০৮:১৩ পি.এম
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগে করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে। এজাহারে বলা হয়েছে, বাড়ি ফেরার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: তাহিরপুরে মাটিয়ান হাওরপাড় মাটিয়ান গ্ৰামে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং দলটির কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ছালাম শেখকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এ ঘটনায় নোমান হোসেন মৃধাসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বৃদ্ধকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যান নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভৈরবে দোকান ও বাড়ি ভাঙচুর-লুটপাটের ঘটনায় বিকাশে ৩০ হাজার টাকা ঘুষ নেন ওসি মাহবুবুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন