প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলীতে স্তন ক্যান্সার সচেতনতা, স্বাস্থ্য পরীক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (এসজেডএমসি) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে আয়োজিত এ কর্মসূচিতে ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এ কর্মসূচির নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নারী শিক্ষার্থীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং, সচেতনতামূলক আলোচনা, চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর এবং বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
পরে স্তন ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. শরীফ সুলতান মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মনোয়ারুল কাদির বিটু বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্তন ক্যান্সার বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে।
তিনি আরো বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দকে মানুষের কল্যাণে কাজে লাগানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল সৈয়দ আহম্মদ কলেজের নারী শিক্ষার্থীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় শিক্ষার্থীরা চিকিৎসকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নিয়ে রোগের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পর্কে পরামর্শ নেন।
ডা. সাজ্জাদ হোসেন রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও রংপুর মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুহ. জহুরুল হক।
এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
এ ছাড়া বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ডা. আমিনুর রহমান হীরা, বগুড়া জেলা বিএমএর সদস্য সচিব অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া কেন্দ্রের পরিচালক মো. আনিসুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. আনিসুর রহমান, ডা. শফিউল আলম বিটু, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. ইশরাত সুলতানা জিমি, ডা. তাপস দাস, ডা. মনিরুজ্জামান মনির, ডা. আব্দুল আলীম, ডা. গোলাম মোস্তফা রাব্বি ও ডা. রাজিব হোসেনসহ ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তাও তুলে ধরেন আয়োজকরা।
পরে ডা. বিটু স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গাবতলীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছোঁয়া একাডেমি’ এবং সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট’ পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম ও শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ এবং সেবার বিষয়ে খোঁজ-খবর নেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন