১১:০২ পি.এম
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে (১২) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণ দাবিকারী ও পাচারচেষ্টায় জড়িত মুন্না শিকদার (৩০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলা পুলিশের সহায়তায় ভোমরা সীমান্ত এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি জানান, তিন দিন আগে শিশুটিকে গোপালগঞ্জ থেকে অপহরণ করা হয়।
উদ্ধার হওয়া শিশু সাজিম গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে। অপরদিকে, গ্রেপ্তার মুন্না শিকদার কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের লালন শিকদারের ছেলে এবং শিশুটির দূর সম্পর্কের আত্মীয়।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাত ৮ টার দিকে বাসার পাশের একটি দোকান থেকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাজিমকে নিয়ে যান মুন্না। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এরপর বিভিন্ন নম্বর থেকে কল করে শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুন্না। টাকা না দিলে সাজিমকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির বাবা আকাশ শিকদার গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে প্রথমে ট্রেনে করে ঢাকায় এবং পরবর্তীতে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন