১০:৫৩ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ দেশব্যাপী একটি বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। এই কার্যক্রমের উদ্দেশ্য ছিল ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা।
ঢাকা মহানগরসহ দেশের ৩৪টি জেলায় অনুষ্ঠিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের জন্য ৭৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৪৮টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন করলেন ববি হাজ্জাজ
অধিদপ্তর জানিয়েছে, বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার জন্য এ তদারকি কার্যক্রম চালানো হয়েছে।
অভিযানের সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।
অধিদপ্তর ভোক্তাদের পরামর্শ দিয়েছে, তারা যেন প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করেন এবং পণ্য ক্রয়ের আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করেন। একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য ক্রয় করা এবং ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: নাশকতা ও মাদকবিরোধী কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ
যদি পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হন, তাহলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণ ও নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন