সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১১:০৪ পি.এম
নরসিংদীর রায়পুরায় বাসে তল্লাশি চালানোর সময় পুলিশ ১৪০ রাউন্ড গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে। পুলিশ জানায়, দুই গ্রুপের সংঘর্ষের উদ্দেশ্যে ওই গুলি বহন করা হচ্ছিল।
সোমবার ভোর ৪টা ২০ মিনিটে উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহণের একটি বাসে তল্লাশি চলাকালীন তাকে আটক করা হয়।
আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী বাসটিতে তল্লাশির সময় ওই নারীর কাছে ১৪০ রাউন্ড গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুইপক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য গুলিগুলো বহন করছিলেন।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ তদন্ত করছে, গুলি পরিবহণের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরতের শেষভাগে শীতের আগমনী বার্তা নিয়ে পঞ্চগড়ের নীলাকাশে উঁকি দিচ্ছে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। বরফে ঢাকা শুভ্র পাহাড়ের চূড়ায় সূর্যের আলো পড়ার সাথে সাথে কখনো লাল, কখনো কমলা, আবার কখনো ধূসর রঙে পরিবর্তিত হচ্ছে এর রূপ। স্বচ্ছ আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা তেঁতুলিয়ায় ছুটে আসছেন পাহাড়টি দেখতে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। তেঁতুলিয়ার মহানন্দা নদীর ওপারে বরফে ঢাকা পাহাড়ের সারি এবং পিরামিডের মতো চূড়া যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা একটি ছবি। তবে মেঘ ও কুয়াশার কারণে সব সময় দেখা মেলে না এই শুভ্র পর্বতশৃঙ্গের। আকাশ পরিষ্কার থাকলে ভোরের আলোয় ধীরে ধীরে পাহাড়টি দৃশ্যমান হয়ে ওঠে। কিছুক্ষণ পর আবার হারিয়ে যায় মেঘের আড়ালে।
এদিকে পঞ্চগড়ে দিনের তুলনায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। গত দুই দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে তেঁতুলিয়ায় পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। তখন এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শীতের আমেজ, ভোরের কুয়াশা এবং শিশিরভেজা প্রকৃতি পর্যটকদের মুগ্ধ করে।
তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকা, মহানন্দা, করতোয়া, ডাহুক ও ভেরসা নদীর তীরসহ বিভিন্ন গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা সম্ভব। তবে পাহাড়টি দেখতে ভাগ্যের সহায়তাও প্রয়োজন বলে মনে করেন অনেক পর্যটক। আকাশ মেঘমুক্ত না থাকলে দীর্ঘ অপেক্ষার পরও দেখা নাও মিলতে পারে এই পর্বতশৃঙ্গের।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন জানান, প্রতিবছর তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এ দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা এখানে আসেন। পর্যটকদের সুবিধার জন্য তেঁতুলিয়া উপজেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে পিকনিক কর্নার নতুন করে সাজানো হয়েছে। নির্মাণ করা হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার। পাশাপাশি মহানন্দা নদীর তীর ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফ ইসলাম খান (৩৮)।
সোমবার দুপুরে নালী ইউনিয়নের উভাজানী এলাকায় তার নিজ দোকানের সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।
ডিবি পুলিশের দাবি, আসিফ দীর্ঘ সময় ধরে এলাকার মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। নিত্যপণ্যের দোকানের আড়ালে হেরোইনের কারবার চালানোর তথ্য পেয়ে তার দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, নিত্যপণ্যের আড়ালে হেরোইনের কারবার চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসিফকে মাদকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে যুবদলের পদে থেকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ সামনে আসায় দলটির পক্ষ থেকেও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, যুবদলের ব্যানারে থেকে কোনো ধরনের অপকর্মের সুযোগ নেই। কোনো ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না। অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে অভিযোগ উঠেছে। সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী (লাভলু) সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে, পিস্তল দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনার পর তিনি ভাঙ্গা থানায় একটি এজাহার জমা দিয়েছেন। এজাহারে তিনি ১০ জনের নাম উল্লেখ করেছেন এবং ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নুরে আলম সিদ্দিকী (লাভলু) থানায় দেওয়া অভিযোগ ও সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর গত ২৫ অক্টোবর অভিযুক্তদের একজন সামিউর রহমান মিঠু তাকে মোবাইল ফোনে নাছিরাবাদ ইউনিয়নের দরগাবাজারে ডাকেন। সেখানে পৌঁছানোর পর সামিউর রহমান মিঠু, জহুরুল মুন্সিসহ অন্যান্য আসামি তাকে ঘিরে ধরেন। এ সময় আসামিরা কোমরে থাকা পিস্তল বের করে তাকে হত্যার উদ্দেশ্যে তাক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান আরও জানান, ‘আসামিরা স্পষ্ট জানিয়ে দেন—আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় গুলি করে হত্যা করা হবে।' পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। তিনি অতীতের কয়েকটি মারধর ও গুলি করার ঘটনার কথা উল্লেখ করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেন। পরে পরিবারের সঙ্গে পরামর্শ করে আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন ভাঙ্গা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাবেক চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী লাভলু। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি তার ও পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে সামিউর রহমান বলেন, ‘৫০ লাখ না, ১০ টাকা চাঁদাবাজির ঘটনায় কেউ যদি আমাকে শনাক্ত করতে পারে, আমি এই দেশ ছেড়ে চলে যাব।' তিনি আরও বলেন, ‘বিএনপি করেছি বলে সৌদি আরবে ১২ বছর একপ্রকার নির্বাসিত জীবন কাটাতে হয়েছে, দেশে আসতে পারিনি। সৌদিতে আমার প্রতিষ্ঠিত ব্যবসা রয়েছে। তা ছেড়ে আমি কেন এসব চাঁদাবাজির মতো নিকৃষ্ট কাজ করতে যাব?’
সামিউর বলেন, ‘নুরে আলম সিদ্দিকী আমার শয্যাশায়ী বড় চাচা আবুল কালাম আজাদ সাহেবের সঙ্গে বেয়াদবি করেছেন। দরগাবাজারে তার সঙ্গে দেখা হলে তাকে আমি বলেছিলাম, আমার চাচার কাছে মাফ চাইতে।’
পিস্তল দিয়ে হত্যার হুমকি দেওয়ার ব্যাপারে জানতে চাইলে সামিউর বলেন, ‘আমি দুই দিন আগে বিদেশ থেকে এসেছি। আমি পিস্তল কোথায় পাব যে তাকে হুমকি দেব? মূল কথা হলো, আমাদের পরিবার আমাদের ইউনিয়নের ক্ষমতাশালী পরিবার। আমাদের সমর্থন ছাড়া ইউনিয়নে কেউ চেয়ারম্যান হতে পারবেন না। মূলত এসব করে তিনি আমাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাচা আবুল কালাম আজাদ ২০২১ সালের ইউপি নির্বাচনে নাছিরাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ (গ্রস) বর্তমানে ৩৬ দশমিক ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ২৬ অক্টোবর পর্যন্ত এ রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪১১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৬০ বিলিয়ন ডলার হিসেবে নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, উল্লিখিত তারিখে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ হাজার ৪১১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৬০০ দশমিক ৪০ মিলিয়ন ডলার। উভয় হিসাবের মধ্যে পার্থক্য ৪ হাজার ৮১১ দশমিক ৪৩ মিলিয়ন ডলার।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি দেশের আন্তর্জাতিক লেনদেনের সক্ষমতা এবং বৈদেশিক দায় পরিশোধের সামর্থ্য মূল্যায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। আমদানি ব্যয় মেটানো, বিদেশি ঋণের কিস্তি পরিশোধ এবং বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা বজায় রাখতে এ রিজার্ভের গুরুত্ব অপরিসীম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ