মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার
০১:৩৪ পি.এম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সমবায়ের হাত ধরেই বদলাবে গ্রামীন জীবন। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। এতে উন্নত হবে জীবনমান। এছাড়াও সমবায়ের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা তৈরি হবে।
রোববার (৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম সমবায় দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার ও জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু।
মন্ত্রী বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ বাংলাদেশকে বুকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, তা সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানের শেষে সমবায় পণ্য মেলা পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন স্টলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্মশান দীপাবলি উপলক্ষে বরিশাল নগরীর মহাশ্মশানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) নগরীর মহাশ্মশানে আয়োজিত শ্মশান দীপাবলি উৎসব চলাকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের পক্ষে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার মহাশ্মশানের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং উৎসবকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে উৎসবে আগত দর্শনার্থী, পুণ্যার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উৎসবস্থলে সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, আগত মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
শ্মশান দীপাবলি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবছর এ উৎসবকে ঘিরে বরিশাল নগরীর মহাশ্মশানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ মহাশ্মশানে সমবেত হন। ফলে উৎসবকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ধরনের বৃহৎ ধর্মীয় আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএমপির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ সেই প্রস্তুতিরই অংশ।
পরিদর্শনকালে বিএমপির অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৪ ঘণ্টার অভিযানে ১৮৫ পিস ইয়াবা ও ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদকসহ আটক ৮ জন
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) বিএমপির প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর পরিচালিত এসব অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ আটজনকে আটক করা হয়েছে।
বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলায় চারজন, বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জন এবং অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ অভিযানে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে, মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএমপি। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে সংস্থাটি বলেছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত বরিশাল গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শাহজাদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি আল আমিন হোসেন এসময় শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল সরকার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল করা এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর,২০২৬) সকাল ১১ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব সামসুল ইসলাম। উদয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য ঝলক তালুকদার এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন মধ্যনগর থানা মসজিদের ইমাম হাফিজ মোঃ সাইকুল ইসলাম এবং
গীতা পাঠ করেন ঝলক তালুকদার। প্রধান অতিথি সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সাহেবের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির আহবায়ক মোঃ আবে হায়াত বিশেষ অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আই ও) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এর প্রতিনিধি উৎপল সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, ইসলামি ফাউন্ডেশনের উপজেলা পরিচালক জিয়াউর রহমান মঙ্গল দ্বীপ কো-অপারেটিভ এর সভাপতি ইউস দাজেল।
মধ্যনগর গ্রাম উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিদ্যা মিয়া, এবং মধ্যনগর অনির্বাণ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি বাবু গোপেশ তালুকদার,এ ছাড়া ও
আলোচনা সভার শেষে
সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়্ । সঞ্চয় ও ঋনদান ক্যাটাগরিতে মধ্যনগর উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মধ্যনগর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক রুবেল রায় এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মংগলদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভাপতি মহোদয় সমাপনী বক্তৃতায় বলেন আর্থ-সামাজিক উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও দারিদ্র নিরসনের জন্য আমাদের সবাইকে সমবায়ী হয়ে আদর্শ সমবায় সমিতি গঠন করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ