ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে সরকার: সংস্কৃতিমন্ত্রী


শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে ভারত সরকারের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরার নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির মতো বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে বিএনপি তা কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল।

এছাড়া পুলিশ বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে গুমানী নদীতে খাঁচায় মাছ চাষে সফল উদ্যোক্তারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ফরিদপুরে গুমানী নদীতে খাঁচায় মাছ চাষে সফল উদ্যোক্তারা

ফরিদপুরের গুমানী নদীতে খাঁচায় মাছ চাষে সফলতা অর্জন করেছেন স্থানীয় উদ্যোক্তারা। এই পদ্ধতিতে কম জায়গায় তুলনামূলকভাবে বেশি মাছ উৎপাদনের সম্ভাবনা থাকায় চাষিরা এ ক্ষেত্রে আগ্রহী। তবে সরকারি ঋণ, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে, সম্ভাবনা থাকা সত্ত্বেও বৃহৎ পরিসরে এ চাষ সম্প্রসারণ সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

‎

সরজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত গুমানী নদীর নারায়ণপুর পয়েন্টের দুই পাশে সারি সারি ভাসমান খাঁচায় মাছ চাষ করা হচ্ছে। বর্তমানে স্থানীয়ভাবে প্রায় ৩০০টি খাঁচায় মাছ চাষ করা হচ্ছে। একই নদীর পার্শ্ববর্তী রতনপুর গ্রামেও রয়েছে আরও ১০টি খাঁচা।

‎

চাষিরা জানাচ্ছেন, ভাসমান খাঁচায় পোনা ছাড়ার পর মাছ বাজারজাত করতে প্রায় ৪-৫ মাস সময় লাগে। বাঁশ, জাল এবং ভাসমান ড্রাম ব্যবহার করে এসব খাঁচা তৈরি করা হয়। ২০/১০ ফুট আয়তনের একটি খাঁচা তৈরিতে আনুমানিক ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। বাজারদর এবং উৎপাদন ব্যয় অনুকূলে থাকলে একটি খাঁচা থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে।

‎

এখানে মূলত মনোসেক্স তেলাপিয়া চাষ করা হচ্ছে। চাষিদের মতে, অন্য প্রজাতির মাছ চাষের চেষ্টা করা হলেও কাঙ্ক্ষিত বৃদ্ধি না হওয়ায় সেগুলো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।

‎

উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং খাঁচায় ভাসমান পদ্ধতিতে মাছ চাষের অন্যতম উদ্যোক্তা মো. কামরুল ইসলাম বলেন, 'পুকুরের তুলনায় এখানে প্রায় ১০০ গুণ বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়। ২০ ফুট বাই ১০ ফুটের একটি খাঁচা থেকে ১০ থেকে ১৫ মণ মাছ উৎপাদন সম্ভব। আমাদের একটি নিরাপত্তা বলয়ের প্রয়োজন। সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ খাতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।'

‎

তবে নদীর পানি দূষণ এবং পানিপ্রবাহ কমে যাওয়াকে বড় ঝুঁকি হিসেবে দেখছেন চাষিরা। তাদের বক্তব্য, নদীতে বাঁধ দেওয়ার কারণে পানির স্বাভাবিক প্রবাহ কমে গেলে খাঁচায় থাকা মাছ মারা যেতে পারে। পাশাপাশি পার্শ্ববর্তী ডেমরা এলাকায় বিভিন্ন উৎসের বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি দূষিত হয়ে মাছ মারা যাওয়ার ঘটনাও ঘটে। এতে খাঁচার মাছের পাশাপাশি নদীর প্রাকৃতিক মাছও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা জানান।

‎

চাষিদের অভিযোগ, ২০১১ সাল থেকে এ পদ্ধতিতে মাছ চাষ করা হলেও মূলত ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এলেই মৎস্য বিভাগের কর্মকর্তারা খোঁজ নেন। নিয়মিত সহযোগিতা পাওয়া যায় না। ফলে ঝুঁকি নিয়ে নিজেদের অর্থে এ কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে তাদের।

‎

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলে তিনি বার্তাটি দেখেছেন, তবে কোনো তথ্য বা বক্তব্য দেননি।

‎

সচেতন মহলের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং মাছ চাষের নিরাপত্তা নিশ্চিত করা গেলে খোলা পানিতে খাঁচায় মাছ চাষ আরও সম্প্রসারিত হতে পারে। এতে নদীভিত্তিক মাছ উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার দল ঘোষণা, অধিনায়ক হিসেবে ফিরলেন কুশল মেন্ডিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


শ্রীলঙ্কার দল ঘোষণা, অধিনায়ক হিসেবে ফিরলেন কুশল মেন্ডিস

শ্রীলঙ্কার জন্য মাঠের পরিস্থিতি ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত সংস্করণের দুটি সিরিজে তারা পরাজিত হয়েছে। একটি ওয়ানডেতে জয় পেলেও, টি-টোয়েন্টিতে তারা পরাজয়ের সম্মুখীন হয়েছে।

এই হতাশা কাটানোর সুযোগ আসছে পাকিস্তান সফরে। দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দ্বিপক্ষীয় সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আজ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাদের স্কোয়াড ঘোষণা করেছে।

কুশল মেন্ডিস দলে ফিরেছেন। তিনি শুধু দলে ফিরে আসেননি, বরং উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি ইংল্যান্ড সিরিজে ছিলেন না। ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ থেকে এসএলসি মোট ৬টি পরিবর্তন করেছে। তবে চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

অন্যদিকে, দেড় বছরের বেশি সময় পর দলে ফিরেছেন চামিন্দু বিক্রমাসিংহে। সর্বশেষ তিনি ২০২৫ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য সাহান আরাচ্চিগে ও সিনেথ জয়াবর্ধনেকে পুরস্কৃত করা হয়েছে। ফিটনেস পরীক্ষার ওপর দুষ্মন্ত চামিরার সিরিজ খেলার সম্ভাবনা নির্ভর করছে। এজন্য তার নামের পাশে স্টারমার্ক বসানো হয়েছে।

এই সিরিজটি আগামী ৯ অক্টোবর শুরু হবে। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৩ অক্টোবর। সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার স্কোয়াড :

কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, কুশল মেন্ডিস (অধিনায়ক), লাহিরু উদারা, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিন্দু বিক্রমাসিংহে, দুনিথ ভেল্লালাগে, মহীশ তিকশানা, বিজয়কান্ত বিশ্বকান্ত, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুশারা, ঈশান মালিঙ্গা, দুষ্মন্ত চামিরা*।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর সোনারচরে দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


পটুয়াখালীর সোনারচরে দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক

পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচরে দস্যুতার অভিযোগে ৯ জন জেলেকে আটক করে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের বড় খাল এলাকায় এই ঘটনা ঘটে।

প্রায় ১৫ দিন আগে মাছ ধরার সময় হামলা, মারধর, জাল, মাছ এবং অন্যান্য মালামাল লুটের অভিযোগে ডাকাত হিসেবে তাদের চিহ্নিত করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে এসে নৌপুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাতের মধ্যেই তাদের রাঙ্গাবালী থানায় স্থানান্তর করা হয়। শুক্রবার (২ অক্টোবর) তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নৌপুলিশের কর্মকর্তারা।

আটক ৯ জন জেলে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহমেদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের রাসেল মাঝির মালিকানাধীন ট্রলারের কর্মী হিসেবে পরিচিত।

দস্যুতার শিকার হয়েছেন দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ রণগোপালদীর আবু তালেব গাজীর মালিকানাধীন ট্রলার। ওই ট্রলারের জেলে আবুল বশার সরদার জানিয়েছেন, প্রায় ১৫ দিন আগে সোনারচরের দক্ষিণে তাদের ট্রলার অবস্থান করছিল। এসময় রূপারচরের দিক থেকে আসা একটি ট্রলার তাদের থামার সংকেত দেয়। পরে সেই ট্রলার এসে তাদের ট্রলারের গতিরোধ করে। এ সময় জাল-হুতা টেনে নেওয়া, মারধর এবং তেল, দুই ককসিট মাছ, প্রায় সাড়ে ৪০০ ফুট জাল, মোটর-লাইট ও মোবাইল ফোন লুটের অভিযোগ করেন তিনি।

আবু তালেব গাজী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারচরের বড় খালের কাছে তাদের বোট বাঁধা ছিল। এ সময় সাগর থেকে একটি বোট এসে তাদের বোট দেখে আবার সাগরের দিকে চলে যায়। পরে সেটি ফিরে এসে মাছ বিক্রি করতে শুরু করলে তারা বোটটি চিনতে পারেন। এরপর ৯ জেলেকে ধরে চরমোন্তাজ ঘাটে এনে পুলিশে সোপর্দ করা হয়।

রাঙ্গাবালী নৌপুলিশের ইনচার্জ আন নূর যায়েদ জানিয়েছেন, ১০-১৫ দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবারের এই ঘটনা ঘটেছে। দুই পক্ষের লোকজনের বক্তব্য শোনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগ চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগ চালু

নওগাঁ, ২ অক্টোবর, ২০২৬ : নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু হতে যাচ্ছে। এই বিভাগ দুটি হল- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইংরেজি বিভাগ।

আজ শুক্রবার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি টিম যাচাই বাছাই করেছে যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইংরেজি বিভাগ চালু করার সক্ষমতা রয়েছে কিনা।

টিমের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ব বিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ) এবং সিনিয়র সহকারী পরিচালক নূর ইসলাম চৌধুরী।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইকবাল আজিজ খান এবং রাঃ বিঃ ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী এবং হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিফ আরশাদ।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন বাসসকে জানিয়েছেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা অনেক ভালো। যদিও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নেই, তবে অফিস কক্ষ, রিডিং রুম এবং শ্রেণিকক্ষগুলো অনেক পরিপাটি এবং সুন্দর। নতুন দুটি বিষয়ে পাঠদানের জন্য উপযোগী অবকাঠামো এবং পারিপার্শ্বিকতা বিদ্যমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেছেন, এই বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার এবং পরিবহন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%