বলা হয়েছে, সেটিও তিনি প্রত্যাখ্যান করেছেন। ইসরাইল এই প্রতিশ্রুতিকে সন্দেহের চোখে দেখছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলার পর এটি প্রথম নির্বাচন। ওই হামলায় যোদ্ধারা দক্ষিণ ইসরাইলে ঢুকে ১,২২১ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
এর জবাবে ইসরাইলের চালানো ব্যাপক সামরিক অভিযানে গাজার প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। বিপুলসংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ অভিযানে ৭৩ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মন্ত্রণালয়টি হামাসের নিয়ন্ত্রণাধীন। তবে জাতিসংঘের কাছে এর দেওয়া পরিসংখ্যান নির্ভরযোগ্য বলে বিবেচিত।
জনমত জরিপে নেতানিয়াহুর সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট উঠে এসেছেন। তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় ছিলেন। তবে কৌশলগত ব্যর্থতার জন্য তিনি নেতানিয়াহুর সমালোচনা করেছেন।
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ২৮ নভেম্বর আইনসভা নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছে। দুই দশকের মধ্যে এটিই হবে প্রথম এমন নির্বাচন। তবে নির্বাচনটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে।
২০০৬ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে হামাস জয়ী হয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহকে পরাজিত করে। এরপর থেকে ৯০ বছর বয়সী আব্বাস ডিক্রি জারি করে শাসন করে আসছেন। আইনসভাকে অধিবেশনে বসতে দেওয়া হয়নি। অন্যদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়।
আব্বাস পশ্চিম তীরে অবস্থান করছেন। সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সীমিত স্বায়ত্তশাসন রয়েছে।
হাইয়া বলেন, ‘জাতীয় কর্মসূচির ভিত্তি তৈরি এবং প্রকৃত ঐক্য অর্জনের লক্ষ্যে আমরা প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বসতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি নির্বাচন স্থগিত করা হলে সেই পদক্ষেপকে ফিলিস্তিনিদের নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার পথ উন্মুক্ত করার উদ্যোগ হিসেবে কাজে লাগাতে হবে।’
হামাস ফাতাহর সাবেক নেতা মোহাম্মদ দাহলানের সঙ্গে একটি জোট গঠনে কাজ করছে। গাজায় জন্ম নেওয়া দাহলান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।
হাইয়া বলেন, ‘নির্বাচন স্থগিত হলে জোট অটুট থাকবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। এর লক্ষ্য হবে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গড়ে তোলা।’
তবে হামাস আদৌ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা এখনো অনিশ্চিত। আব্বাস সব প্রার্থীকে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) কর্মসূচি মেনে নেওয়ার শর্ত দিয়েছেন। ১৯৯৩ সালে অসলো শান্তি চুক্তির সূচনাকালে পিএলও ইসরাইলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নিউইয়র্কে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের মধ্যবর্তী সময়ে তারা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার রিপোর্ট অনুযায়ী, বৈঠকে চলমান ভূরাজনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং বিভিন্ন অমীমাংসিত আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আরাগচি আঞ্চলিক সংঘাত নিরসনে সংলাপ এবং বহুপক্ষীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেন।
নিউইয়র্কে ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে ইরানের কূটনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আরাগচি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। বৈঠকগুলোতে হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদানের বিষয়টিও আলোচনায় এসেছে।
অন্যদিকে, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক পরিচালনা করছেন। সংলাপ, পারস্পরিক আস্থা এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করাকে তাঁর সভাপতিত্বের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান। সেই আলোচনায় সাধারণ পরিষদকে আন্তর্জাতিক সংলাপের কার্যকর ও প্রতিনিধিত্বশীল মঞ্চ হিসেবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ