ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত


ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঝালকাঠি, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যে ঝালকাঠিতে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. মমিনউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান তাপু, জেলা বন কর্মকর্তা মো. জাকিরুল হক সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

র‌্যালির পর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

তিনি পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, ঝালকাঠি পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় জেলা। এখানে নদী, খাল, সবুজ প্রকৃতি ও ঐতিহাসিক স্থাপনা কেন্দ্র করে পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব।

এছাড়া, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দারের বিশেষ সুপারিশে ঝালকাঠির ধানসিঁড়ি ইকো পার্কে কালচারাল ভিলেজ নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঝালকাঠির পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সহজ হবে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটন শিল্প গড়ে তোলার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটন শিল্প গড়ে তোলার আহ্বান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি এবং সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়িসহ জেলার অভ্যন্তরীন নদীতীরবর্তী স্থানগুলোতে পর্যটন শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়ে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শোভাযাত্রার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা এই আহ্বান জানান।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার এবং ট্যুরিস্টপুলিশের প্রতিনিধি রিপন নাগ।

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের নির্বাচনে গাজার ‘রক্ত’কে ব্যবহার করা হবে: হামাস নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


ইসরাইলের নির্বাচনে গাজার ‘রক্ত’কে ব্যবহার করা হবে: হামাস নেতা

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : হামাসের নেতা খলিল আল-হাইয়া শনিবার এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে মন্তব্য করেছেন যে, গাজার ‘রক্ত’কে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে ইসরাইলিরা বলে তিনি বিশ্বাস করেন।

কাতারের টেলিভিশন চ্যানেল আল-আরাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ব্যক্তি বা ওই ব্যক্তি ক্ষমতায় আসুক, কিংবা এই দল বা অন্য কোনো দল—আমাদের জনগণ সব ইসরাইলি দলের হাতেই ভুগেছে।’

দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি জনগণের রক্ত, দুর্ভোগ ও অধিকারকে ইসরাইলের নির্বাচনের জ্বালানি হিসেবে ব্যবহার করার বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নেব না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো, আমাদের জনগণ তাদের লক্ষ্য, আকাঙ্ক্ষা ও বৈধ অধিকার অর্জন করুক।’

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন।

নির্বাচনের আগে ইসরাইলের প্রধানমন্ত্রী গাজা থেকে সেনা প্রত্যাহার না করার অঙ্গীকার করেছেন। হামাস অস্ত্র সমর্পণ করবে বলে যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি উদ্যোগে বলা হয়েছে, সেটিও তিনি প্রত্যাখ্যান করেছেন। ইসরাইল এই প্রতিশ্রুতিকে সন্দেহের চোখে দেখছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলার পর এটি প্রথম নির্বাচন। ওই হামলায় যোদ্ধারা দক্ষিণ ইসরাইলে ঢুকে ১,২২১ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

এর জবাবে ইসরাইলের চালানো ব্যাপক সামরিক অভিযানে গাজার প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। বিপুলসংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ অভিযানে ৭৩ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মন্ত্রণালয়টি হামাসের নিয়ন্ত্রণাধীন। তবে জাতিসংঘের কাছে এর দেওয়া পরিসংখ্যান নির্ভরযোগ্য বলে বিবেচিত।

জনমত জরিপে নেতানিয়াহুর সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট উঠে এসেছেন। তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় ছিলেন। তবে কৌশলগত ব্যর্থতার জন্য তিনি নেতানিয়াহুর সমালোচনা করেছেন।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ২৮ নভেম্বর আইনসভা নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছে। দুই দশকের মধ্যে এটিই হবে প্রথম এমন নির্বাচন। তবে নির্বাচনটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে।

২০০৬ সালে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে হামাস জয়ী হয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহকে পরাজিত করে। এরপর থেকে ৯০ বছর বয়সী আব্বাস ডিক্রি জারি করে শাসন করে আসছেন। আইনসভাকে অধিবেশনে বসতে দেওয়া হয়নি। অন্যদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়।

আব্বাস পশ্চিম তীরে অবস্থান করছেন। সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সীমিত স্বায়ত্তশাসন রয়েছে।

হাইয়া বলেন, ‘জাতীয় কর্মসূচির ভিত্তি তৈরি এবং প্রকৃত ঐক্য অর্জনের লক্ষ্যে আমরা প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বসতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি নির্বাচন স্থগিত করা হলে সেই পদক্ষেপকে ফিলিস্তিনিদের নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার পথ উন্মুক্ত করার উদ্যোগ হিসেবে কাজে লাগাতে হবে।’

হামাস ফাতাহর সাবেক নেতা মোহাম্মদ দাহলানের সঙ্গে একটি জোট গঠনে কাজ করছে। গাজায় জন্ম নেওয়া দাহলান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।

হাইয়া বলেন, ‘নির্বাচন স্থগিত হলে জোট অটুট থাকবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। এর লক্ষ্য হবে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গড়ে তোলা।’

তবে হামাস আদৌ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা এখনো অনিশ্চিত। আব্বাস সব প্রার্থীকে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) কর্মসূচি মেনে নেওয়ার শর্ত দিয়েছেন। ১৯৯৩ সালে অসলো শান্তি চুক্তির সূচনাকালে পিএলও ইসরাইলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


নিউইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নিউইয়র্কে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের মধ্যবর্তী সময়ে তারা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার রিপোর্ট অনুযায়ী, বৈঠকে চলমান ভূরাজনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং বিভিন্ন অমীমাংসিত আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আরাগচি আঞ্চলিক সংঘাত নিরসনে সংলাপ এবং বহুপক্ষীয় কূটনীতির গুরুত্ব তুলে ধরেন।

নিউইয়র্কে ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে ইরানের কূটনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। আরাগচি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। বৈঠকগুলোতে হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদানের বিষয়টিও আলোচনায় এসেছে।

অন্যদিকে, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক পরিচালনা করছেন। সংলাপ, পারস্পরিক আস্থা এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করাকে তাঁর সভাপতিত্বের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান। সেই আলোচনায় সাধারণ পরিষদকে আন্তর্জাতিক সংলাপের কার্যকর ও প্রতিনিধিত্বশীল মঞ্চ হিসেবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে কারাগারে অসুস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতার হাসপাতালে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


কিশোরগঞ্জে কারাগারে অসুস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতার হাসপাতালে মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে অবস্থানকালে অসুস্থ হয়ে কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল আমিন রুহুল সরকার (৫০) মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তিনি ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত ব্যক্তি লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত উসমান গণির পুত্র ছিলেন। তিনি কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক এবং কটিয়াদী দলিল লেখক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই নুরুল আমিন জানিয়েছেন, তার ভাইয়ের মাঝে মাঝে বুকে ব্যথা অনুভব হতো। কারাগারে থাকার সময় তিনি কিছুদিন অসুস্থ ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইনি জটিলতার কারণে কয়েক ঘণ্টা সময়ক্ষেপণ হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। একপর্যায়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পর রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সম্প্রতি তিনি ওমরাহ পালন শেষে দেশে ফিরে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। দুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও অভিযোগ রয়েছে যে তিনি সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাননি।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর দুপুরে খাইরুল আমিন রুহুল সরকারকে কটিয়াদী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খাইরুল আমিন রুহুল সরকার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় প্রথমে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পুলিশি ব্যবস্থাপনায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%