১০:৪৪ পি.এম
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অধিনায়কত্ব হারানোর পর, ভারতীয় দলে জায়গা পাচ্ছেন না সূর্যকুমার যাদব। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মুম্বাইয়ের হয়ে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন তিনি। কিন্তু নির্বাচকদের মনোভাব নাকি পরিবর্তিত হচ্ছে না।
বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে সূর্যকুমারের জন্য তাদের কোনো পরিকল্পনা নেই। তাহলে কি ৩৬ বছর বয়সী এই ব্যাটারের জন্য ভারতের জাতীয় দলে ফেরার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে? এএনআইকে দেওয়া বিসিসিআইয়ের ওই সূত্রের বক্তব্য হলো, ‘এই মুহূর্তে সূর্য আর আমাদের পরিকল্পনায় নেই। আমরা তো সাদা বলের ক্রিকেটে যশস্বী জয়সোয়ালের জন্যই জায়গা বের করতে পারিনি।’
সূত্রটি আরো বলেছে, ‘হ্যাঁ, সে (সূর্যকুমার) কঠোর পরিশ্রম করছে এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান ভারতীয় দলে তাকে কোথায় জায়গা দেওয়া সম্ভব? পরিস্থিতি যা, তাতে এই মুহূর্তে তাকে দলে নেওয়ার কথা আমরা ভাবছি না।’
আরও পড়ুন: জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার
বিসিসিআইয়ের সূত্রের এই বক্তব্যে সূর্যকুমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে। তবে এটি বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা নয়, নাম প্রকাশ না করা এক সূত্রের বক্তব্য। তাই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ—এমনটা এখনই বলা যাচ্ছে না।
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা
নির্বাচকদের পরিকল্পনায় না থাকলেও, ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন সূর্যকুমার। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচেই হায়দরাবাদের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৬০ রান করেন তিনি। এরপর গুজরাটের বিপক্ষে আরো বিধ্বংসী হয়ে ওঠেন। ২৯ বলে ৮২ রানের ইনিংসে মারেন ৯টি চার ও ৭টি ছক্কা।
গোয়ার বিপক্ষে ১২ বলে ২৫ রান করেন সূর্য। প্রথম তিন ইনিংসেই তার সংগ্রহ ১৬৭ রান। এমন পারফরম্যান্সের পরও জাতীয় দলে ফেরার বিষয়ে নির্বাচকদের কাছ থেকে ইতিবাচক কোনো ইঙ্গিত পাননি তিনি।
আরও পড়ুন: ফ্লামেঙ্গো চ্যাম্পিয়ন, ব্রাজিলিয়ান লিগে টানা তৃতীয় শিরোপা জিতলো
বিশ্বকাপ জিতিয়েও হারিয়েছেন অধিনায়কত্ব। সূর্যকুমারের জন্য পরিস্থিতিটা আরো কঠিন। এ বছরের ৮ মার্চ নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেটিই ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
সূর্যকুমারের অধিনায়কত্বে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ছবি: বিসিসিআই
অথচ বিশ্বকাপ জয়ের কয়েক মাসের মধ্যেই ভারতীয় দলের অধিনায়কত্ব হারান সূর্যকুমার। ৬ জুন শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক ঘোষণা করে বিসিসিআই। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলেও জায়গা হয়নি সূর্যকুমারের।
বিশ্বকাপ জেতানো অধিনায়ক থেকে জাতীয় দলের পরিকল্পনার বাইরে—কয়েক মাসের ব্যবধানে সূর্যকুমারের জীবন বদলে গেছে অনেকটাই। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিজের কাজটা করে যাচ্ছেন তিনি। কিন্তু তাতে নির্বাচকদের মনোভাব বদলায় কি না, সেটিই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার দুর্দন্ত জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন