ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এআই খাতের মন্দা শি চিনপিংয়ের সামনে চীনের অর্থনীতির জন্য বিপদের সংকেত


এআই খাতের মন্দা শি চিনপিংয়ের সামনে চীনের অর্থনীতির জন্য বিপদের সংকেত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে রয়েছে চীন। এই উদ্দেশ্যে সাধারণ মানুষের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। কিন্তু এআই খাতকে কেন্দ্র করে শেয়ারবাজারে তৈরি হওয়া বুদ্‌বুদ এবং সাম্প্রতিক দরপতন তার পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলেছে। বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইয়ারডেনি রিসার্চ সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি চীনের অর্থনীতি এবং শি চিনপিংয়ের নেতৃত্বের জন্য "সত্যিকার অর্থেই বিপজ্জনক মুহূর্ত"। খবরটি প্রকাশ করেছে ফরটুন।

ইয়ারডেনি রিসার্চের একটি বিশ্লেষণী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনের প্রযুক্তিনির্ভর স্টার ৫০ সূচক (STAR 50) চলতি গ্রীষ্মে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর থেকে ৪৪ শতাংশ কমে গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক রেকর্ড উচ্চতা থেকে ১৮ শতাংশ কমেছে। করোনা মহামারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের সবচেয়ে খারাপ সপ্তাহ পার হওয়ার পরও চীনের বাজারে পতনের মাত্রা অনেক বেশি দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেয়ারবাজারের এই পরিস্থিতি শি চিনপিংয়ের অর্থনৈতিক পরিকল্পনায় বড় বাধা সৃষ্টি করেছে। চীনের প্রেসিডেন্টের পরিকল্পনা ছিল সাধারণ মানুষের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করা। এই অর্থ দিয়ে এআই খাতের সম্প্রসারণে অর্থায়ন করা এবং আবাসন খাতের ওপর অর্থনীতির নির্ভরতা কমানো।

আরও পড়ুন: গাজায় এতিম শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

চীনে পরিবারের মোট সম্পদের প্রায় ৭০ শতাংশ আবাসন খাতে বিনিয়োগ করা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থ রাখার অন্যতম মাধ্যম ছিল এই খাত। কিন্তু আবাসন খাতের মন্দা ভোক্তাদের চাহিদা কমিয়ে দিয়েছে। দেশটিতে বিভিন্ন সময়ে পণ্যের দাম কমে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক বিনিয়োগ কমছে। গত অক্টোবরে আবাসন খাতে বিনিয়োগ প্রায় ২২ শতাংশ কমে গেছে।

এ পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে চীন কম দামে বিপুল পরিমাণ পণ্য রপ্তানির ওপর নির্ভর করছে। পাশাপাশি শেয়ারবাজারে অর্থের জোগান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সমন্বয়ে গঠিত ‘ন্যাশনাল টিম’ ব্যবহার করছে বেইজিং।

তবে তীব্র প্রতিযোগিতা, করের বোঝা বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, শুল্ক এবং চীনা পণ্যের কম দাম নিয়ে বাণিজ্য অংশীদার দেশগুলোর উদ্বেগের কারণে দেশটির শেয়ারবাজারে চাপ তৈরি হয়েছে বলে মনে করছে ইয়ারডেনি রিসার্চ।

প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয়েছে, এআই খাতে অর্থায়ন অব্যাহত রাখতে হলে শি চিনপিংয়ের জন্য একটি শক্তিশালী শেয়ারবাজার প্রয়োজন। অন্যথায় এআই খাতও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। অথচ ২০১৩ সাল থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রভাব কমিয়ে বেসরকারি খাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে আসছে চীনা সরকার। এ পরিস্থিতিতে বেসরকারি খাত আরো সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: অর্থনীতির একদিকে স্বস্তি, অন্যদিকে বাড়ছে সংকট

চীনের শেয়ারবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থাও কমেছে। ২০২০ সালে প্রযুক্তি খাতের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ আরোপের পর বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এছাড়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা শেয়ারবাজার থেকে বেশি সুবিধা পান—এমন ধারণা বাজারটির প্রতি মানুষের আগ্রহ কমিয়ে দিয়েছে।

এর প্রভাব সাংহাই কম্পোজিট সূচকে দেখা যাচ্ছে। চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ছয় গুণ বেড়েছে, কিন্তু সূচকটি এখনো ২০০৭ সালের অক্টোবরের সর্বোচ্চ অবস্থানে ফিরতে পারেনি।

ইয়ারডেনি রিসার্চের মতে, ২০১৫ সালের শেয়ারবাজার ধসসহ একাধিক বিপর্যয়ের কারণে চীনের অনেক পরিবারের মধ্যে শেয়ারবাজার নিয়ে একধরনের ‘আর্থিক মানসিক আঘাত’ তৈরি হয়েছে। ওই সময় বাজার স্থিতিশীল রাখতে সরকারকে ব্যাপক হস্তক্ষেপ করতে হয়েছিল।

তবে এআই প্রযুক্তিতে চীন এখনো বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। দেশটির শেয়ারবাজারে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের বড় ভূমিকা রয়েছে। কিন্তু তাদের অনেকেই দীর্ঘমেয়াদি সঞ্চয় বৃদ্ধির মাধ্যম হিসেবে নয়, বরং উচ্চ ঝুঁকির জুয়ার ক্ষেত্র হিসেবে শেয়ারবাজারকে দেখেন।

আরও পড়ুন: রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির তাগিদ

ইয়ারডেনি রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে, এআই খাতের বুদ্‌বুদ ফেটে গেলে শুধু বিনিয়োগকারীদের সম্পদ কমবে না, চীনের প্রযুক্তিগত মর্যাদাও ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে আবাসননির্ভর অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে শেয়ারবাজারনির্ভর অর্থনীতি গড়ে তোলার বেইজিংয়ের প্রচেষ্টাও দুর্বল হয়ে পড়বে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন বিশ্বমানের এআই মডেল তৈরি, দক্ষ প্রকৌশলী গড়ে তোলা এবং চিপ খাতে বিপুল অর্থ বিনিয়োগের সক্ষমতা রাখে। কিন্তু দেশটির সাধারণ মানুষ যদি সাংহাইয়ের শেয়ারবাজারকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত জুয়ার আসর হিসেবে দেখে, তাহলে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের আদলে শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার শি চিনপিংয়ের স্বপ্ন অধরাই থেকে যেতে পারে।

পুঁজিবাজারের গুরুত্ব বিবেচনায় চলতি মাসের শুরুর দিকে দেশটির স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে প্রধানমন্ত্রী লি ছিয়াং বছরের বাকি সময়ের জন্য পুঁজিবাজার স্থিতিশীল রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

এর আগে শেয়ারের দাম বাড়াতে কোম্পানিগুলোর নিজস্ব শেয়ার পুনরায় কেনার (বাইব্যাক) ক্ষেত্রে শর্ত শিথিল করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো। একই সঙ্গে নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং বড় অঙ্কের শেয়ার বিক্রিতে নিরুৎসাহিত করা হচ্ছে। নতুন শেয়ার বাজারে আসার ফলে বিদ্যমান শেয়ারের মূল্য কমে যাওয়া ঠেকানোই এর উদ্দেশ্য।

আরও পড়ুন: থাইল্যান্ড মিয়ানমারে বিরল মৃত্তিকা খননের রাসায়নিক রপ্তানি বন্ধ করছে

এদিকে, চীনের এআই খাতের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত বিধিনিষেধ। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগ ও বিতর্কের পর উন্নত মার্কিন চিপ এবং কম্পিউটিং সক্ষমতায় চীনের প্রবেশাধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসন প্রযুক্তি খাতে আরো বিধিনিষেধ আরোপ করেছে।

অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষকেরা মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছেন, চীনে পরোক্ষভাবে চিপ সরবরাহ এবং বিদেশের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ—দুই ক্ষেত্রেই নতুন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এসব বিধিনিষেধ চীনের শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর প্রযুক্তিগত অগ্রগতির গতি কমিয়ে দিতে পারে। একই সঙ্গে দেশটিতে এআই প্রযুক্তির বিস্তারও বাধাগ্রস্ত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানালেন জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানালেন জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার একটি মানবিক এবং উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন, এমনটি জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি উল্লেখ করেন, তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গঠন করতে চান, যা মানবিক ও উন্নয়নমুখী হবে।

জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিপদে-আপদে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে এই বিশিষ্ট চিকিৎসক বলেন, "আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, "আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।"

নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, "মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।"

অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের অন্তর্গত চারটি থানা গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টের দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জনসহ মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়।

ডা. জুবাইদা রহমান ১৬ জনকে চেক ও নিম গাছের চারা নিজ হাতে প্রদান করেন।

আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের চিত্রনায়িকা রিয়েলি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের চিত্রনায়িকা রিয়েলি

বাংলাদেশের চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এ দেশের প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন প্রতিযোগিতায় অংশ নিতে। আজ ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখছেন রিয়েলি।

ফ্লোরিডা থেকে রিয়েলি জানান, আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রসহ মোট ২২টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

জীবনের প্রথম আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে রিয়েলি বলেন, “প্রথমবার আন্তর্জাতিক কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। এই প্রতিযোগিতা আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা।”

প্রতিযোগিতায় অংশ নিতে এসে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন বন্ধুত্বও তৈরি হয়েছে তার। তিনি জানান, প্রতিদিনই নতুন কিছু শিখছেন। বিশেষ করে ক্যাটওয়াক, র‍্যাম্পে হাঁটা, মঞ্চে নিজেকে উপস্থাপন, আত্মবিশ্বাস ধরে রাখা এবং ব্যক্তিত্বের প্রকাশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করছেন।

রিয়েলির ভাষ্য, প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সবাই বেশ আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। পুরো আয়োজনের অভিজ্ঞতাই তিনি উপভোগ করছেন। তার কাছে এই প্রতিযোগিতা কেবল একটি মুকুট জয়ের লড়াই নয়, বরং নিজেকে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও যোগ্য করে গড়ে তোলার সুযোগ।

আন্তর্জাতিক মঞ্চে নিজের অভিনয়জীবনের অভিজ্ঞতাও তুলে ধরছেন এই চিত্রনায়িকা। তিনি ‘মেকআপ’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রিয়েলি জানান, তার অভিনয়জীবনের গল্প শুনে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বেশ আগ্রহ দেখিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন তাঁর অভিনীত চলচ্চিত্রও দেখেছেন এবং কাজের প্রশংসা করেছেন।

এ প্রসঙ্গে রিয়েলি বলেন, “তারা বলেছেন, আমার এই যাত্রা তাদের অনুপ্রাণিত করেছে এবং তারা আমাকে নিয়ে গর্বিত। তাদের এই ভালোবাসা ও সম্মান আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি।”

অভিনয়ই রিয়েলির মূল পেশা। তাই ক্যাটওয়াক ও আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ তার কাছে কিছুটা নতুন অভিজ্ঞতা। সবকিছুতে এখনো নিখুঁত হয়ে উঠতে না পারলেও প্রতিদিন শেখার চেষ্টা করছেন তিনি। নিজেকে আরও দক্ষ করে তুলতে কাজ করছেন। এ ক্ষেত্রে অন্য দেশের প্রতিযোগীরাও তাকে উৎসাহ দিচ্ছেন এবং সহযোগিতা করছেন।

আজ ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবে ‘মিস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালের আসর। গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আগে দেশের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন রিয়েলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজিকের বরকত ও গুনাহ মাফের জন্য ইস্তিগফারের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


রিজিকের বরকত ও গুনাহ মাফের জন্য ইস্তিগফারের গুরুত্ব

মুমিনের জীবনে ইস্তিগফার ও তওবার গুরুত্ব অপরিসীম। আল্লাহর কাছে পাপের ক্ষমা প্রার্থনা করাকে ইস্তিগফার বলা হয়। অন্যদিকে, পাপ থেকে ফিরে এসে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাকে তাওবা বলা হয়। একজন মুমিনের জীবনে এই দুটি আমল শুধুমাত্র পাপ মোচনের মাধ্যম নয়; বরং আত্মার প্রশান্তি, রিজিকের বরকত এবং আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম উপায়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে রয়েছেন।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯৪)

ইস্তিগফার নেককারদের নিয়মিত আমল

অনেকের ধারণা, ইস্তিগফার কেবল পাপী ও অপরাধীদের জন্য। তবে বাস্তবতা হলো, নবী-রাসুল, সাহাবি ও নেককার বান্দারাও নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। কারণ ইস্তিগফার কেবল পাপ মোচনের মাধ্যম নয়; এটি আল্লাহর প্রতি বান্দার মুখাপেক্ষিতা, বিনয় ও আনুগত্যের প্রকাশ। পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.)-এর একটি দোয়া উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ‘হে আমাদের প্রতিপালক! যেদিন হিসাব অনুষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং মুমিনদের ক্ষমা করে দিয়ো।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৪১)

রাসুলুল্লাহ (সা.) নিজেও প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর শপথ! আমি প্রতিদিন সত্তরবারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর কাছে তওবা করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৩০৭)

যিনি নিষ্পাপ হয়েও নিয়মিত ইস্তিগফার করতেন, তাঁর উম্মতের পাপী ও গুনাহগার মানুষের জন্য ইস্তিগফারের প্রয়োজন কত বেশি, তা সহজেই অনুমেয়।

ইস্তিগফার রিজিকে বরকত লাভের অন্যতম মাধ্যম

ইস্তিগফারের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলত হলো, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনে রহমত, বরকত ও কল্যাণের দ্বার খুলে দেন। জীবিকার সংকট, পারিবারিক অশান্তি ও নানা ধরনের বিপদ-আপদে আক্রান্ত মানুষকে কোরআন ইস্তিগফারের প্রতি উৎসাহিত করেছে। হজরত নুহ (আ.) তাঁর জাতিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমি বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টিধারা বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন ও নদী-নালা প্রবাহিত করবেন।’ (সুরা : নুহ, আয়াত : ১০-১২)

এই আয়াতগুলোতে ইস্তিগফারের মাধ্যমে বৃষ্টি, সম্পদ, সন্তান-সন্ততি ও জান্নাতের নিয়ামত লাভের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইস্তিগফার বান্দার জন্য আল্লাহর রহমত ও কল্যাণ লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

ইস্তিগফার বিপদ ও শাস্তি থেকে নিরাপত্তার মাধ্যম

মানুষের পাপ ও অন্যায় অনেক সময় জীবনে বিপর্যয় ডেকে আনে। অন্যদিকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বান্দাকে তাঁর রহমতের ছায়ায় নিয়ে আসে। ইস্তিগফার আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার এবং তাঁর ক্ষমা লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ‘আর আল্লাহ এমন নন যে, আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় তিনি তাদের শাস্তি দেবেন; আর তারা ক্ষমা প্রার্থনা করতে থাকলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না।’ (সুরা : আনফাল, আয়াত : ৩৩)

ইস্তিগফার নেকি বৃদ্ধি এবং পাপ মোচনেরও মাধ্যম

ইস্তিগফার বান্দার আমলনামায় নেকি বৃদ্ধি এবং পাপ মোচনেরও মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির ব্যবস্থা করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না।’ (আবু দাউদ, হাদিস : ১৫১৮)

তাওবার দরজা সব সময় খোলা

মানুষ যত বড় পাপই করুক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। জীবনে যত অন্যায়ই সংঘটিত হোক, আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ রয়েছে। শয়তান মানুষকে পাপের পর হতাশ করে দিতে চায়, যেন সে মনে করে তার আর ক্ষমা পাওয়ার কোনো উপায় নেই। অথচ আল্লাহ তাআলা নিজেই তাঁর বান্দাদের নিরাশ না হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।’ (সুরা : জুমার, আয়াত : ৫৩)

আল্লাহ তাঁর অবাধ্য বান্দাদেরও নিজের বান্দা বলে সম্বোধন করেছেন এবং তাঁর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। তবে এ ক্ষমা লাভের জন্য আন্তরিক তাওবা করতে হবে, পাপ পরিত্যাগ করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ‘আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু পাবে।’ (সুরা : নিসা, আয়াত : ১১০)

আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইস্তিগফার ও আন্তরিক তাওবা করার তাওফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লামেঙ্গো চ্যাম্পিয়ন, ব্রাজিলিয়ান লিগে টানা তৃতীয় শিরোপা জিতলো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


ফ্লামেঙ্গো চ্যাম্পিয়ন, ব্রাজিলিয়ান লিগে টানা তৃতীয় শিরোপা জিতলো

ব্রাজিলের ফুটবলে রিও ডি জেনিরোর ক্লাবগুলোর আধিপত্য যেন অব্যাহত রয়েছে। দেশটির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ব্রাজিলিয়ান লিগের শিরোপা টানা তৃতীয় বছরের জন্য রিও ডি জেনিরোতে ফিরে এসেছে।

২০২৪ সালে বোতাফোগোর পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্লামেঙ্গো। এবার ২০২৬ মৌসুমেও শিরোপা ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যবাহী ক্লাবটি।

কাল রাতে পালমেইরাসের মাঠ নুব্যাংক পার্কে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করে ফ্লামেঙ্গো। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের মধ্যে লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বল দখলের লড়াইয়ে পালমেইরাসের ভিতর রকি (বাঁয়ে) ও ফ্লামেঙ্গোর আলেক্স সান্দ্রো। ছবি: রয়টার্স

১২ মিনিটে জন আরিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল পালমেইরাস। তবে ৭৬ মিনিটে সমতা আনেন ফ্লামেঙ্গোর স্যামুয়েল লিনো। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফ্লামেঙ্গো, যা তাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট ছিল।

এই শিরোপার মাধ্যমে ব্রাজিলিয়ান ফুটবলে নিজেদের শক্তিশালী অবস্থান আরেকবার প্রমাণ করেছে ফ্লামেঙ্গো। বিপুল সমর্থকগোষ্ঠী, সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জন্য পরিচিত ক্লাবটি সাম্প্রতিক বছরগুলোতেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।

অন্যদিকে, ২০২৪ সালে বোতাফোগোর শিরোপা জয় এবং পরবর্তী দুই মৌসুমে ফ্লামেঙ্গোর সাফল্য রিও ডি জেনেইরোর ফুটবল ঐতিহ্যকে নতুন করে সামনে এনেছে। ফলে ব্রাজিলিয়ান লিগের টানা তিন মৌসুমের শিরোপা উৎসব একই শহরে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%