প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি সংহতি জানিয়ে সাদিক কায়েম ঘোষণা করেছেন যে, ভবিষ্যতে ঢাকা থেকেই ফিলিস্তিনের আজাদি আন্দোলনের নেতৃত্ব দেওয়া হবে। তিনি ঢাকাকে বিশ্বের সংহতির কেন্দ্রবিন্দুতে (সলিডারিটি হাব) রূপান্তরিত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
এই ঘোষণা তিনি রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘কেফিয়া র্যালি’তে বক্তব্য দেওয়ার সময় করেন।
ফিলিস্তিনকে মুসলমানদের আবেগের স্থান হিসেবে চিহ্নিত করে এবং অবরুদ্ধ গাজাকে বর্তমান বিশ্বের এক ‘উন্মুক্ত কারাগার’ বলে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, গত তিন বছরে ইসরাইলি জায়নবাদীরা ৭৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে, যার মধ্যে এক-তৃতীয়াংশ শিশু ও নারী। তিনি বলেন, এই লড়াইয়ে আমরা নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ অসংখ্য সেনানায়ককে হারিয়েছি।
জাতিসংঘ এবং বিশ্বের তথাকথিত মোড়ল রাষ্ট্রগুলোর সমালোচনা করে তিনি বলেন, সারা দুনিয়ায় যারা মানবতার কথা বলেন, গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। আইসিএসসিআর (ICCSR) এবং নির্যাতনবিরোধী সনদসহ মানবাধিকারের বিভিন্ন আন্তর্জাতিক সনদ ফিলিস্তিনি মজলুমদের জন্য কার্যকর হচ্ছে না।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি বলেন, গত ৭০ বছর ধরে ইসরাইলি দখলদারিত্ব ও লাখ লাখ মানুষের হত্যার প্রতিবাদে বাংলাদেশের জুলাই বিপ্লবে আমরা দেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা একসঙ্গে ধারণ করেছিলাম এবং ফিলিস্তিনের আজাদির পক্ষে স্লোগান দিয়েছিলাম। ইনশাআল্লাহ, আগামীতে এই ঢাকা থেকেই ফিলিস্তিনের আজাদি আন্দোলনের নেতৃত্ব দেওয়া হবে।
বক্তব্যে মধ্যপ্রাচ্যে ইসরাইল এবং দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করেন সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, আসামসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জায়নবাদী গোষ্ঠী মুসলমানদের ওপর নিপীড়ন চালাচ্ছে।
তিনি বলেন, শরীরে যতদিন রক্ত থাকবে, ততদিন সারা বিশ্বের মজলুম মানুষের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি। প্রয়োজনে শহীদ হব, জীবন দেব, তবুও আজাদির এই লড়াই অব্যাহত থাকবে। সবশেষে তিনি ফিলিস্তিনের মজলুম জনগণের দ্রুত মুক্তির জন্য দোয়া কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন