১০:৪৫ পি.এম
চাঁদপুর, ২২ নভেম্বর. ২০২৬ : জেলায় অবৈধ খাদ্য উৎপাদন ও অনুমোদন ছাড়া গ্যাস বিক্রির কারণে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর পৌরসভার আশপাশের এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় চাঁদপুর পৌরসভার নিকটবর্তী আল-আকসা লাইভ বেকারিকে অনিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রির জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ভৈরবে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মামলা (২৮ জনের নাম উল্লেখ, অজ্ঞাতনামা আসামি ১০০-১২০জন)
অন্যদিকে, মেসার্স সেবা হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিকের দোকানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গ্যাস বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার।
এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চাঁদপুর জেলা শাখার সদস্য মোহাম্মদ বিপ্লব সরকার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান চলাকালীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানার আদেশ দেওয়া হয়।
আরও পড়ুন: অসহায় বিধবা বৃদ্ধার পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অনুমোদনহীন পণ্য বিক্রি বন্ধে এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সচেতন মহলের মতে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হলে অসাধু ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ ভোক্তাদের অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন