ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন


ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

ঢাকার ধামরাইয়ে ‘পল্লী সেবা পরিবহনের’ একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বাসটির সব আসন সম্পূর্ণরূপে পুড়ে গেছে। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়ার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগে বৃহস্পতিবার রাতে ধামরাই থানা বাসষ্ট্যান্ডের পূর্বপাশে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে মেরামতাধীন আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পল্লী সেবা পরিবহনের মালিক সূতিপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করেছে। তিনি বলেন, "আগুনে বাসের আসনগুলো পুড়ে গেছে। এই বাসটি পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।"

আরও পড়ুন: বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মন্তব্য করেন, বাসের অগ্নিসংযোগের ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী সাবা হায়দার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী সাবা হায়দার

ভারতের উত্তর প্রদেশের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন সাবা হায়দার। ২০০৭ সালে বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। শিকাগোতে শুরুতে জীবন গড়ার পাশাপাশি যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে কাজ করেন। ধীরে ধীরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে স্থানীয় রাজনীতিতে প্রবেশ করেন। একবার নির্বাচনে পরাজিত হলেও তিনি দমে যাননি। অবশেষে ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইলিনয়ের ৮৪তম হাউস ডিস্ট্রিক্ট থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অন্তত ৩০ জন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয় লাভ করেছেন। তাদের মধ্যে সাবা হায়দার অন্যতম। তিনি ইলিনয় অঙ্গরাজ্যের ৮৪তম হাউস ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বড় ব্যবধানে জয় পান।

নির্বাচনে সাবা পেয়েছেন ২০ হাজার ৭৫৬ ভোট, যা মোট ভোটের ৭০ দশমিক ৯ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ব্রায়ান স্কোপা পেয়েছেন ৮ হাজার ৫২০ ভোট।

এই জয়ের মাধ্যমে সাবা ইলিনয় অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে ইতিহাস গড়েছেন। তার আদি বাড়ি ভারতের উত্তর প্রদেশে। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা সৈয়দ আলী হায়দার বলেছেন, ‘এটি শুধু আমাদের পরিবারের জয় নয়, বরং পুরো দেশের জন্য গর্বের মুহূর্ত।’

কিন্তু সাবা হায়দার কে? কীভাবে ভারতের একটি শহর থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতির গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছালেন তিনি? তার জীবনের গল্প জানার জন্য চলুন এগিয়ে যাই।

৪২ বছর বয়সী সাবা হায়দার একজন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক রাজনীতিক। তার পরিবারের শিকড় উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার আওরঙ্গাবাদ শহরে। ভারতে জন্ম ও বেড়ে ওঠা সাবার। তার বাবা সৈয়দ আলী হায়দার একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী। মায়ের নাম চাঁদনি। তাদের পৈতৃক বাড়ি গাজিয়াবাদে। মেয়ের নির্বাচনী জয়ের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন।

গাজিয়াবাদের হলি চাইল্ড স্কুলে সাবা পড়াশোনা করেন। পরে রাম চামেলি চাড্ডা বিশ্বাস গার্লস কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ)। সেখান থেকে বন্যপ্রাণী বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে স্বর্ণপদকও পান।

ছোটবেলা থেকেই সাবার বিভিন্ন সামাজিক ও জনস্বার্থমূলক বিষয়ে আগ্রহ ছিল। তার মা চাঁদনি জানিয়েছেন, স্কুলজীবনে বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতেন সাবা। মানুষের সামনে নিজের মতামত তুলে ধরার আগ্রহ তখন থেকেই তৈরি হয়েছিল তার মধ্যে।

২০০৬ সালে বিয়ে করেন বুলন্দশহরের কম্পিউটারবিজ্ঞান প্রকৌশলী আলী কাজমিকে। তাদের দুই সন্তান রয়েছে—১৬ বছর বয়সি আজিম এবং ১২ বছর বয়সি আইজা।

বিয়ের পর যুক্তরাষ্ট্রে নতুন জীবন

২০০৭ সালে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাবা। শিকাগো এলাকায় বসতি গড়ে তোলেন তারা। নতুন দেশে নতুন পরিবেশে জীবন শুরু করলেও নিজের পড়াশোনা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভিন্ন একটি পেশায় যুক্ত হন সাবা।

তিনি সার্টিফায়েড যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেন। পরে কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও করপোরেট পেশাজীবীদের যোগব্যায়াম শেখাতে শুরু করেন।

বন্যপ্রাণী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও যুক্তরাষ্ট্রে এসে সুস্থ জীবনযাপন ও শরীরচর্চার জগতে নিজের জায়গা তৈরি করেন তিনি। এই কাজের সুবাদে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

যোগব্যায়াম শেখানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও যুক্ত হন সাবা। স্থানীয় মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে কমিউনিটির নানা সমস্যা, মানুষের চাহিদা এবং স্থানীয় উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করতে শুরু করেন।

রাজনীতিতে প্রবেশের ক্ষেত্রে এই সামাজিক যোগাযোগ ও মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিজের রাজনৈতিক প্রচারের সময় কমিউনিটির প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে সাবা বলেছিলেন, ‘সেই সময় থেকেই যে কমিউনিটি আমাকে এবং আমার পরিবারকে ইলিনয়কে নিজেদের ঘর হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে, তাদের জন্য কিছু করার কাজে আমি আমার জীবন উৎসর্গ করেছি।’

সাবার মা চাঁদনিও মেয়ের এই পথচলায় স্বামীর সহযোগিতার কথা উল্লেখ করেছেন। তার ভাষ্য, সাবার স্বামী সব সময় তাকে উৎসাহ দিয়েছেন এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে সহযোগিতা করেছেন।

চাঁদনি বলেন, ‘বছরের পর বছর সুস্থ জীবনযাপন নিয়ে কাজ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সাবা তার কমিউনিটির মানুষের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে।’

প্রথম নির্বাচনে হার, তারপর ঘুরে দাঁড়ানো

সাবার রাজনৈতিক যাত্রা অবশ্য মসৃণ ছিল না। নির্বাচনী রাজনীতিতে তার প্রথম পদক্ষেপ ছিল ২০২২ সালের নভেম্বরে। সে সময় তিনি ডুপেজ কাউন্টি বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু প্রায় এক হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।

তবে প্রথমবারের পরাজয় তাকে থামিয়ে দিতে পারেনি। বরং তিনি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকেন। এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করা, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া এবং তাদের সমস্যা ও চাহিদার কথা শোনার কাজ চালিয়ে যান।

এরপর ২০২৪ সালে আবারও নির্বাচনে অংশ নেন সাবা। এবার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান দলের বর্তমান সদস্য প্যাটি গুস্টিন। তাকে পরাজিত করে ডুপেজ কাউন্টি বোর্ডের সদস্য নির্বাচিত হন সাবা।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই নির্বাচনে তিনি ৮ হাজার ৫২১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ডুপেজ কাউন্টির সরকারি নির্বাচনী ফলাফল অনুযায়ী, সাবা পেয়েছিলেন ৪০ হাজার ৩৩০ ভোট। অন্যদিকে প্যাটি গুস্টিন পেয়েছিলেন ৩১ হাজার ৩৯৫ ভোট।

ইটিভি ভারত তার এই বিজয়কে ভারতীয় কমিউনিটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ডুপেজ কাউন্টি বোর্ডে নির্বাচিত প্রথম ভারতীয় ছিলেন সাবা। গাজিয়াবাদ থেকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার ব্যবস্থায় তার উঠে আসার গল্পও গুরুত্ব পায় ওই প্রতিবেদনে।

স্থানীয় সরকারে দায়িত্ব ও জনকল্যাণমূলক কাজ

ডুপেজ কাউন্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে পরিবেশ ও কৌশলগত পরিকল্পনাসংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন সাবা।

এ ছাড়া জনস্বাস্থ্য, স্থানীয় উন্নয়ন এবং কমিউনিটির জীবনমান উন্নয়নের বিভিন্ন বিষয়েও কাজ করেন তিনি। কাউন্টির ভবিষ্যৎ পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালনে যুক্ত ছিলেন সাবা।

শুধু কাউন্টি বোর্ডেই নয়, ডুপেজ কাউন্টি স্বাস্থ্য বিভাগের জনস্বাস্থ্য বোর্ডেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষাক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করা ইন্ডিয়ান প্রেইরি এডুকেশনাল ফাউন্ডেশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন সাবা। প্রতিষ্ঠানটি স্থানীয় কমিউনিটির শিক্ষার প্রসার ও উন্নয়নে কাজ করে।

এভাবে যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবে শুরু হওয়া তার সামাজিক যোগাযোগ ধীরে ধীরে তাকে স্থানীয় প্রশাসন, জনস্বাস্থ্য, পরিবেশ ও শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে যায়।

কী প্রতিশ্রুতি দিয়ে জিতলেন সাবা?

২০২৬ সালের নির্বাচনে সাবার জয়কে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই জয়ের মধ্য দিয়ে তিনি ইলিনয় অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত প্রথম দক্ষিণ এশীয় নারী হয়েছেন।

তার নির্বাচনী এলাকা ৮৪তম হাউস ডিস্ট্রিক্টের আওতায় রয়েছে উইল, ডুপেজ, কেইন ও কেন্ডাল কাউন্টির কিছু অংশ। এ এলাকার গুরুত্বপূর্ণ শহর ও জনপদের মধ্যে রয়েছে অরোরা, ন্যাপারভিল, অসওয়েগো, মন্টগোমারি এবং বোল্ডার হিল।

নির্বাচনী প্রচারে সাবা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

তার মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও পরিবারের বাড়তি খরচের চাপে কর্মজীবী মানুষ ক্রমেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তাই স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা, সরকারি শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা এবং পরিবারের দৈনন্দিন ব্যয়ের চাপ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সাবা জানান, নির্বাচনের আগে টানা ১৫ মাস ধরে তার প্রচার দল নির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছেছে। তাদের সমস্যা, প্রত্যাশা ও উদ্বেগের কথা শুনেছে। মানুষের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সাজানো হয়েছে।

বিজয় নিশ্চিত হওয়ার পর নিজের প্রচারাভিযানকে তিনি ‘তৃণমূল পর্যায়ের, সাধারণ মানুষের শক্তিতে গড়ে ওঠা আন্দোলন’ হিসেবে বর্ণনা করেন। তার লক্ষ্য ছিল আরও শক্তিশালী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি গড়ে তোলা।

তিনি আরও বলেন, কর্মজীবী পরিবারগুলোর সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরতে চান ইলিনয়ের অঙ্গরাজ্য রাজধানী স্প্রিংফিল্ডে। সেখানে নির্বাচিত অন্য প্রতিনিধিদের সঙ্গে কাজ করে সাধারণ মানুষের সমস্যার সমাধান খুঁজবেন।

নিজের নির্বাচনী প্রচারে সাবা বলেছিলেন, ‘কর্মজীবী পরিবারগুলো কী ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তা আমি নিজের অভিজ্ঞতা থেকেই জানি। আমাদের সবার মুখোমুখি হওয়া সমস্যাগুলোর সমাধান খুঁজতে আমি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করতে চাই।’

তথ্যসূত্র: ফোর্বস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভবন ধসে, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


গাজায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভবন ধসে, আহত ২

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে একাধিক ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। আলজাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

গাজার সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যাঞ্চলীয় নুসেইরাত এলাকায় প্রবল বাতাস ও বৃষ্টির ফলে একটি ভবনের অংশ ধসে পড়ে। এর ফলে উদ্ধারকর্মীরা দ্রুত ওই ভবন থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

এদিকে, উত্তর গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে আরেকটি ভবনের দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটেছে, যেখানে দুজন আহত হয়েছেন বলে ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। এর আগে মধ্য গাজার বিভিন্ন স্থানে বাস্তুচ্যুতদের জন্য তৈরি করা শত শত তাবু বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে পুলিশ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে একজন হলেন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বাবু (৪৮), যিনি খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র। অন্যজন হলেন, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন (৫৫), যিনি খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওই দুই নেতাকে আটক করা হয়েছে। পরে শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবে করবেন

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি, চালকসহ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য।

শনিবার (৭ নভেম্বর) বিআরটিএ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর অথবা অনলাইনে বিএসপির মাধ্যমে আবেদন করতে হবে। বিধিমালার আওতায় ৯০ দিন পর আবেদন করার সুযোগ নেই।

বিআরটিএ জানায়, সহায়তার পরিমাণ মৃত্যু ঘটলে অন্যূন ৫ লাখ টাকা, অঙ্গহানি ঘটলে অন্যূন ৩ লাখ টাকা, গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ টাকা এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হবে। অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%