১০:৫২ পি.এম
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার অর্জন করেছে হুলবিহীন মৌমাছি। যদিও হুলহীন মৌমাছির অস্তিত্ব অনেকের কাছে অজানা, তবে পৃথিবীতে এদের ৬০০টিরও বেশি প্রজাতি বিদ্যমান। কিছু প্রজাতি মাত্র ৫ মিলিমিটার লম্বা হলেও, পরাগায়নে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গত বছর পেরুতে এই মৌমাছিগুলো আইনি অধিকারের স্বীকৃতি লাভ করেছে, যা বিশ্বের প্রথম ঘটনা।
পেরুর দুটি স্থানীয় পৌর সরকারের পাস করা 'অ্যামাজনের হুলহীন মৌমাছির অধিকার ঘোষণাপত্রে' মৌমাছিগুলোর বেঁচে থাকা ও বংশবিস্তারের অধিকার, সুস্থ পরিবেশ পাওয়ার অধিকার এবং আইনি প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিত করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন, বন্যপ্রাণী সংরক্ষণবিদ এবং আদিবাসী জনগণের একটি জোটের দীর্ঘ ও নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ এই ঐতিহাসিক স্বীকৃতি অর্জিত হয়েছে।
পেরুতে ১৭৫টিরও বেশি প্রজাতির হুলহীন মৌমাছি রয়েছে, যেগুলোকে চিরহরিৎ বনের বাস্তুতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গণ্য করা হয়। বন উজাড়, কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে মৌমাছিগুলোর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, এ নিয়ে পরিবেশবাদী ও আদিবাসী অধিকারকর্মীরা বহু বছর ধরে সতর্ক করে আসছেন। রাসায়নিক জীববিজ্ঞানী, লেখক এবং পরিবেশবিষয়ক অলাভজনক সংস্থা অ্যামাজন রিসার্চ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা রোজা ভাসকুয়েজ এসপিনোজা ও তার সহযোগী সংগঠনগুলো এই ক্ষুদ্র পরাগায়নকারী পতঙ্গদের অধিকার দিতে আইন প্রণয়নের প্রস্তাব করেন। এই যুগান্তকারী কাজের স্বীকৃতি হিসেবে এসপিনোজা ২০২৬ সালের রোলেক্স অ্যাওয়ার্ডস জয়ী হয়েছেন।
আরও পড়ুন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮১৬ অভিযান, হুতিদের ১৪৯ কমান্ডার ও যোদ্ধা হতাহত
হুলহীন নাম হলেও, এই মৌমাছিগুলোর হুল রয়েছে, তবে সেগুলো আকারে খুব ছোট বা অকার্যকর হওয়ায় আত্মরক্ষার কাজে আসে না। কিছু প্রজাতির মৌমাছি নিজেদের বাসা রক্ষায় জোরে শব্দ করে এবং কামড় দেয়। সাধারণত গাছের ফাঁপা গুঁড়ি, মাটির নিচে কিংবা মানুষের তৈরি স্থাপনাসহ বিভিন্ন ফাটলে এদের বাসা দেখা যায়। এসপিনোজা ২০২০ সালে হুলহীন মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে তার কাজ কেবল বিজ্ঞানের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি।
এসপিনোজা বলেন, "আমরা যখন আমাদের প্রকল্প শুরু করি, তখন জানতে পারি পেরুর আইনে হুলহীন মৌমাছির কোনো উল্লেখই নেই। অথচ এগুলো পেরুর নিজস্ব প্রজাতি।"
তিনি আরও বলেন, "হুলহীন মৌমাছিদের বেঁচে থাকার অধিকার রয়েছে। পাশাপাশি দূষণ, কীটনাশক ও আগ্রাসী প্রজাতিমুক্ত সুস্থ প্রকৃতিতে বিচরণের অধিকারও তাদের আছে। হুলহীন মৌমাছি আদালতে নিজেদের পক্ষে কথা বলতে পারে না কিংবা নিজেদের ওপর আসা হুমকির বিরুদ্ধে লড়তে পারে না। কিন্তু মানুষ হিসেবে আমরা এই নির্বাক প্রাণীদের কণ্ঠস্বর হতে পারি।"
সাম্প্রতিক বছরগুলোতে প্রকৃতির অধিকারকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। এর মধ্যে ২০২২ সালে স্পেনের মার মেনর লেগুন বাস্তুতন্ত্র এবং ২০২৪ সালে পেরুর মারানিয়ন নদীকে আইনি সত্তার মর্যাদা দেওয়ার সফল উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।
আরও পড়ুন: চীনে দ্রুত সম্প্রসারিত হচ্ছে প্রভাবশালীদের জন্য কারাগার
সেসব সাফল্যে অনুপ্রাণিত হয়ে দলটি এই ঘোষণাপত্রটি এমনভাবে তৈরি করে, যাতে দূষণ, জলবায়ু পরিবর্তন বা মানুষের ক্ষতিকর কর্মকাণ্ড ছাড়াই হুলহীন মৌমাছিগুলোর বেঁচে থাকার অধিকার নিশ্চিত থাকে। অ্যামাজন রিসার্চ ইন্টারন্যাশনাল এবং পরিবেশ আইন নিয়ে কাজ করা বৈশ্বিক অলাভজনক সংস্থা আর্থ ল সেন্টারের যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়। এতে স্থানীয় অংশীদার হিসেবে যুক্ত ছিল হাজার হাজার আদিবাসী পেরুভিয়ানের প্রতিনিধিত্বকারী সংগঠন ইকোআশানিনকা, রিজার্ভা কমুনাল আশানিনকা এবং অ্যাসোসিয়াসিওন দে মেলিপোনিকাল্টোরেস রেজিওন লোরেতো। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৫ সালের অক্টোবরে স্যাতিপো এবং ২০২৬ সালের জানুয়ারিতে নওতা—এই দুটি প্রদেশে ঘোষণাপত্রটি পাস হয়। এই স্বীকৃতির ফলে এখন এসপিনোজার সংস্থা এবং আশানিনকা আদিবাসী নেতাদের মতো গোষ্ঠীগুলো মৌমাছিদের অধিকার লঙ্ঘিত হলে পেরুর আদালতে অভিযোগ তুলতে পারবে।
পতঙ্গগুলোর এই অধিকার বাস্তবে রূপ দিতে এসপিনোজার সংস্থা, আশানিনকা জনগণ এবং স্থানীয় পৌর সরকারগুলো একসঙ্গে কাজ করছে। ঘোষণাপত্রে থাকা অধিকারগুলো কখন ও কীভাবে লঙ্ঘিত হচ্ছে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা নির্ধারণ করতে হবে—যেমন, সংরক্ষিত মৌচাক আছে এমন কোনো গাছ কেটে ফেললে কী শাস্তি হবে, তা ঠিক করা।
এসপিনোজা আশা করছেন, পৌর সরকার এ বছরই এই বিধিমালা অনুমোদন করবে। তিনি এবং ফিগেলিস্ট দুজনই তাদের দল ও পৌর সরকারের মধ্যকার এই যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
গবেষক ফিগেলিস্ট জোর দিয়ে বলেন, মৌমাছির প্রজাতিগুলোকে দীর্ঘমেয়াদে সুরক্ষার ক্ষেত্রে এই আইন কেবল 'প্রথম পদক্ষেপ'।
আরও পড়ুন: এডেন ঘিরে ফেলার শঙ্কা, আবিয়ানে সৈন্য সমাবেশ বাড়াচ্ছে হুতিরা
তিনি বলেন, "আমরা কেবল কাজের পরিধি বাড়ালেই চলবে না—আগে আমাদের আইনটি বাস্তবায়নের ভিত্তি শক্তভাবে গড়ে তুলতে হবে।"
এই আইনের প্রতি আগ্রহী পেরুর অন্যান্য প্রদেশও ইতিমধ্যে এসপিনোজার দলের সঙ্গে যোগাযোগ করেছে। এরই মধ্যে কুসকো অঞ্চলের পিচারি ও ইউনিওন আশানিনকা—এই দুটি পৌরসভা এটিকে স্থানীয় আইন হিসেবে অনুমোদন দিয়েছে।
এসপিনোজা জানান, ছয়টি মহাদেশের ১৪টি দেশের বিভিন্ন সংগঠনও তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা নিজেদের দেশীয় প্রজাতির মৌমাছি রক্ষায় একই ধরনের আইন চালু করতে চায়।
তিনি বলেন, এখন পর্যন্ত এই আইনের আওতায় আদালতে কোনো মামলা হয়নি। তবে পেরুর কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণের মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু ইতিবাচক ও স্বতঃপ্রণোদিত উদ্যোগ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে হুলহীন মৌমাছি সংরক্ষণ ও মৌচাষ বাড়াতে কর্মশালা আয়োজন, স্কুলের পাঠ্যবইয়ে হুলহীন মৌমাছির বিষয় যুক্ত করা এবং এই মৌমাছি রক্ষায় কাজ করা আদিবাসীদের জীবিকা উন্নয়নে স্থানীয় বাজার গড়ে তোলা।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল
এসপিনোজা বলেন, ‘এসব উদ্যোগ আমাকে ভীষণ আশাবাদী করে তোলে যে আমরা আমাদের কাজে আরও সুপরিকল্পিত ও সমন্বিত হতে পারব। এটি কেবল একটি সাময়িক জয় নয়, বরং দীর্ঘমেয়াদি ও টেকসই প্রচেষ্টার ফল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন