সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৫০ পি.এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বলদা খাল থেকে মতলব সড়কটির পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ণ নির্মাণ কাজ নতুন টেন্ডারের মাধ্যমে শুরু হলেও, কাজের গতি অত্যন্ত ধীর। এই কারণে, সড়কটি দিয়ে চলাচলরত কয়েক জেলার সাধারণ যাত্রী ও চালকদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলার হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ী ঢাকা ও কুমিল্লা যাতায়াত করে। অতি ধীর গতিতে সংস্কার কাজ চলার ফলে জনদুর্ভোগ ক্রমশ তীব্র থেকে অতি তীব্রতর হচ্ছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সড়কটির কাজির কোনা থেকে গোয়ালমারী পর্যন্ত অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তার কাজিরকোনা ও দৌলতদি অংশে রাস্তার একপাশে প্রায় ১৫ দিন ধরে অর্ধ বাধা রড আরসিসি ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। অপর পাশ খোলা রাখা হয়েছে যাতায়াতের জন্য। এই সরু অংশ দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। সড়কের কাঁচা অংশের ধুলা ও নির্মাণ সামগ্রীর ধুলা উড়ছে, যা পথচারী ও যানচালকদের চলাচলে অসুবিধা সৃষ্টি করছে। বিভিন্ন স্থানের গর্ত, এবড়োখেবড়ো ও উঁচুনিচু সড়কে গাড়ী আটকে যাওয়ার পাশাপাশি অহরহ অটোরিকশা ও সিএনজি উল্টিয়ে দুর্ঘটনা ঘটছে। কয়করাপুর স্টিলের সেতুর উভয় পাশে যানজট দীর্ঘ সময় ধরে লেগে থাকে।
শ্রীরায়েরচর ব্রিজের সংযোগস্থলের রাস্তার ইট, পাথর ও পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি করেছে। এই কারণে গাড়ি উঠানামার সময় গতি কমে যাওয়ায় দীর্ঘ সময় যানজট লেগে থাকে। বেশ কয়েকটি ব্রিজের এ্যাপরোচে মাটি সরে গেছে, এবং নির্মাণাধীন বেশ কয়েকটি সেতুর রডে মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে।
এদিকে, এই সড়কটির প্রশস্তকরণ কাজটি দেড় বছরের মেয়াদে সম্পন্ন করার কথা থাকলেও, কাজ শুরু হওয়ার পর পাঁচ বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ায় রাস্তার এই বেহাল দশা সৃষ্টি হয়েছে। এর ফলে, সড়কে চলাচলরত যাত্রীসাধারণসহ স্থানীয়দের দুর্ভোগ বেড়ে চলেছে।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল থেকে মতলব সড়কটির দাউদকান্দির শ্রীরায়েরচর পর্যন্ত ১০ কিলোমিটার অংশ ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্ধারণ করে ২০২১ সালের শেষের দিকে নির্মাণ কাজ শুরু হয়। সে সময় থেকে দেড় বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও, পাঁচ বছরেও কাজ সম্পন্ন হয়নি।
কারণ হিসেবে জানা যায়, নির্মিত সড়কটির ঢুলি নসরুদ্দি ও সোনাকান্দা মাদ্রাসা হতে শ্রীরায়েচর মাজার পর্যন্ত অংশে অনেক বসত বাড়ি, বিল্ডিং ও মাদরাসা অধিগ্রহণ করা হয়েছিল। এই সকল অধিগ্রহণকৃত ভূমির মালিকদেরকে ২০২২ সালে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। টাকা না পাওয়ায় সড়কের জন্য ভূমি ছাড়ছিল না জমির মালিকেরা। ফলে, রাস্তার অধিকাংশ নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অবশিষ্ট কাজ বাস্তবায়নের জন্য ২০২৬ সালে ৩০ কোটি ৫৫ লক্ষ টাকা নতুন টেন্ডারের মাধ্যমে মেসার্স আদ্রিতা কনস্ট্রাকশনকে দেওয়া হয়। রাস্তার বিভিন্ন অংশের প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা বাস্তবায়নের জন্য এই চুক্তি করা হয়।
শ্রীরায়েরচর খালিশা বাজারের সভাপতি এস এম মনির হোসেন বলেন, "দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পরে, যদিও রাস্তার কাজ শুরু হয়েছে, তার গতি এতটাই ধীর যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। দ্রুতগতিতে কাজ করার জোর দাবি জানাচ্ছি।"
গোয়ালমারী বাজারের দোকানদার হালিম মিয়া বলেন, "দীর্ঘদিন কাজ না হওয়ার কারণে বাজারের ভিতর দিয়ে চলমান এই রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি এলে গর্তে পানি জমে যায়, গাড়ি চলাচলের সময় এই কাদা পানি দোকানের বিভিন্ন অংশে এসে পড়ে এবং পথচারীদের জামাকাপড় নষ্ট হয়ে যায়।"
এই সড়কে দীর্ঘদিন যাবত চলাচলরত মো: খোকন মিয়া, রাজু প্রধানসহ অনেক সিএনজি চালক বলেন, "ভাঙ্গাচোরা রাস্তায় সিএনজি চালানোর কারণে এক্সেল, ব্রেক শো দ্রুত নষ্ট হয়ে যায়। অনেক সময় সিএনজি উল্টিয়ে দুর্ঘটনার শিকার হই। যাত্রী ও চালকদের গা-হাত-পা ব্যথা হয়ে যায়। এত ধীর গতিতে কাজ করলে আমাদের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। দ্রুতগতিতে রাস্তার কাজ সম্পন্ন হলে আমরা এই অবস্থা থেকে রেহাই পাবো।"
কাজিরকোনা গ্রামের হাবিবুর রহমান (দোকানদার) বলেন, "অধিকাংশ সময় কয়রাপুর স্টিল ব্রিজের উভয় পাশে দীর্ঘ সময় যানজট থাকার কারণে বলদা খাল সিএনজি স্টেশন ও শ্রীরায়ের চর সিএনজি স্টেশনে কোন সিএনজি থাকে না। এতে অনেক যাত্রী দীর্ঘক্ষণ সিএনজির জন্য অপেক্ষা করতে থাকে। যা একটি বড় ধরনের জনদুর্ভোগ। এত অসুবিধার শর্তেও ধীরগতিতে কাজ সম্পাদন করলে এই রাস্তায় চলাচলরত জনগণের দুর্ভোগ দীর্ঘস্থায়ী হবে।"
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা জেলার উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম "দৈনিক ইনকিলাবকে" বলেন, "ভূমি অধিকরনের জটিলতা সম্পূর্ণ হয়েছে। বলদা খাল থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত বিভিন্ন অংশের অসমাপ্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা বাস্তবায়নের জন্য ৩০ কোটি ৫৫ লক্ষ টাকা নতুন টেন্ডারের ভিত্তিতে মেসার্স আদ্রিতা কন্সট্রাকশনকে দেওয়া হয়েছে। আশা করছি আগামী বছরের জুন মাসের মধ্যেই এই নির্মাণ কাজ সমাপ্ত হবে।"
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী, খন্দকার গোলাম মোস্তফা জানান, "দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তাটি আগামী বছরের মার্চ মাসের মধ্যে নির্মাণের কাজ সমাপ্ত করার ব্যবস্থা গ্রহণ করেছি। ধীর গতিতে কাজ চলছে। প্রশ্নের জবাবে তিনি ইনকিলাবকে বলেন, দ্রুততম সময়ে কাজ সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হবে।"
এ সড়কটির নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ না হলে জনদুর্ভোগ দীর্ঘস্থায়ী হবে। তাই সচেতন মহল দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৃত্যুর দীর্ঘ ১৫২ দিন পর অবশেষে আফগান নাগরিক হাসমত মোহাম্মদী কাবুলের নিজ বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। জটিল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, পরিচয় শনাক্তকরণ এবং দীর্ঘ আন্তর্জাতিক দাপ্তরিক আনুষ্ঠানিকতার পর বাংলাদেশ থেকে তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তথ্যসূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ এপ্রিল বাংলাদেশে হাসমত মোহাম্মদীর মৃত্যু ঘটে। পরের দিন, ১৪ এপ্রিল, ঝিনাইদহের একটি সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরিচয় নিশ্চিত না হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে তাকে ঝিনাইদহ পৌর গোরস্তানে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল।
পরবর্তীতে ডিএনএ পরীক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে হাসমত মোহাম্মদীর পরিচয় নিশ্চিত করা হয়। এই তথ্য জানার পর তার পরিবার মরদেহ আফগানিস্তানে ফিরিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় বাংলাদেশে অবস্থিত আফগান দূতাবাস, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহায়তায় দীর্ঘ প্রশাসনিক কাজ সম্পন্ন হয়।
আইনি প্রক্রিয়া শেষে গত ১ সেপ্টেম্বর ঝিনাইদহ পৌর গোরস্তান থেকে হাসমত মোহাম্মদীর মরদেহ উত্তোলন করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় দাপ্তরিক ছাড়পত্র ও এয়ার কার্গো সংক্রান্ত সব নিয়ম মেনে গত ১০ সেপ্টেম্বর ফ্লাইদুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ কাবুলে পাঠানো হয়।
গত ১১ সেপ্টেম্বর কাবুলে পৌঁছানোর পর স্বজনদের উপস্থিতিতে ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে হাসমত মোহাম্মাদীকে তার বাবার কবরের পাশে দাফন করা হয়।
মরদেহের হস্তান্তরে আন্তরিক সহযোগিতার জন্য পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশে অবস্থিত আফগান দূতাবাস, স্থানীয় প্রশাসন এবং আইনি সমন্বয়কারী আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাজিলের ইনফ্লুয়েন্সার এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী ভার্জিনিয়া ফনসেকার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রুজেরিও কামিলো রামোস এবং তার স্ত্রী পাউলা রেজিনা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফনসেকা।
স্থানীয় সংবাদমাধ্যম ‘রোতা ভের্দে গোইয়াস’এর তথ্য অনুযায়ী, ব্রাজিলের গোইয়ানিয়া মেট্রোপলিটন অঞ্চলের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকায় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর জরুরি বিভাগের একজন চিকিৎসক ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা রুজেরিওর মৃত্যু নিশ্চিত করেন। তার স্ত্রী পাউলা রেজিনাকে হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে ফনসেকা স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের মাদ্রিং সার্কিটের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইনস্টাগ্রামে নিরাপত্তারক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে তিনি উল্লেখ করেন, নিহতদের পরিবারের সকল সদস্যকে আনুষ্ঠানিকভাবে খবর দেওয়ার আগে বিষয়টি প্রকাশ করতে চাননি তিনি।
ফনসেকা তার আবেগঘন বার্তায় লিখেছেন, "আমাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কামিলো ও তার স্ত্রীর অকালমৃত্যুর খবর পেলাম। এতক্ষণ কিছু পোস্ট করিনি, কারণ আমরা চেয়েছিলাম খবরটি যেন আগে পরিবারের সব সদস্য জানতে পারেন। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কোনো কাজই করতে পারছি না। আমার হৃদয় একেবারে টুকরো টুকরো হয়ে গেছে।"
কামিলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লেখেন, "আমাদের পরিবারের প্রতি আপনার যে যত্ন, সুরক্ষা, প্রজ্ঞা ও ভালোবাসা ছিল, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনার উপস্থিতি ছিল আমাদের কাছে এক নিরাপদ আশ্রয়, আর আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।"
প্রয়াত দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। হেলোইস নামের শিশুটির দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছেন ফনসেকা। তিনি জানিয়েছেন, শিশুটির অভিভাবক হিসেবে পাশে থাকবেন এবং ভবিষ্যতেও তার দেখভাল করবেন।
ফনসেকা মর্মান্তিক এই ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সূত্র: গোলডটকম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটেছে মাহিন (০৬) নামের এক শিশু শিক্ষার্থীর। সোমবার দুপুর বারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মাহিন ছিল লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের পুত্র এবং দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের নানা বাড়ি হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। দুপুরের সময় বরিশালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে মাহিন এবং তার নানা নানি মহাসড়কে এসে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কুয়াকাটা থেকে আসা একটি বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) বাসের জন্য তারা সংকেত দেন। বাসটি থামানোর চেষ্টা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনের শরীরের উপর উঠে যায় এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম জানান, বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে প্রথমবারের মতো ৫২ কিলোমিটার দীর্ঘ নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার।
এই প্রকল্পটি অনুমোদনের জন্য আগামী বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।
৩ হাজার ৮২৩ কোটি টাকার এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ২ হাজার ৮৮০ কোটি টাকা উন্নয়ন সহায়তা প্রদান করবে। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হবে।
বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ডিজেলচালিত ইঞ্জিন ব্যবহার করে ট্রেন পরিচালনা করছে। সরকারি নথিপত্র অনুযায়ী, বৈদ্যুতিক ট্রেনে ৪০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয় হবে এবং ট্রেনের গতিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, ঢাকা এবং এর দুই পাশের শিল্পাঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জের মধ্যে যানজট ও গাড়ির চাপ কমাতে এই রুটটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট লিংক হিসেবে কাজ করবে। পুরোনো ডিজেলচালিত ইঞ্জিনের কারণে বর্তমানে ট্রেনগুলো কাঙ্ক্ষিত গতিতে চলতে পারছে না এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ট্রিপ দেওয়া সম্ভব হচ্ছে না।
এই বাধাগুলো দূর করার জন্য রেলওয়ে প্রকল্পটি হাতে নিয়েছে। এটি চালু হলে প্রতিদিন গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াতকারী হাজারো যাত্রী দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ গণপরিবহন সুবিধা লাভ করবেন।
এই উদ্যোগের আওতায় ট্রেনের পরিচালনা ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজেল থেকে বিদ্যুতে রূপান্তরিত হবে। রেললাইনের ওপর দিয়ে ‘ওভারহেড ওয়্যার’ বা বিদ্যুতের তার স্থাপন করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দিষ্ট দূরত্বে বিশেষায়িত ‘ট্রাকশন সাবস্টেশন’ নির্মাণ করা হবে।
নিরাপদ ও মসৃণ চলাচল নিশ্চিত করতে আধুনিক ও পরিবেশবান্ধব ‘ইলেকট্রিক মাল্টিপল ইউনিট’ (ইএমইউ) ট্রেন, বৈদ্যুতিক ইঞ্জিন এবং কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করা হবে।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, বৈদ্যুতিক ট্রেন অর্থনীতি ও পরিবহন খাতে বড় ধরনের পরিবর্তন আনবে। ডিজেল ইঞ্জিনের তুলনায় বৈদ্যুতিক ট্রেন অনেক দ্রুতগতিতে চলতে এবং থামতে সক্ষম। ফলে স্টেশনে থামার পর দ্রুত সর্বোচ্চ গতিতে পৌঁছানো সম্ভব হবে। এতে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যাতায়াতের সময় অর্ধেকের বেশি কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ৩ হাজার ৯৩ কিলোমিটার নেটওয়ার্কে ডিজেলচালিত ট্রেন পরিচালনা করছে। পরিবহন বিশেষজ্ঞ ও রেলওয়ের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক ট্রেনে প্রাথমিক বিনিয়োগ তুলনামূলকভাবে বেশি হলেও এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। এই ব্যবস্থা অনেক বেশি নির্ভরযোগ্য এবং পরিবেশবান্ধব।
কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক ট্রেন চালু হলে পরিচালনা ব্যয় ৩৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমবে। পাশাপাশি কার্বন নিঃসরণ ২০ থেকে ৩০ শতাংশ কমবে।
উদাহরণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের রেলওয়ে ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে তাদের ৬৫ হাজার ৩০০ কিলোমিটার ব্রডগেজ নেটওয়ার্কের প্রায় ৯০ শতাংশ অর্থাৎ ৫৮ হাজার ৮১২ কিলোমিটার বিদ্যুতায়ন করেছে।
ঢাকা-চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেনের পরিকল্পনা রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, চট্টগ্রাম-ঢাকা রুটে বৈদ্যুতিক ট্রাকশন চালুর জন্য সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত নকশার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
সাংসদ মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও প্রকল্পের সময়সূচি নির্ধারণ করা হবে। এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা রুটেও বৈদ্যুতিক ট্রেন চলবে। এতে ট্রেনের গড় গতি বৃদ্ধি পাবে এবং যাতায়াতের সময় কমবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ