০৬:৩৫ পি.এম
ফরিদপুরে যাত্রীবাহী বাস ও ইটবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর, বাসটি উল্টে খাদে পড়ে যায় এবং একই সঙ্গে ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে যায়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়।
এই দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, আলফাডাঙ্গা থেকে ফরিদপুরের দিকে ছেড়ে আসা ‘আরজি ক্লাসিক’ নামের একটি যাত্রীবাহী বাস, পাইকহারি এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকটির সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। অন্যদিকে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত বিদ্যুৎ সাবস্টেশনের গেটের কাছে একটি খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এই ঘটনার ফলে বাসের যাত্রী, ট্রাকের চালক এবং হেলপারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন এ বিষয়ে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন