সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৯ পি.এম
কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাসের শিশু ভাতিজিকে গলা কেটে হত্যা করেছে তারই সন্তান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনায় ঘাতক ইমন (২৯) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতদের মধ্যে রয়েছেন— ইমনের গর্ভধারিণী মা পেয়ারা বেগম (৫০), ভাবি রাবেয়া বেগম (২৫) এবং রাবেয়ার দুই বছর বয়সী ইসরাত জাহান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে নিজ পরিবারের সদস্যদের ওপর হামলা চালান ইমন। প্রথমে তিনি তার মা পেয়ারা বেগম ও ৮ মাসের শিশু ভাতিজিকে গলা কেটে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু ঘটে। এ সময় গুরুতর আহত হন ভাবি রাবেয়া বেগম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মুমূর্ষু অবস্থায় আছেন।
ঘটনার পর আশপাশের লোকজন একত্রিত হয়ে অভিযুক্ত ইমনকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ইমনকে আটক করি। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের ‘এস স্যুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এ এলপিইজি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লড়িতে আগুন ও বিস্ফোরণের ফলে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন সোমবার (২১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির সভাপতি হিসেবে ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুল জামান দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে সাভার অঞ্চলের জোন কমান্ডার হাফিজুর রহমান রয়েছেন। কমিটির অন্যান্য দুই সদস্য হলেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন এবং সংশ্লিষ্ট পরিদর্শক অলিয়ুর রহমান।
এই অগ্নিকাণ্ডের ফলে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর পাশাপাশি ৮ থেকে ৯টি লরি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ঝোপঝাড় থেকে মিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলে নবীনগর থানা পুলিশ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত মিম পজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে আজ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড়ে শিশুটির মরদেহ পাওয়া যায়। তবে শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুই দিন আগে মিম নামে ছোট্ট শিশুকে খুঁজে না পেয়ে নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। আজ বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক বা সমমান শিক্ষাসনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন কার্যক্রমের মনিটরিং এবং প্রতিবেদন পাঠানোর নির্দেশনা প্রদান করেছে।
এ তথ্যটি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা যায়। এই চিঠিটি সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ সংশোধনের জন্য একটি পরিপত্র জারি করা হয়েছিল। উক্ত পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক বা সমমান শিক্ষাসনদ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যতীত) এর ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন 'ক' ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার দ্বারা নিস্পত্তি করা যাবে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব হবে তাদের অধীনস্থ কর্মকর্তাদের এই কার্যক্রম মনিটরিং করা। একই সাথে, দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিস্পত্তি হয়েছে কিনা তা সংযুক্ত ছকে প্রতিবেদন আকারে পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল একাউন্টে পাঠাতে হবে।
চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে যে, পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, ১৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের প্রতিবেদন সংযুক্ত ছকে ২১ সেপ্টেম্বরের মধ্যে পরিচালক (অপারেশন্স), এনআইডি উইং এর ইন্টারনাল একাউন্টে পাঠাতে হবে।
এছাড়া, প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঠানোর জন্যও নির্দেশনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তামান্না আক্তার মৌ (২৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার স্বামী শাখাওয়াত হোসেন পালিয়ে গেছেন, এমন তথ্য জানিয়েছে পুলিশ।
এটি ঘটে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদি এলাকায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে তাদের তিন বছর বয়সী মেয়ে সাফা মনি খেলতে গিয়ে পড়ে মুখে আঘাত পায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। সোমবার সকালে তামান্নাকে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান তার স্বামী। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তিনি তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তামান্নাকে উদ্ধার করে ভাঙ্গা গ্রীন প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, তামান্নার মৃত্যুর খবর পাওয়ার পর তার স্বামী শাখাওয়াত হাসপাতাল থেকে চলে যান। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, "খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ