০৫:৫১ পি.এম
চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং এবং এর সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যারিজ’ উড়ন্ত গাড়ির ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
২০২৫ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এআই দিবসে অ্যারিজ প্রকল্পের প্রধান উদ্ভাবন ‘ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার’ এর ঘোষণা দেওয়া হয়। শুরুতে এটি ভবিষ্যতের প্রতিশ্রুতি মনে হলেও ২০২৬ সালের এআই দিবস ও নভেম্বরের শেষের দিকে সদর দপ্তর পরিদর্শনের পর এর কার্যকারিতা স্পষ্ট হয়েছে, যা বিজিআর-এর প্রতিবেদন অনুযায়ী নিশ্চিত হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুসারে, ২০২৭ সালে উড়ন্ত গাড়ির ব্যাপক উৎপাদন শুরু হবে এবং একই বছরের দ্বিতীয়ার্ধে এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে।
আরও পড়ুন: অ্যানথ্রপিক চ্যাটবট ক্লডের বিরুদ্ধে নাশকতার অভিযোগ অস্বীকার
ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার মূলত দুটি সমন্বিত অংশ নিয়ে গঠিত—মাটিতে চলার ট্রাকসদৃশ গাড়ি এবং পেছনের অংশে ভাঁজ করে রাখা ছোট হেলিকপ্টারের মতো বৈদ্যুতিক উড়োজাহাজ। প্রচলিত উড়োজাহাজের জন্য আলাদা রানওয়ে বা স্থায়ী হ্যাঙ্গারের প্রয়োজন হয় না; বরং মাটির গাড়িটিই ভ্রাম্যমাণ হ্যাঙ্গার ও মোবাইল চার্জিং স্টেশন হিসেবে কাজ করে। চালক গাড়ি চালিয়ে পছন্দের স্থানে গিয়ে সেখান থেকেই উড়োজাহাজটি আলাদা করে উড়তে পারেন। সদর দপ্তরে চালকসহ উড়োজাহাজটির উড্ডয়ন ও পরীক্ষার সময় প্রায় পাঁচ মিনিট উড়তে দেখা গেছে।
এই উড়ন্ত অংশটির বিশেষত্ব হলো ইভিটিওএল প্রযুক্তি, যার মাধ্যমে এটি রানওয়ে ছাড়াই খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। প্রচলিত হেলিকপ্টার চালাতে হাত ও পায়ের জটিল সমন্বয়ের বদলে অ্যারিজের উড়োজাহাজে একটি সহজ নিয়ন্ত্রণ দণ্ড রাখা হয়েছে, যা অনেকটা ভিডিও গেম খেলার মতো সহজভাবে চালানো যায়। এর পাশাপাশি, এতে এআইনির্ভর স্বয়ংক্রিয় উড্ডয়ন ব্যবস্থা, ম্যানুয়াল নিয়ন্ত্রণ, নিরাপদ অবতরণ সহায়তা এবং আশপাশের আকাশযান শনাক্ত করে সংঘর্ষ এড়াতে ক্যামেরা, মনিটর ও লেজার প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
ব্যাটারি ও আকাশযানের সক্ষমতার দিক থেকে একবার চার্জে উড়োজাহাজটি সর্বোচ্চ ২০ মিনিট উড়তে পারবে। তবে গাড়ির অংশ থেকে প্রায় ৩০ মিনিটে পূর্ণ চার্জ হয়ে সর্বোচ্চ ছয়বার পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব। উড়োজাহাজটির নির্ধারিত সর্বোচ্চ উড্ডয়নসীমা ৮,২০০ ফুট হলেও চীনের বর্তমান আইনে এটি সর্বোচ্চ ৩৯৪ ফুট উচ্চতায় উড়তে পারবে এবং ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগের বাতাসেও এটি স্থিতিশীল থাকতে সক্ষম।
হার্ডওয়্যারের নকশা চূড়ান্ত হলেও সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করতে হলে আকাশযানসংক্রান্ত আইন ও বিধিমালায় পরিবর্তন আনতে হবে। যেখানে পরীক্ষামূলক উড্ডয়নের জন্য বাণিজ্যিক পাইলট লাইসেন্স ও টাইপ সার্টিফিকেশনের উড্ডয়ন পরীক্ষা প্রয়োজন হয়। সম্ভাব্য দাম প্রায় ৩ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা) নির্ধারণ করা হয়েছে। এই যানটি চীনের আগে মধ্যপ্রাচ্যের বাজারে এবং পরে ব্রাজিলের মতো দেশে নেওয়ার লক্ষ্য রয়েছে।
আরও পড়ুন: সংস্কৃতির চর্চা পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে: সংস্কৃতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন