মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি
০৬:০৯ পি.এম
জামালপুরে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড ইয়াদিয়া (Yadea)-এর বাইক জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জামালপুর শহরের মেডিকেল কলেজ রোডের দক্ষিণ ফুলবাড়িয়া বাইপাস সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) জামালপুর জেলা শাখার সভাপতি এনামুল হক খান মিলন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি দিদারুল আলম কালা।
এছাড়াও বক্তব্য দেন ইয়াদিয়া বাইক জোনের স্বত্বাধিকারী একরামুল হক খান সজীব, রানার অটোমোবাইলস পিএলসির ন্যাশনাল বিজনেস ম্যানেজার টিএম আসিবুল ইমরান এবং প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আবু হানিফসহ আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জামালপুরে ইয়াদিয়া বাইক জোনের যাত্রা শুরু হওয়ায় স্থানীয় ক্রেতারা আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক বাইক সম্পর্কে জানতে ও কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে এ উদ্যোগ জেলার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৯ নভেম্বর, ২০২৬ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম মন্তব্য করেছেন, শেখ হাসিনা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ভারতে পালিয়ে গেছেন। তিনি সেখানে বসে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। সরকার ভারতকে আহ্বান জানিয়েছে তাকে ফিরিয়ে দিতে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশে গুম, খুন ও হত্যাযজ্ঞ চলেছে। দেশের মানুষের দাবি, এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার হতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এসব চক্রান্তের বিরুদ্ধে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি উল্লেখ করেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের নেতৃত্বেই আগামীর সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলা করা হবে। শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যা, গুম ও সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছিল। বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিশু, কিশোর, শ্রমিক ও সাধারণ মানুষের হত্যার বিচার অবশ্যই হতে হবে। বিচার প্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এ বিচারের আওতায় কেউ রেহাই পাবে না। শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধসহ যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
সমাবেশের সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুরুল রহমান এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, হারুন জামান ও শিহাব উদ্দিন মুবিন প্রমুখ।
সমাবেশ শেষে নিউমার্কেট মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি মোড়ে গিয়ে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১তম থেকে ২০তম গ্রেডের পদে ১৫৫ জনের নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গাইড পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
দায়িত্ব ও কাজ
গাইড পদের মূল দায়িত্ব হলো দেশি ও বিদেশি দর্শনার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন করানো এবং তাঁদের সংসদ ভবন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য প্রদান করা। সংসদ সচিবালয়ের তথ্য অনুসারে, প্রতিদিন ৫ থেকে ১০টি দল দর্শনার্থী সংসদ ভবন পরিদর্শনে আসে।
পদসংখ্যা ও বেতন
১১তম গ্রেডের এই পদের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল শুরু হচ্ছে ২৫ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ বেতন স্কেল ৬০ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীর জন্য প্রয়োজন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করা।
কর্মঘণ্টা
সংসদ অধিবেশন চলাকালে গাইড পদে কর্মরত ব্যক্তিকে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। অধিবেশন না থাকলে কর্মঘণ্টা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিস্তারিত দেখুন এখানে .
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুরকে আটক করা হয়েছে। এছাড়াও, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল করা এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনী খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় একজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৮ নভেম্বর দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি কাঠের নৌকা এবং ডাকাতের কাছে জিম্মি থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর মধ্যরাত ১টায় খুলনার দাকোপ থানাধীন মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করা হয়। আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ২টি দেশীয় ওয়ান শুটার ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, উক্ত ডাকাত প্রধানকে ১২ নভেম্বর ২০২৪ কোস্ট গার্ড কর্তৃক আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি নিয়ে পুনরায় সুন্দরবনে ডাকাতি করছিল।
আটককৃত ডাকাত আসাবুর সানা (৪৫) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
আটককৃত ডাকাত, জব্দকৃত নৌকা, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, ২৮ নভেম্বর ২০২৬ দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সময়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক ১টি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। এ সময় উক্ত এলাকায় কাউকে না পাওয়ায় ডাকাতদল শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকৃত নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের সভাপতি ও আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদী মিডিয়াগুলো জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী এবং জুলাই আন্দোলনের পক্ষে ভূমিকা পালনকারীদের নতুন করে হত্যাযোগ্য করার মিশনে নেমেছে।
এটি রোববার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স হলে অনুষ্ঠিত জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি বলেন। বৈঠকের শিরোনাম ছিল ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’।
এম আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য প্রায় আগের অবস্থানে ফিরে এসেছে। কিছুদিন তারা নিষ্ক্রিয় ছিল, কিন্তু ৫ আগস্টের আগে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের হত্যাযোগ্য করার যে প্রচেষ্টা চলছিল, সেটি আবার শুরু হয়েছে। ফ্যাসিবাদী মিডিয়াগুলো জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও জুলাই আন্দোলনের পক্ষে ভূমিকা পালনকারীদের নতুন করে হত্যাযোগ্য করার একটি প্রক্রিয়া শুরু করেছে।
তিনি আরও বলেন, গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল এবং মূলধারার মিডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে জুলাইয়ের শক্তিকে হত্যাযোগ্য করার এই প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও মূল কনটেন্টগুলোতে এখনও তা সেভাবে প্রকাশ পাচ্ছে না, তবে অন্যান্য কনটেন্টে তারা এই নতুন মিশনে নেমেছে।
বিএজে সভাপতি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সময়ে গণমাধ্যম সংস্কারের বিষয়ে দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সংস্কারকাজগুলো বাধাগ্রস্ত হয়েছে। যেসব আমলা বা সচিব জুলাইয়ের শক্তিকে সহায়তায় বাধা দিয়েছেন, তারা এখনও পদে বহাল আছেন। এই বাস্তবতায় যারা জুলাইয়ের চেতনা ধারণ করেন, তাদের আরও বেশি সক্রিয় ও সোচ্চার হওয়া প্রয়োজন।
জেজেইউ আহ্বায়ক ও ফেস দ্য পিপল-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, শহীদ জাবির ইব্রাহীমের মা সংসদ সদস্য রোকেয়া বেগম, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ডাকসু ভিপি সাদিক কায়েম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমি প্রমুখ।
গোলটেবিল বৈঠক থেকে জেজেইউ জুলাই গণহত্যায় জড়িত ও গণহত্যার বৈধতা দেওয়া সাংবাদিকদের বিচারের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে গণমাধ্যমের কাঠামোগত সংস্কার ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ