০৪:১০ পি.এম
মানিকগঞ্জের বেউথা ঘাট এলাকায় উৎসবের আমেজ নৌকাবাইচের এক দিন আগে থেকেই ছড়িয়ে পড়েছে। কালীগঙ্গা নদীর পাড়ে ইতোমধ্যে মানুষের সমাগম শুরু হয়েছে। দর্শনার্থীরা দূর-দূরান্ত থেকে নৌকাবাইচ দেখতে আসছেন। নদীর তীরে নৌকা বাঁধা, প্রস্তুতি এবং মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে বেউথা ঘাট।
শুক্রবার (৩ অক্টোবর) কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী বেউথা নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়া এবং মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার ২২টি নৌকা চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে। আয়োজকরা আশা করছেন, নৌকাবাইচ দেখতে পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম হবে।
কুড়িগ্রামের রৌমারী থেকে তিন দিন নদীপথ পাড়ি দিয়ে বেউথা ঘাটে পৌঁছেছে খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। নৌকার পরিচালক মজিবুর রহমান জানান, ৩০ সেপ্টেম্বর সকালে রৌমারীর বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। তিন দিনে বিভিন্ন নদীপথ পাড়ি দিয়ে নৌকাটি বেউথায় পৌঁছায়।
আরও পড়ুন: কৃষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
ভারতের শাল কাঠ দিয়ে তৈরি ‘মায়ের দোয়া’ নৌকাটি এবারই প্রথম নৌকাবাইচে অংশগ্রহণ করছে। প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে এক বছর ধরে নৌকাটি তৈরি করা হয়েছে। প্রথমবারের প্রতিযোগিতায় ভালো ফলের ব্যাপারে তারা আশাবাদী বলে জানান মজিবুর রহমান।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বাইচে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি এবং পানসি ৩টি নৌকা অংশ নেবে। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও প্রতিযোগিতায় অংশ নেবে।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব মাসুদ পারভেজ জানান, শনিবার সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে প্রতিযোগী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন দেওয়া হবে। দুপুর ১২টায় ঘাসি ও খেল্লা নৌকার বাছাই পর্ব শুরু হবে। ছান্দি ও পানসি নৌকা সরাসরি মূল পর্বে অংশ নেবে।
এবারের বাইচে অংশ নেওয়া প্রতিটি নৌকার জন্য রয়েছে ৮ সিএফটি ফ্রিজ। খেল্লা/গয়ইটা ও ঘাসি/ছিপা বিভাগে প্রথম পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ১১ সিএফটি ফ্রিজ। ছান্দি ও পানসি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে থাকছে দুটি ইলেকট্রিক বাইক। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে যথাক্রমে দুটি ১৬ সিএফটি ও দুটি ১১ সিএফটি ফ্রিজ। প্রতিটি নৌকার জন্য রয়েছে পিতলের কাপ।
আরও পড়ুন: বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী
এ ছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় নৌকা ও ব্যক্তির জন্য টেলিভিশন, প্রেসার কুকার ও রাইস কুকারসহ বিভিন্ন পুরস্কার রাখা হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ. তা. ম. জহীর আলম খান লোদীর সভাপতিত্বে এবং সদস্য-সচিব মাসুদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
আয়োজকদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ ঘিরে কালীগঙ্গার দুই পাড়ে পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম হবে। বাইচের আগেই দর্শনার্থীদের উপস্থিতিতে বেউথা ঘাটে উৎসবের আবহ বিরাজ করছে।
আরও পড়ুন: পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন