১১:০৪ পি.এম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের শুরুতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে করতে হবে।
শিক্ষাবর্ষের শুরুতে একাডেমিক ক্যালেন্ডারে ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত ক্রীড়া ইভেন্টগুলোর সুনির্দিষ্ট সময়সূচি অন্তর্ভুক্ত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
আরও পড়ুন: চপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি হচ্ছেন
চিঠিটি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তাদের অধীনস্থ সব দপ্তর ও প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার কার্যবিবরণীর ৭ দশমিক ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
সিদ্ধান্তের আলোকে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরের শুরুতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষাবর্ষের শুরুতেই ফুটবল, দাবা ও কাবাডিসহ নির্ধারিত ক্রীড়া ইভেন্টের সুনির্দিষ্ট সময়সূচি একাডেমিক ক্যালেন্ডারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় স্তন ক্যান্সার স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন