ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

দীপাবলিতে ২০ কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে


দীপাবলিতে ২০ কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে

ভারতের গুজরাটের সুরাটে দীপাবলি উপলক্ষে নিজের প্রতিষ্ঠানের ২০ কর্মীকে এক লাখ রুপির বেশি করে নগদ বোনাস দিয়েছেন এক ব্যবসায়ী। কর্মীদের প্রতি তার এমন উদারতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা চলছে। বোনাস পাওয়ার পর কয়েকজন কর্মীকে আবেগাপ্লুত হয়ে কাঁদতেও দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর নাম রামস্বরূপ মুন্ডে। তিনি সুরাটের একটি বস্ত্রপ্রতিষ্ঠানের মালিক। দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানের ২০ কর্মীর প্রত্যেককে এক লাখ রুপির বেশি নগদ অর্থ উপহার দিয়েছেন তিনি।

তবে বোনাস দেওয়ার আয়োজনেও ছিল ভিন্নতা। সাধারণ খামে টাকা না দিয়ে রুপালি রঙের পূজার থালায় সাজিয়ে রাখা হয় নতুন নোটের বান্ডিল। ১০ থেকে ৫০০ রুপির নোট দিয়ে সাজানো এসব থালা কর্মীদের হাতে তুলে দেন তাদের স্ত্রীরা। এমন ব্যতিক্রমী আয়োজনে কর্মীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ১১ বছরের মিসরীয় শিশু বই পড়ে জিতলেন ১ কোটি ৫৬ লাখ টাকা

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কর্মীরা একে একে নগদ অর্থের থালা গ্রহণ করছেন। কেউ আনন্দে আপ্লুত হচ্ছেন, আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না।

কর্মীদের প্রতি এমন উদারতার কারণ ব্যাখ্যা করে রামস্বরূপ মুন্ডে বলেন, তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের শুধু শ্রমিক হিসেবে দেখেন না; তাদের নিজের পরিবারের অংশ মনে করেন। দীপাবলিতে কর্মীরা যেন পরিবারের সঙ্গে আর্থিক দুশ্চিন্তামুক্ত হয়ে উৎসব উদ্যাপন করতে পারেন, সেটিই ছিল তার উদ্দেশ্য।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকে এমন উদার মালিকের অধীনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, নিজের পরিবারের মতো কর্মীদের পরিবারকেও উৎসবের আনন্দে শামিল করার মানসিকতাই একজন মানুষকে প্রকৃত অর্থে ধনী করে তোলে।

আরেকজন লিখেছেন, প্রত্যেক কর্মীর এমন একজন মালিক পাওয়া উচিত। কেউ কেউ আবার ওই প্রতিষ্ঠানে চাকরির আবেদন কীভাবে করা যায়, তা নিয়েও মজা করেছেন।

আরও পড়ুন: ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কারিনাকে ইব্রাহিম আলি খান

তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ সৎমা: ইব্রাহিম আলি খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ সৎমা: ইব্রাহিম আলি খান

বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান-এর পারিবারিক সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি, এই তারকা দম্পতি উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এর নতুন একটি পর্বে, যা আরও কৌতূহল সৃষ্টি করেছে।

শোয়ের একটি বিশেষ পর্বে সাইফের বড় ছেলে ইব্রাহিম আলি খানের একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়। ভিডিওতে, ইব্রাহিম তার সৎমা কারিনা সম্পর্কে প্রশংসা করেন এবং পরিবারের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরেন।

সাইফ এবং কারিনা শোয়ে তাদের পারিবারিক বন্ধন নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভিডিও বার্তায় ইব্রাহিম তার বাবাকে ‘হিরো’ এবং আদর্শ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাবার তারকা হওয়ার পেছনে নয়, বরং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তিনি বাবাকে শ্রদ্ধা করেন।

ইব্রাহিম বলেন, ‘হ্যালো আব্বা ও বেবো। ড্যাড, তুমি আমার আদর্শ। আমার হিরো। তবে তুমি কে, তার চেয়েও বড় কথা তুমি কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছো। জীবনের উঁচু-নিচু পথ, হার্ট অ্যাটাক, আঙুলের চোট, ছুরিকাঘাতের ঘটনা— সবকিছুর পরেও তুমি শক্তভাবে টিকে আছো। আর সেই কারণেই তুমি আমার হিরো এবং সবসময় এভাবেই থাকবে।’

এরপর, করিনা কাপুর খানকে ধন্যবাদ জানিয়ে ইব্রাহিম বলেন, ‘আর বেবো, আমি চাই তুমি জেনে রাখো যে তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ ছোটমা (স্টেপ-মাদার)। তুমি সবসময় আমাদের পাশে থেকেছ। তাই তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।’

শোয়ের শেষে, উপহার কার হাতে দেওয়া উচিত, এমন প্রশ্নের উত্তরে ইব্রাহিম বিন্দুমাত্র দ্বিধা না করে বাবার নাম উল্লেখ করেন।

পারিবারিক সম্পর্কের এই সুসম্পর্ক নিয়ে সাইফ আলি খান মন্তব্য করেন, একটি পরিবারকে সুন্দরভাবে একত্রিত রাখার পেছনে কারিনার অবদান অনেক। প্রথম পক্ষের সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গে কারিনার সম্পর্ক গড়ে ওঠার পুরো কৃতিত্ব তিনি তার স্ত্রীর দিকে নির্দেশ করেন, তবে সবার পারস্পরিক সহযোগিতাকেও তিনি সাধুবাদ জানান।

অভিনেতা বলেন, ‘সবাই ভীষণ চমৎকার। তবে এই সম্পর্কের পুরো কৃতিত্ব আমি অবশ্যই করিনাকে এবং বাকিদের দেবো, কারণ এই বিষয়গুলো দুদিক থেকেই কাজ করে।’

অন্যদিকে, ইব্রাহিমের সঙ্গে তার ছোট দুই ভাই তৈমুর ও জেহের সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন কারিনা। তিনি জানান, তৈমুর ও জেহ তাদের বড় ভাই ইব্রাহিমকে খুব ভালোবাসে এবং তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে।

করিনার ভাষায়, ‘তৈমুর ও জেহ ইব্রাহিমকে খুব ভালোবাসে। ওরা ওর মতো হতে চায় এবং ওর সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। ইব্রাহিমও ওদের সঙ্গে সময় দিতে চেষ্টা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে জানুয়ারিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ছিল।

বার্তা সংস্থা ফার্স নিউজের মাধ্যমে ইরানের সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজন হলেন— হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানে।

ইরানের বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, বিক্ষোভের সময় তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রোলবোমা ব্যবহার করে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালান। তারা কারাজ শহরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ধরিয়ে দেন এবং সরকারি স্থাপনা ভাঙচুর করেন। এই ঘটনায় শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইরানে একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এসব ব্যক্তির বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরান সরকারের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি একই সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বিলুপ্ত করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি ছাত্রদলের ১০ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


জাবি ছাত্রদলের ১০ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে উপস্থিত না থাকার কারণে এই নোটিশ দেওয়া হয়েছে। শোকজ প্রাপ্ত নেতাদের মধ্যে সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই নির্দেশনা প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

শোকজ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—আল বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান, শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমদ হল শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ পাপন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার পরেও কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত নির্ধারিত কর্মসূচিতে তারা অনুপস্থিত ছিলেন। দায়িত্ব অবহেলার অভিযোগের ভিত্তিতে তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর বরাবর লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৫২২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৫২২ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৫২২ জনকে গ্রেপ্তার করেছে। এই সময়ের মধ্যে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৬৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯৪ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন, রমনা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%