০৬:৩৮ পি.এম
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিগত সরকার গত ১৭ বছর ধরে জ্বালানি সংকট তৈরি করেছে। এর নেতিবাচক প্রভাব এখন প্রত্যক্ষ করা যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। সরকারের পক্ষ থেকে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে যে, এর সুষ্ঠু সমাধান হবে। তবে তা রাতারাতি হবে না; সময় লাগবে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবর্ধনা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান।
মন্ত্রী বলেন, মোংলা বন্দরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরটিকে আরও আধুনিক ও কার্যকর করার জন্য কাজ চলছে। যদি মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা যায়, তবে শুধু বাগেরহাট বা খুলনা অঞ্চল নয়, এর সুফল দেশব্যাপী পাওয়া যাবে।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
তিনি আরও বলেন, মোংলা বন্দরকে ঘিরে এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বাড়ানোর বেশি সুযোগ আছে। এ জন্য বন্দরের সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সড়ক যোগাযোগ, রেলপথ ও নৌপথের উন্নয়নের মাধ্যমে বাগেরহাটকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে, মন্ত্রী বাগেরহাটের গুরুত্বপূর্ণ দশানি–রামপাল–মোংলা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন। দীর্ঘসময় ধরে স্থানীয় মানুষ এ সড়কটিকে নিয়ে আশায় ছিল। সড়কটির উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সচল হলে রামপাল ও মোংলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলেই আশা করা হচ্ছে।
পরে তিনি সরকারি পি.সি. কলেজে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।
আরও পড়ুন: শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন